গতানুগতিক ধারায় নিবন্ধিত রাজনৈতিক দলগুলো তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। প্রথম সারির দলগুলোর মধ্যে আওয়ামী লীগ লাভজনক অবস্থায় আছে। বিএনপি প্রতিবারের মতো এবারও লোকসানি সংগঠন। জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিও নিজেকে লোকসানি সংগঠন হিসেবে দেখিয়েছে।রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে কি না, জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ গতকাল কোনো মন্তব্য করেননি। তবে কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক বলেন, হিসাব প্রকাশ বা পরীক্ষা-নিরীক্ষা করা হবে কি না বা যেসব দল হিসাব জমা দেয়নি, তাদের জন্য সময় বাড়ানোর বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।নির্বাচন কমিশন এর আগে ২০০৯, ২০১০ ও ২০১১ বছরের হিসাব প্রকাশ করেনি বা নিরীক্ষাও করেনি। কমিশন সচিবালয় সূত্র জানায়, প্রতিবারের মতো এবারও হিসাব প্রকাশ বা নিরীক্ষা করা হবে না। কাগজের স্তূপ বেড়ে গেলে একসময় এসব হিসাব গুদামে নিক্ষেপ করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯০-এইচ ধারায় বলা আছে, কোনো দল পর পর তিন বছর তথ্য দিতে ব্যর্থ হলে যথাযথ শুনানির সুযোগ দিয়ে কমিশন সেই দলের নিবন্ধন বাতিল করতে পারবে। রাজনৈতিক দলের নিবন্ধন বিধিতে বলা আছে, কমিশন যখন যে তথ্য চাইবে, দলগুলোকে তা কমিশনে জমা দিতে হবে। প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে প্রতিটি নিবন্ধিত দলকে আগের পঞ্জিকা বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হবে।এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, স্বচ্ছতার জন্য রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করতে হবে। হিসাব যদি প্রকাশ বা নিরীক্ষা না করা হয়, তবে এই হিসাব জমা নেওয়া অর্থহীন। অযথা হিসাব জমা নিয়ে আলমারি বা টেবিলকে কাগজের স্তূপ বানিয়ে কী লাভ!কমিশন সচিবালয় সূত্র জানায়, গতকাল শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ ২৭টি দল হিসাব জমা দিয়েছে। ১০টি দল হিসাব জমা দেওয়ার জন্য সময় চেয়েছে। দুটি দল কোনো সাড়া দেয়নি।আওয়ামী লীগ: পাঁচ কোটি টাকায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ৪ শতাংশ জায়গা কিনেও গত এক বছরে এক কোটি টাকা আয় করেছে সরকারি দল আওয়ামী লীগ। দলের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।২০১২ সালে আওয়ামী লীগের আর্থিক লেনদেনের হিসাব বিবরণীতে এ চিত্র পাওয়া গেছে। হিসাব অনুযায়ী, গত বছর আওয়ামী লীগের আয় দেখানো হয়েছে ১০ কোটি ছয় লাখ ৯০ হাজার এবং ব্যয় হয়েছে নয় কোটি ১৯ লাখ টাকা।গতকাল বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে দলের পক্ষ থেকে ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরের আয়-ব্যয়ের হিসাব দাখিল করা হয়। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এ বি এম রিয়াজুল কবীর কাওছার এবং খ ম হাসান কবীর হিসাব বিবরণী জমা দেন।যেসব খাতে আয়: খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগের আয়ের উৎস হিসেবে প্রাথমিক সদস্য সংগ্রহ ফি, কার্যনির্বাহী সংসদ, জাতীয় কমিটি, উপদেষ্টা পরিষদ, সংসদ সদস্য, কুপন বিক্রি, কাউন্সিলর ফি, জেলার মঞ্জুরি ফি, দলের পত্রিকা, সাময়িকী, প্রচার-পুস্তিকা ও পুরাতন কাগজ বিক্রি, জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, মহানগরসহ নেতা-কর্মীদের অনুদান, ব্যাংকে গচ্ছিত বিভিন্ন মেয়াদি আমানত ও সঞ্চয়পত্রের লাভসহ দলের বিভিন্ন শাখা থেকে পাওয়া অর্থ আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে।হিসাব বিবরণীতে দেখা যায়, দলীয় সাংসদদের কাছ থেকে চাঁদা বাবদ ২৭ লাখ ৮৯ হাজার টাকা; মহিলা সাংসদদের কাছ থেকে চার লাখ ৬৮ হাজার; কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি থেকে ১০ লাখ ৩২ হাজার ৩০০; জাতীয় কমিটি থেকে এক লাখ ৩৬ হাজার ৮০০; উপদেষ্টা পরিষদের কাছ থেকে পাঁচ লাখ ২৯ হাজার ৫০০; জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, মহানগর নেতা-কর্মীসহ দলীয় নির্বাচিত প্রতিনিধিদের অনুদান থেকে চার কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৫৬৪; দলীয় প্রকাশনার বিজ্ঞাপন থেকে এক কোটি ১৫ লাখ ৫০ হাজার ৩০৪ এবং কাউন্সিলর ফি থেকে ২০ লাখ ৯৩ হাজার ২০০ টাকা সংগ্রহ করা হয়েছে।যেসব খাতে ব্যয়: বঙ্গবন্ধু অ্যাভিনিউ এবং ধানমন্ডির কার্যালয়ের কর্মচারীদের বেতন ও বোনাস, আবাসন ও প্রশাসনিক খরচ, বিদ্যুৎ, ওয়াসা, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি ও হোল্ডিং বাবদ, ত্রাণ কার্যক্রম, টেলিফোন, কুরিয়ার সার্ভিস, পত্রিকা বিল বাবদ, আপ্যায়ন বাবদ, পোস্টার লিফলেট, হ্যান্ডবিল, স্টিকার, ব্যানার, মাইকিং, পোর্ট্রেট, প্রচার-প্রকাশনা, পরিবহন, যাতায়াত বাবদ, জনসভা, পথসভা, ঘরোয়া বৈঠক, নির্বাচনী ব্যয়, ত্রাণ, জনসেবা, আর্তমানবতার সেবা, বিভিন্ন অনুষ্ঠান, অফিস উন্নয়ন, কেন্দ্রীয় কার্যালয়ের জমি চিরস্থায়ী বন্দোবস্ত, বাড়ি ভাড়া, বিভাগীয় ও জেলা জনসভা, সহযোগী সংগঠনের অনুষ্ঠান, সাংগঠনিক খরচ, বিজ্ঞাপন, ব্যাংক চার্জসহ বিবিধ ব্যয়ের খাত হিসেবে দেখানো হয়েছে।হিসাব বিবরণীতে দেখা যায়, বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলীয় কেন্দ্রীয় কার্যালয়-সংলগ্ন ৪ শতাংশ জমি চিরস্থায়ী বন্দোবস্ত বাবদ পাঁচ কোটি টাকা ব্যয় হয়েছে। এ ছাড়া কর্মচারীদের বেতন, বোনাস, অফিস আপ্যায়ন ৪১ লাখ ৫৭ হাজার ৭৮১; দলের বিভিন্ন অনুষ্ঠানে খরচ এক কোটি ২০ লাখ ৫৮ হাজার ৪৪০; সদস্য ফরম, ঘোষণাপত্র, গঠনতন্ত্র ছাপানো আট লাখ ৬৩ হাজার ৭০০; ধানমন্ডির কার্যালয় ভাড়া ১২ লাখ; জনসভা খরচ ১৫ লাখ ৫৪ হাজার ১১৪; অফিস রক্ষণাবেক্ষণ নয় লাখ ১২ হাজার ৩১৪; ত্রাণ কার্যক্রম ২১ লাখ ৩০ হাজার ১৫১; দলীয় পত্রিকা উত্তরণ প্রকাশনা ৭৯ লাখ ১০ হাজার; কেন্দ্রীয় কাউন্সিলে খরচ ২১ লাখ ৪১ হাজার ২৪০; জেলায় জনসভা ২১ লাখ ৫১ হাজার ৪১২; সহযোগী সংগঠন বাবদ খরচ ২৫ লাখ ৭৯ হাজার ৫১ এবং বিজ্ঞাপন খরচ ১৫ লাখ ৫০ হাজার টাকা।এ ছাড়া মার্কেন্টাইল ব্যাংক, ইউসিবিএল ও সিটি ব্যাংকে আওয়ামী লীগের নামে আট কোটি টাকার এফডিআর আছে। গত বছরের এক কোটি টাকাসহ দলীয় তহবিলে মোট নয় কোটি টাকা জমা আছে।বিএনপির আয় প্রতিবছরই কমছে: আর্থিক সংকটে পড়েছে বিএনপি। অন্তত দলটির কয়েক বছরের আয়-ব্যয়ের হিসাব তা-ই বলছে। বিরোধী দলে থাকা অবস্থায় গত চার বছরে দলটির আয় ক্রমাগত কমেছে। সর্বশেষ ২০১২ সালে দলটির বাজেট ঘাটতি দাঁড়িয়েছে প্রায় অর্ধকোটি টাকা।নির্বাচন কমিশনে ২০১৩ সালের বিএনপির আয়-ব্যয়ের হিসাব থেকে দেখা যায়, এ বছর বিএনপির মোট আয় এক কোটি ৭৯ লাখ ১২ হাজার ২৩১ টাকা। আর ব্যয় দুই কোটি ২৬ লাখ ৯৩ হাজার ১৪৩ টাকা। ঘাটতি ৪৭ লাখ ৮০ হাজার ৯১২ টাকা।বিএনপির দপ্তর থেকে জানা গেছে, ২০০৯ সালে বিএনপি প্রথমবারের মতো নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। এরপর ওই একই বছর বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আয়কর রিটার্ন দাখিল করে দলটি। সে বছর বিএনপির দেওয়া হিসাব থেকে দেখা যায়, ব্যয়ের তুলনায় আয় ছিল বেশি। উদ্বৃত্ত ছিল প্রায় দেড় কোটি টাকা। ওই বছর বিএনপি আয় করে চার কোটি ৬৪ লাখ টাকা। ব্যয় করে তিন কোটি ১০ লাখ টাকার বেশি। বাকি টাকা ব্যাংকে গচ্ছিত আছে বলে হিসাবে দেখানো হয়। ২০১০ ও ২০১১ সালেও বিএনপির আয়ের তুলনায় ব্যয় কম ছিল। তবে আয় ধারাবাহিকভাবে কমেছে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ২০০৯ সালে বিএনপি দেশব্যাপী বৃহৎ পরিসরে সদস্য সংগ্রহ অভিযান শুরু করে। ওই সময় প্রায় ৩০ লাখের মতো ফরম বিক্রি হয়, যার দামই ছিল দেড় কোটি টাকা। তা ছাড়া ২০০৭ সালে ক্ষমতা ছাড়ার পরই দলের তহবিলে ভালো অঙ্কের টাকা ছিল। সেগুলো ধীরে ধীরে খরচ হচ্ছে। কিন্তু আয়ের জায়গা বাড়ছে না। ফলে প্রতিবছরই আয় কমছে। বিএনপির আয়ের প্রধান উৎস হলো বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান। এরপর আছে সদস্যদের চাঁদা। এ ছাড়া নিজেদের প্রকাশিত বই ও গঠনতন্ত্র বিক্রি থেকে আয় হয়। তবে জমা দেওয়া হিসাবে সদস্যদের বার্ষিক চাঁদা দলীয় গঠনতন্ত্র অনুযায়ী দেখানো হয়েছে। আর অনুদান সর্বোচ্চ ২৫ হাজার টাকার বেশি দেখানো হয়নি। অর্থাৎ দলটি তার কোনো শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে ২৫ হাজার টাকার বেশি অনুদান পায়নি।এর কারণ জানতে চাইলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশন আইনে ২৫ হাজার টাকার বেশি অনুদান নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। তা ছাড়া অনুদানদাতাদের নাম প্রকাশ করার নিয়ম রয়েছে।বিএনপির দেওয়া হিসাব থেকে দেখা যায়, এবার ব্যয়ের অন্যতম হলো দলের মিলাদ মাহফিল, ইফতার ও আপ্যায়ন খাতে। এসব মিলাদ মাহফিল হয়েছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্ম ও মৃত্যুবার্ষিকীর সময়, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন, কারাবন্দী দিবস প্রভৃতি ক্ষেত্রে। দলীয় চেয়ারপারসনের জন্মদিন ও বিভিন্ন নেতার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলের ব্যয়ও এই খাতে দেখানো হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের আপ্যায়ন খরচও দেখানো হয়েছে।ব্যয়ের ক্ষেত্রে গুলশান ও নয়াপল্টনে বিএনপির দুটি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা রয়েছে।কয়েক বছর ধরে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে। ২০১২ সালে বিএনপি দেশব্যাপী পাঁচটি রোডমার্চ, ঢাকায় একটি মহাসমাবেশ করে। এ ছাড়া দলীয় কার্যালয়ের সামনে ছোট-বড় সমাবেশ ও শাপলা চত্বরের সমাবেশের কথা আয়-ব্যয়ের হিসাবে উল্লেখ আছে। আন্দোলন খাতে দলটি এক কোটি ৬৮ লাখ টাকা ব্যয় করেছে। আর বিভিন্ন আন্দোলনে হতাহতদের পরিবারকে দেওয়া আর্থিক সহায়তার খরচ বাবদ ২৮ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।বিএনপির একজন যুগ্ম মহাসচিব প্রথম আলোকে বলেন, সদস্যরা ঠিকমতো চাঁদা দিতে চান না। নিয়মিত চাঁদা দিতে চেয়ারপারসন কয়েকবার নির্দেশ দিয়েছেন। দল থেকেও চিঠি দেওয়া হয়েছে। কিন্তু আশানুরূপ সাড়া মেলে না।জাতীয় পার্টি: প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরী জাতীয় পার্টির হিসাব জমা দেন। তিনি জানান, তাঁদের দলের আয় চার কোটি ৮১ লাখ এবং ব্যয় চার কোটি ৯১ লাখ টাকা। তাঁর মতে, স্বচ্ছতার জন্য রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা উচিত।কমিশন সচিবালয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর আয় ছয় কোটি চার লাখ ২১ হাজার ৬২০ এবং ব্যয় সাত কোটি ৩৪ লাখ ৪৩ হাজার ৫৯৫ টাকা দেখানো হয়েছে। এই দলের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব জানা যায়নি।সময় চেয়েছে ১০ দল: হিসাব জমা দেওয়ার জন্য আগস্ট পর্যন্ত সময় চেয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, জাতীয় পার্টি (জেপি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ। সাম্যবাদী দল (এমএল), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে।গণফ্রন্ট ও বাংলাদেশ খেলাফত আন্দোলন কোনো হিসাব জমা দেয়নি। এ দুটি দল সময় চেয়ে কোনো আবেদনও করেনি।