আওয়ামী লীগ জিয়া পরিবারকে ভয় পায়: নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জিয়াউর রহমান ও তাঁর পরিবারকে আওয়ামী লীগ ভয় পায়। এ কারণে জিয়াউর রহমান সম্পর্কে তারা অপপ্রচার চালাচ্ছে, তারেক রহমান সম্পর্কে মিথ্যাচার করছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।আজ সোমবার বগুড়ায় অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এ কথা বলেন। গ্যাস ও বিদ্যুত্সমস্যার প্রতিবাদে দেশব্যাপী বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, বিএনপির আমলে দেশে বিদ্যুতের এত সমস্যা ছিল না। এই সরকারের আমলে বিদ্যুতের অভাবে মানুষের নাভিশ্বাস অবস্থা। সরকার গ্যাস তুলতে পারছে না বলে নতুন গ্যাসসংযোগ দেওয়া বন্ধ করেছে।নজরুল ইসলাম আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য শিল্পকারখানা শুধু গ্যাস-সংযোগের অভাবে চালু করা যাচ্ছে না। মিথ্যাবাদী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে দেশবাসী আজ অতিষ্ঠ হয়ে উঠেছে।সমাবেশে বক্তব্য দেন বিএনপির সাংসদ আইনজীবী হাফিজার রহমান, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাংসদ প্রকৌশলী মোস্তফা আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।সমাবেশ শেষে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।