আওয়ামী লীগ ছাড়া সব দলের সমর্থন চায় বিএনপি: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, চলমান সরকারবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ ছাড়া সব দলের সমর্থন চায় বিএনপি। আজ শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের আরও কয়েকজন নেতার বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।মওদুদ আহমদ দাবি করেন, তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলায় বিগত তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান আওয়ামী লীগ সরকার সুস্পষ্টভাবে কোনো অভিযোগ আনতে পারেনি। কেবল রাজনৈতিক কারণে তাঁকে হেনস্তা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রও উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করতে ও জিয়া পরিবারকে হেয় করতে সুপরিকল্পিতভাবে সরকার এটা করছে।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য দলীয় নেতা-কর্মীদের চলমান আন্দোলন সফল করতে রাজপথে থাকার আহ্বান জানান। মওদুদ আহমদ বলেন, অতীতের কোনো আন্দোলনে এ দেশের জনগণ ব্যর্থ হয়নি। এবারও তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্ব ভোটের ও ভাতের অধিকার রক্ষার আন্দোলনে ব্যর্থ হবে না। এই সরকারের পতন ঘটাতে আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা মানে দেশের সব মানুষের বিরুদ্ধে পরোয়ানা জারি। কেননা, তারেক রহমান এখন আর কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। তিনি এখন জাতীয়তাবাদী শক্তির একজন ধারক ও বাহক।মির্জা ফখরুল বলেন, এই পরোয়ানা জারিতে প্রমাণিত হয়েছে, সরকার এখন আর জনগণের ওপর আস্থা রাখতে পারছে না। তারা তারেক রহমানকে ভয় পাচ্ছে। তিনি অভিযোগ করেন, তারেককে নির্বাচন থেকে দূরে রাখতে এ মামলায় সাড়া দেওয়ার ষড়যন্ত্র করছে সরকার।প্রসঙ্গত গত বৃহস্পতিবার ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার আসামি তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ ছাড়া বিএনপির আরও দুই নেতা হারিছ চৌধুরী ও সাংসদ শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধেও একই আদেশ নেওয়া হয়।বিএনপির সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর কমিটি। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। সমাবেশে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, মিজানুর রহমান মিনু ও মাহবুবউদ্দিন খোকন প্রমুখ।আজও বিএনপি সড়ক বন্ধ করে সমাবেশ করে। ফলে ওই পথে চলাচলরত ব্যক্তিদের চরম ভোগান্তিতে পড়তে হয়।