আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বাঁচাতে চাচ্ছে: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বাঁচাতে চাচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার তারা আদৌ করবে কি না, তা নিয়ে আওয়ামী লীগের মধ্যে যথেষ্ট সংশয়-সন্দেহ দেখা দিয়েছে। দলের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ক্ষোভেরও সৃষ্টি হয়েছে। আজ সোমবার জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নবগঠিত কমিটির নেতাদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। যুদ্ধাপরাধীদের বাঁচাতে মহিউদ্দিন খানের ডাকা হরতালে বিএনপি সমর্থন দিয়েছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মন্তব্যের জবাবে তিনি একথা বলেন। কবর জিয়ারতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, জাসাসের নবগঠিত কমিটির সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ উপস্থিত ছিলেন।রিজভীর নতুন তথ্য: বিএনপি যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী আহমেদ আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিং করেছেন। বিফ্রিংয়ে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফেরার পর তাঁকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, সোনার মুকুট ও শত শত ভরি সোনা ফেরত দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু একজন সাধারণ পরিবারের সন্তান। তিনি প্রশ্ন রেখে বলেন, একজন নিম্ন আয়ের পরিবারের এত পরিমাণ হিরা-জহরত কোথা থেকে এল। তবে এ ব্যাপারে কোনো তথ্যপ্রমাণ সংবাদ ব্রিফিংয়ে পেশ করতে পারেননি। ওই সময়ের কোনো ট্যাক্স (কর) ফাইল আছে কি না জানতে চাওয়া হলে রিজভী আহমেদ তা এড়িয়ে যান।