জমি দখলের অভিযোগ করায় এবং মামলা দায়েরের প্রতিবাদে নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মঞ্জুরুল করিম ওরফে মুন ১ আগস্ট রাতে লোহাগড়া প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। এ সময় আওয়ামী লীগের নেতা আবদুল হাই ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সদরুদ্দিন শামীম উপস্থিত ছিলেন। মঞ্জুরুল করিম তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৩ সালে প্রতিবেশী সরদার নাহিদ নেওয়াজ ওরফে সবুজ প্রভাব বিস্তার করে সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে আমাদের ২৭ শতাংশ জমি দখল করে নেন। ওই জমিতে থাকা প্রায় দুই লাখ টাকার গাছ কেটে নেন। এ সময় ওই সন্ত্রাসীরা আমাকে আমার বাড়িতে তিন ঘণ্টা তালাবদ্ধ করে রাখে এবং আমার ও পরিবারের সদস্যদের জীবননাশের চেষ্টা চালায়।’ তিনি জানান, গত ২৮ মে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম এ হান্নানের সভাপতিত্বে লোহাগড়ার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিস হয়। তিনি এ সালিসের সিদ্ধান্ত অমান্য করায় আমি ২০০৩ সালে বেদখল হওয়া জমির ১৯ শতাংশ গত ১৬ জুলাই দখলে নিয়েছি। তবে জমি দখলের অভিযোগ করে সরদার নাহিদ নেওয়াজ আমাকেসহ সাতজনের নামে নড়াইল আদালতে একটি মিথ্যা মামলা করেছেন।’ ‘আওয়ামী লীগের নেতা মুন প্রায় ৩০০ যুবক সঙ্গে নিয়ে ৩৪ শতাংশ জমি জোর করে ও দলীয় প্রভাব খাটিয়ে দখল করেছেন’—এ অভিযোগ করে সরদার নাহিদ নেওয়াজ ১৭ জুলাই লোহাগড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন।