আওয়ামী লীগ বদলালেই দেশ বদলে যাবে: সৈয়দ আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘দেশকে বদলাতে হবে, তবে তার আগে আওয়ামী লীগকে বদলাতে হবে। আওয়ামী লীগ বদলালেই দেশ বদলে যাবে।’আজ শনিবার সিলেট বিভাগ থেকে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান শুরুর অনুষ্ঠানে সৈয়দ আশরাফ এ কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী জাতীয় কাউন্সিলে দুই কোটি নেতা-কর্মী তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করবেন। সেই প্রক্রিয়া শুরু করতে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ অভিযান আগামী জাতীয় নির্বাচনের প্রচারাভিযান হিসেবে নেওয়া হয়েছে। তিনি বলেন, তৃণমূলের কর্মীদের ভোটে ইউনিয়ন, উপজেলা, জেলা ও মহানগরের নেতৃত্ব নির্বাচিত হবে। আওয়ামী লীগ তৃণমূলের সংগঠন। তৃণমূলে ফিরে যেতে চায়। নেতৃত্ব নির্বাচনে আওয়ামী লীগ রাজনীতিতে আমূল পরিবর্তন করতে চায়।ছাত্ররাজনীতি প্রসঙ্গে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান পায়ে হেঁটে, বাড়িতে বাড়িতে গিয়ে করতে হবে। ছাত্রলীগের নেতা-কর্মীদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়েও এ অভিযানে নামতে হবে। এর মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে আওয়ামী লীগের সদস্য করতে হবে। তবে ছাত্ররাজনীতির নামে গুণ্ডাবাজি আর টেন্ডারের নামে চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। এগুলো চিরতরে বন্ধ করে দেওয়া হবে। রাজনীতি হতে হবে জনগণের কল্যাণের জন্য।নগরের রিকাবিবাজার এলাকায় সিলেট মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালন করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন। দুপুর পৌনে ১২টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে সিলেট বিভাগে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করা হয়। তিনি নিজের সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিক সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন ঘোষণা করেন।অনুষ্ঠনে স্বাগত বক্তৃতা দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক বক্তব্য দেন। সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সাংসদ শফিকুর রহমান চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।