আওয়ামী লীগ রাজনীতি নষ্ট করেছে: খালেদা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ ব্যবসায়ীদের মনোনয়ন দিয়ে রাজনীতিকে নষ্ট করেছে। ব্যবসায়ীরা অনেক টাকা খরচ করে সাংসদ-মন্ত্রী হন। তারপর সেই টাকার দ্বিগুণ আয় করেন। এভাবে রাজনীতি চলতে পারে না।খালেদা জিয়া সরকারের দুর্নীতির সমালোচনা করে বলেন, বাংলাদেশের ইতিহাসে বিশ্ব ব্যাংক এই প্রথম কোনো প্রকল্পের টাকা বন্ধ করেছে। এটা আওয়ামী লীগের জন্য স্বাভাবিক হলেও বাংলাদেশের জন্য অসম্মানের। এখন পদ্মা সেতু হবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। আজ রোববার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির রাজনৈতিক নেতাদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান। খালেদা জিয়া বলেন, আমাদের ইতিহাস জানতে হবে। নতুন প্রজন্মকে আওয়ামী লীগ মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্ত করে। মিডিয়া তাদের পক্ষে কাজ করে। বুক-লেট আকারে নতুন প্রজন্মের কাছে সঠিক তথ্য দিলে আওয়ামী লীগ ও আমাদের মধ্যে পার্থক্য বুঝতে পারবে।বিএনপিই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে খালেদা জিয়া বলেন, জিয়াউর রহমান শুধু ঘোষণা দিয়ে থাকেননি তিনি যুদ্ধ করেছেন। আসল চিত্র তারা জানে যারা জিয়াউর রহমানের সঙ্গে যুদ্ধ করেছেন। আওয়ামী লীগের লোকেরা ওপারে গিয়ে থেকেছেন। আমাদের যারা সরাসরি যুদ্ধ করেছেন তারাই মুক্তিযুদ্ধ সম্পর্কে বেশি বলতে পারবে। এখন মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস তুলে ধরা হচ্ছে। একদিন এর সত্য বেরিয়ে আসবে।খালেদা জিয়া বলেন, মইন উদ্দিন-ফখরুদ্দিনের সময় থেকেই দেশের অর্থনীতি অনেক খারাপ হতে শুরু করেছে। আমাদের সময় অর্থনীতির অবস্থা ভালো ছিল। সেই ধারা অব্যাহত না রেখে তারা লুটপাটে ব্যস্ত হয়ে পরে। ফলে সকল প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে। ব্যবসায়ীদের ধরে জেলে ঢুকিয়ে তাদের কাছ থেকে টাকায় নিয়েছে। ফলে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দেয়। তখন দেশের অবস্থা খারাপ হয়ে যায়। সেদিন ব্যর্থ না হলে তারা এত সহজে ক্ষমতা ছাড়তো না। খালেদা জিয়া বলেন, বিএনপিকে এখন অনেক বেশি সজাগ সচেতন হয়ে সামনের দিকে এগোতে হবে। সংগ্রাম না করলে চলবে না। দেশের জন্য মানুষের জন্য সংগ্রাম করতে হবে। জ্ঞান নির্ভর রাজনীতি চালু রাখতে প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দীন আহমদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা ও ড. মাহবুব উল্লাহ।