আওয়ামী লীগ সরকারের কফিন তৈরি শুরু হয়ে গেছে: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের কফিন তৈরি শুরু হয়ে গেছে। শিগগিরই এই কফিনে শেষ পেরেক মারা হবে।’বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান ওরফে কোকো এবং বিএনপির নেতা ফজলুর রহমান ওরফে পটলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, সরকার তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায়। তাঁকে দেশে আসতে না দেওয়ার জন্যই সরকার এসব করছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘তারেক দেশে আসবেন। একদিন দেশের কর্ণধার হবেন।’ তিনি খালেদা জিয়ার নেতৃত্বে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার ওই স্থানে গিয়েই শেষ হয়।