আওয়ামী লীগ সময় চেয়েছে, বিএনপিসহ ২০ দল হিসাব দিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াতসহ ২০টি রাজনৈতিক দল নির্ধারিত সময়সীমার মধ্যেই তাদের দলীয় আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ হিসাব জমা দেওয়ার জন্য আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে। মোট ১৮টি দল হিসাব জমা দেয়নি। তবে এর মধ্যে আটটি দল সময় বাড়ানোর আবেদন করেছে।দলীয় নির্দেশনা না থাকায় বিএনপি বা জামায়াত কত টাকার হিসাব জমা দিয়েছে সে সম্পর্কে কিছু প্রকাশ করেনি। দুটি দলই আজ রোববার বিকেলে তাদের হিসাব ইসি সচিবালয়ে জমা দেয়।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, তাদের দলের হিসাব অডিট করেছে এ হক অ্যান্ড কোম্পানি। বর্তমানে তাদের দলের ফান্ডে কয়েক কোটি টাকা জমা আছে। দলীয় সদস্যদের চাঁদা থেকে এ টাকা আয় হয়েছে। হিসাবের টাকার অঙ্ক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি জনসমক্ষে জানানোর ব্যাপারে দলীয় সিদ্ধান্ত নেই। হিসাব জমা দিতে এসে জামায়াতের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সরকারও একই কথা বলেন। সময় বাড়ানোর আবেদন জানাতে এসে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বলেন, ‘আওয়ামী লীগ বিশাল সংগঠন। হিসাব মেলানো কঠিন। বর্তমানে অডিটের কাজ চলছে।’ সময় বাড়ানোর ব্যাপারে ইসি থেকে তাত্ক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি বলেও তিনি জানান। গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ এইচ ধারার বিধান অনুযায়ী কোনো রাজনৈতিক দল ধারাবাহিকভাবে তিন বছর তথ্য প্রদানে ব্যর্থ হলে সেই দলের নিবন্ধন বাতিল হবে। রাজনৈতিক দলের নিবন্ধন বিধির ৯ ধারায় আরও বলা হয়েছে, রাজনৈতিক দলকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের একটি হিসাব নিবন্ধিত অডিট প্রতিষ্ঠান দিয়ে অডিট করিয়ে তা ইসিতে জমা দিতে হবে।দলগুলোর হিসাব জমা দেওয়া বা না দেওয়া সম্পর্কে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল হিসাব না দিলে তাদের নিবন্ধন বাতিল করার বিধান রয়েছে। কিন্তু সেটা তো সম্ভব নয়। কারণ দেশকে রাজনীতি শূন্য করা আমাদের উদ্দেশ্য নয়। এখন কেউ হিসাব সঠিক সময়ে জমা না দিলে আমরা তাদের সতর্ক করব। তবে পুরো বিষয়টি কমিশনের বৈঠকে বসে সিদ্ধান্ত নিতে হবে।