আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পরাজয়ের যত কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর আগে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী এম এ মান্নান গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী রহমত আলীর কাছে এক লাখ ২৯ হাজার ২৯ ভোটে হেরেছিলেন। সেই তিনিই মেয়র নির্বাচনে এক লাখেরও বেশি ভোটে হারিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানকে। গাজীপুরের স্থানীয় বাসিন্দাদের মতো বিশিষ্টজনেরা মনে করছেন, জাতীয় ইস্যুগুলো এ নির্বাচনে প্রভাব বিস্তার করেছে। প্রার্থী বা এলাকার উন্নয়নের কথা আমলে নেননি ভোটাররা।গাজীপুরের স্থানীয় বাসিন্দারা মনে করেন, কয়েক সপ্তাহ আগে অনুষ্ঠিত খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের ফলাফলের প্রভাব পড়েছে এই নির্বাচনে। এর বাইরে নির্বাচন থেকে আওয়ামী লীগের অপর প্রার্থী জাহাঙ্গীর আলমের সরে যাওয়া, সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক ইস্যু, শেয়ারবাজার ও ব্যাংকগুলোর আর্থিক অনিয়ম নিয়ে ওঠা অভিযোগ সম্পর্কে সরকারের উদাসীনতা নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের অন্যতম কারণ। নির্বাচনের আগে কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনে এম এ মান্নানের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ সম্মেলনও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিপক্ষে গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুরের একজন প্রবীণ শিক্ষাবিদ প্রথম আলো ডটকমকে বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দুই পক্ষই সর্বশক্তি নিয়োগ করেছিল। সিটি করপোরেশন এলাকায় গাজীপুরের স্থায়ী বাসিন্দা মাত্র ৩৮ শতাংশ। বাকি সবাই বহিরাগত। তাঁরা বাইরে থেকে এসে বসবাস করছেন অথবা বিভিন্ন কলকারখানায় কাজ করছেন। এ নির্বাচনে সব অঞ্চলের মানুষের মতের প্রতিফলন ঘটেছে। আওয়ামী লীগ পিছিয়ে পড়ার পেছনে জাহাঙ্গীর আলম ইস্যুটি খুব গুরুত্বপূর্ণ। জাহাঙ্গীরের সমর্থকদের ৩০ শতাংশ আওয়ামী লীগের কর্মী। বাকি ৭০ শতাংশ ভোট আজমত উল্লা খানের পক্ষে না-ও পড়তে পারে। কারও কারও মতে, আজমত উল্লা ২০০৭ সালে সংস্কারপন্থী নেতাদের প্রতিনিধিত্ব করেন। স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ এই নির্বাচনে তাঁর পক্ষে ছিল না।দলে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার আশঙ্কায় নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের স্থানীয় এক নেতা প্রথম আলো ডটকমকে বলেন, নির্বাচনে হেফাজতে ইসলাম ইস্যুটিকে পুঁজি করে বিএনপি বহু মানুষের সমর্থন আদায় করেছে।জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) প্রধান নাজমুল আহসান কলিমুল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, বিরোধী দল ধর্মকে ইস্যু করে যেমন ভোটারদের কাছে গেছে, তেমনি আজমত উল্লা খানকে ধর্মকে ইস্যু করতে দেখা গেছে। ধর্মীয় লেবাসধারী লোকজনের আনাগোনা দেখা গেছে তাঁর পাশেও। কিন্তু শেষ পর্যন্ত এ ক্ষেত্রে হেরে গেছেন তিনি। ধর্মকে ইস্যু করার পাশাপাশি আর্থিক খাতে অনিয়ম নির্বাচনে জয়-পরাজয়ে প্রভাব ফেলেছে।সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, স্থানীয় হলেও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন জাতীয় নির্বাচনের রূপ পেয়েছিল। তাঁর মতে, ক্ষমতায় থাকার সময় শাসক দল কিছুটা প্রতিকূল অবস্থার মধ্যে থাকে। তার মধ্যে অর্থনৈতিক ইস্যুগুলো নির্বাচনী ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ব্যাংক, শেয়ারবাজারে অনিয়ম-অব্যবস্থাপনা এবং এর প্রতিকার না হওয়ায় সাধারণ মানুষ সরকারের ওপর ক্ষুব্ধ। পাশাপাশি নির্বাচনের দু-তিন দিন আগে জাতীয় রাজস্ব বোর্ড বিএনপি-সমর্থিত প্রার্থীর কর ফাঁকি নিয়ে সংবাদ সম্মেলন করায় বিষয়টি আজমত উল্লার জন্য হিতে বিপরীত হয়েছে। নির্বাচনের আগে আগে জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ সম্মেলন করা উচিত হয়নি।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী ইফতেখারুজ্জামানও মনে করেন, নেতিবাচক প্রচার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর জন্য ভালো ফল বয়ে আনেনি। তাঁর মতে, গাজীপুরের নির্বাচনে প্রার্থী বা এলাকার উন্নয়ন নিয়ে মাথা ঘামাননি ভোটাররা।ইফতেখারুজ্জামান বলেন, ‘আমাদের দেশের রাজনীতিকেরা নিজেদের যা কিছু ভালো তা নিয়ে ভোটারদের কাছে যান না। তাঁরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতিবাচক দিকগুলোকে নিয়ে প্রচার করেন। এতে মূলত বিরোধীদলীয় প্রার্থী জনপ্রিয়তা পান।’ ১৯৯৬ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের সবগুলো আসনে জয় পেয়েছিল আওয়ামী লীগ। ১৯৮৬ সালে গাজীপুর পৌরসভা গঠিত হওয়ার পর সেখানে কখনো জয় পায়নি বিএনপি। ১৯৯৫ সালের পর টঙ্গী পৌরসভার নির্বাচনে কখনো হারেনি আওয়ামী লীগ।গত ২২ বছরে গাজীপুর শহরের সংসদীয় আসন কিংবা সেখানকার কোনো স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হননি।সম্প্রতি চারটি সিটি করপোরেশনে হেরে যাওয়ার পর গাজীপুর সিটি করপোরেশনে জিততে সর্বশক্তি নিয়োগ করেছিল আওয়ামী লীগ। এ নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৫৭ জন সাংসদ প্রচারে অংশ নিয়েছেন। আওয়ামী লীগের শিল্পী-সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও নিয়মিত নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। তবু শেষ রক্ষা হয়নি।