আওয়ামী লীগ নেতা আতাউর রহমান কায়সার আর নেই
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সার (৭৫) আজ শনিবার বেলা দুইটা ৫৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গত ২৮ আগস্ট কক্সবাজারের পানিরছড়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। এ ছাড়া তিনি হূদরোগেও ভুগছিলেন। মৃত্যুকালে আতাউর রহমান খান কায়সার তিন মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম জানাজা আগামীকাল রোববার বেলা ১১টায় গ্রামের বাড়ি আনোয়ারার বারখাইন গ্রামের এরশাদ আলী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল পাঁচটায় নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে চন্দনপুরায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করার কথা রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক শুভাশীষ তালুকদার জানান, গত ২৮ আগস্ট দুর্ঘটনায় তিনি মাথা, মুখ ও কোমরে আঘাত পেয়েছিলেন। দুর্ঘটনার পর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিত্সার জন্য ২৯ আগস্ট ঢাকার অ্যাপোলোতে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিত্সার জন্য সেখান থেকে তাঁকে সিঙ্গাপুর পাঠানো হয়। বিদেশ থেকে আসার পর আবার তাঁকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত ৩ অক্টোবর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। আতাউর রহমান কায়সার ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাস করেন। প্রয়াত আওয়ামী লীগ নেতা এম এ আজিজের হাত ধরে তিনি রাজনীতিতে আসেন। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রদূত ছিলেন। আতাউর রহমান কায়সারের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা হাসপাতাল ও তাঁর চন্দনপুরার বাড়িতে ভিড় করেন। এ ছাড়া তাঁর মৃত্যুতে নগর আওয়ামী লীগ, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।প্রধানমন্ত্রীর শোক: আতাউর রহমান কায়সারের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে তিনি (কায়সার) মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। তাঁর মৃত্যু গোটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। জাতি আজীবন তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।প্রধানমন্ত্রী কায়সারের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।— বাসস।