আওয়ামী লীগ ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চলে উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয় আর বিরোধী দল ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চলের উন্নয়ন বন্ধ হয়ে যায়। চারদলীয় জোট অর্থাত্ বিএনপি সারা দেশে হত্যা, সন্ত্রাস, আতঙ্ক, দুর্নীতি ও লুটপাট ছাড়া আর কিছুই দিতে পারেনি।আজ মঙ্গলবার বাগেরহাট খানজাহান আলী কলেজের মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, তারা (চারদলীয় জোট) ক্ষমতায় এসে সন্ত্রাস আর জঙ্গিবাদ সৃষ্টি করেছে। সে জন্য জনগণ তাদের ভোট না দিয়ে প্রত্যাখ্যান করেছে। এখন তারা দেশ ও জাতির বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত। ক্ষমতায় আসতে না পেরে, দুর্নীতি করতে না পেরে তারা অন্তরজ্বালায় ভুগছে।বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘তিনি বলে থাকেন, আমরা যা করছি তার নাকি সবই অবৈধ। তিনি ক্ষমতায় আসলে আমাদের সব কাজ অবৈধ ঘোষণা করবেন, বাতিল করে দেবেন।’ খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘তাহলে আমরা এই যেসব রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, ৩৪টি বিদ্যুেকন্দ্র স্থাপন করলাম, তা কি তিনি ভেঙে ফেলবেন?’প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সরকার দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। কৃষকদের ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তিন দফা সারের দাম কমানো হয়েছে। মানুষের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। শিক্ষার হার ও মান বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে ছেলেমেয়ে সবার জন্য ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা হবে।’মংলা বন্দর প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বন্দরটি অচল হয়ে গিয়েছিল, সচল করা হয়েছে। ৪০ শতাংশ খাদ্যশস্য এই বন্দর দিয়ে আমদানি করা হচ্ছে। জাহাজ আগমন বেড়েছে। বন্দরের ড্রেজিং করতে টাকা দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে। পদ্মা সেতু চালু হলে এই অঞ্চলের মানুষের যোগাযোগ আরও সহজ হবে। বাগেরহাটে বন্ধ হয়ে থাকা বিমানবন্দরের নির্মাণকাজ পুনরায় চালু হবে।সভামঞ্চ থেকে বাগেরহাটের উন্নয়নে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কুড়ি দফা দাবিনামা পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু।বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের এমপি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেকসহ স্থানীয় সাংসদেরা উপস্থিত ছিলেন।