আওয়ামী লীগ নেতাদের আত্মীয়রা জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নেতাদের আত্মীয়রা দেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে। অথচ দলটি এখন বিএনপিকে জঙ্গি মদদদাতা বলছে। তাদের এ অভিযোগ হাস্যকর। আজ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের এক নেতা খালেদা জিয়াকে জঙ্গিমাতা বলায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জঙ্গিনেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমানকে (বাংলা ভাই) বিএনপি ক্ষমতায় থাকার সময় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিচারও করা হয়েছে। ক্ষমতায় থাকতে খালেদা জিয়া ও তাঁর দুই ছেলে দুর্নীতির মাধ্যমে অর্থের পাহাড় গড়েছেন—প্যারিসে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর চির চেনা স্বভাবসুলভ ও নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুযায়ী এ কথা বলেছেন। আসলে তিনি এভাবে ছাড়া কথা বলতে পারবে না। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে তিনি কীভাবে এমন মিথ্যাচার করতে পারেন। প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার-বহির্ভূত ও উদ্দেশ্যপ্রণোদিত।’প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দুর্নীতির দায়ে আপনার নামে ১৮টি মামলা হয়েছিল। সেগুলো তুলে নিয়েছেন। কিন্তু খালেদা জিয়ার নামে মাত্র চারটি মামলা হয়েছে। যেগুলো এখনো প্রমাণিত হয়নি। তাহলে বেশি দুর্নীতিবাজ কে, সেটা দেশের মানুষ বুঝতে পারছে।’ তিনি ঢাকা মহানগর বিএনপির নেতার খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের আহ্বান জানান। সভায় দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ আজ এক আলোচনা সভায় সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে তিনটি প্রস্তাব তুলে ধরেন। এগুলো হলো—তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান ব্যবস্থা বহাল রাখা, সবার সম্মতিতে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া ও ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি বাতিল করা।রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শামা ওবায়েদ এতে সভাপতিত্ব করেন।