আওয়ামী লীগ ছাড়লেন এস এম আকরাম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এস এম আকরাম পদত্যাগ করেছেন। গতকাল সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।সাবেক সাংসদ এস এম আকরাম বলেন, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কাছে তিনি আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়াতে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ছাড়া দলের প্রাথমিক সদস্যপদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।পদত্যাগের কারণ সম্পর্কে সাবেক এ অতিরিক্ত সচিব বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোন প্রক্রিয়ায়, কীভাবে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একজন প্রার্থীকে সমর্থন দিলেন, তা তাঁর কাছে রহস্যাবৃত। তিনি মনে করেন, জনপ্রিয়তা এবং জয়ের সম্ভাবনার কথা চিন্তা করে তিনি জেনেশুনেই আইভীকে সমর্থন দিয়েছিলেন। তাঁর সিদ্ধান্ত যে ভুল হয়নি, তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এবং তাঁর সমর্থিত প্রার্থীই জয় পেয়েছেন। তাঁর মতে, নারায়ণগঞ্জে সেলিনা হায়াৎ আইভীর ভাবমূর্তি অনেক ভালো। কিন্তু নির্বাচনে সমর্থন করা হলো শামীম ওসমানের মতো একজন লোককে। তাঁকে সমর্থন জানাতে কেন্দ্র থেকে অনেক নেতা এসেছেন। কেউ তাঁর সঙ্গে এ বিষয়ে পরামর্শ করারও চিন্তা করেননি। তিনি এ জন্য অত্যন্ত মর্মাহত।শামীম ওসমানকে সমর্থনের বিরোধিতা করে এস এম আকরাম বলেন, ‘অনিয়মতান্ত্রিক ও শিষ্টাচারবহির্ভূতভাবে দলের যে সিদ্ধান্ত জনসমক্ষে প্রকাশ করা হয়েছে, তার বিরুদ্ধাচরণ করে আমি নৈতিকভাবে দলের সদস্য থাকার অধিকার হারিয়ে ফেলেছি। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’এস এম আকরাম ১৯৯৪ সালে চাকরি ছেড়ে দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। ১৯৯৬ সালে সাংসদ হন। ২০০১ সালের নির্বাচনে দলের চরম বিপর্যয়ের পর সংকটময় মুহূর্তে তাঁকে দলের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। ২০০৮ সালের নির্বাচনে নারায়ণগঞ্জের একটি আসন থেকে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। কিন্তু পরে এ আসনটি মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়। আকরাম বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আশা করেছিলাম, দল আমার ওপর নতুন কোনো দায়িত্ব দেবে। কিন্তু সেটা তো হয়নি, বরং দলের কোনো পর্যায়ে আমার ইচ্ছা প্রকাশের সুযোগও হয়নি। সর্বশেষ আশা ছিল, মেয়র পদে নির্বাচনের সুযোগ দেওয়া হবে। আমি মনোনয়নপত্র দাখিলও করি। কিন্তু পরে দলের সিদ্ধান্তেই আমি প্রত্যাহার করে নিই।’এস এম আকরাম বলেন, আহ্বায়ক কমিটি গঠনের তিন মাসের মধ্যে জেলা সম্মেলন আহ্বান এবং পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের দায়িত্বও তিনি পালন করতে পারেননি। তাই দলের প্রাথমিক সদস্যপদ ও আহ্বায়ক—দুই পদ থেকেই তিনি পদত্যাগ করলেন।