আওয়ামী লীগকে আবার নিরাশ করল জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী থেকে শুরু করে একাধিক মন্ত্রী, এমনকি প্রার্থীর অনুরোধের পরও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে মাঠে নামছে না জাতীয় পার্টি (জাপা)। উল্টো বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা।জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানিয়েছেন, নির্বাচনের আগ মুহূর্তে হলেও জাপাকে তাঁরা পাশে চেয়েছিলেন। এ কারণে প্রচার শেষ হওয়ার মাত্র তিন দিন বাকি থাকলেও ১৪ দল-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান গতকাল সোমবার সকালে বারিধারায় গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে দেখা করেন। এরপর গাজীপুরের আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রচার শুরু করেন যে জাপা সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের পক্ষে নামছে। কিন্তু সারা দিন চলে গেলেও জাপার কোনো নেতা-কর্মীকে এ ধরনের সংবাদ সম্মেলন করতে দেখা যায়নি। বারবার যোগাযোগ করা হলে তাঁরা স্পষ্ট করেই বলেন, জাপা আগের অবস্থানেই আছে। তাঁরা আওয়ামী লীগের সঙ্গে নেই। জাপার প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা সভাপতি কাজী মাহমুদ হাসান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি শুনেছি, আজমত উল্লা খান নিজেই গতকাল আমাদের চেয়ারম্যানের (এরশাদ) সঙ্গে দেখা করেছেন। তবে চেয়ারম্যান আমাদের কোনো নির্দেশনা দেননি। আর জাতীয় পার্টি তার আগের অবস্থানেই আছে। এই নির্বাচনে আমরা কাউকে আনুষ্ঠানিক সমর্থন দেব না। তবে আমাদের নেতা-কর্মীরা বিএনপির প্রার্থীর পক্ষেই কাজ করছেন।’আওয়ামী লীগ ও জাপা সূত্রে জানা গেছে, গতকাল খুব সকালেই ঢাকায় চলে যান আজমত উল্লা। সকাল নয়টার দিকে তিনি বারিধারার বাড়িতে গিয়ে এরশাদের সঙ্গে কথা বলেন এবং গাজীপুরের নির্বাচনে তাঁর সমর্থন চান। তবে এরশাদ তাঁকে বলেছেন, এটি স্থানীয় নির্বাচন। এখানে তাঁর পক্ষে কাউকে সরাসরি সমর্থন দেওয়া সম্ভব নয়। এরশাদ আজমত উল্লাকে বলেন, ‘তুমি তো ভালো প্রার্থী। আমি তোমার জন্য দোয়া করছি।’এরশাদের সঙ্গে বৈঠকের পর ঢাকা থেকে গাজীপুরে ফেরেন আজমত উল্লা। দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটে নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।সভা শেষে এরশাদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে আজমত উল্লা বলেন, ‘এরশাদ আমার মুরব্বি ও মহাজোটের নেতা। তাই তাঁর কাছে দোয়া চাইতে গিয়েছিলাম।’ সমর্থনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। সেটি তাঁরাই জানাবেন।’ এদিকে আজমত উল্লার সঙ্গে ওই বৈঠকের পরেই আওয়ামী লীগের স্থানীয় নেতারা বলতে শুরু করেন, জাপা সংবাদ সম্মেলন করে সমর্থন দেবে। কিন্তু সারা দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেলেও কোনো সংবাদ সম্মেলন হয়নি।এ বিষয়ে জানতে সন্ধ্যায় যোগাযোগ করা হলে জাপার জেলা শাখার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বলেন, ‘আমরা আগের অবস্থানেই আছি। আমরা আওয়ামী লীগকে সমর্থন জানাচ্ছি না।’ আওয়ামী লীগের প্রার্থী তো আপনাদের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন। এর পরও কি অবস্থা বদলায়নি? নূরুল ইসলামের উত্তর, ‘না আমরা কোনো নির্দেশনা পাইনি। স্থানীয় নেতা-কর্মীরা আগের মতোই বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করছেন।’জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুরে দুই থেকে আড়াই লাখ পোশাকশ্রমিক রয়েছেন, যাঁদের অধিকাংশের বাড়ি রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা এলাকায়। জাতীয় পার্টি দাবি করে, এখানে তাঁদের এক থেকে দেড় লাখ ভোটার আছেন। এ কারণে শুরু থেকেই জাতীয় পার্টিকে পাশে চাইছিল আওয়ামী লীগ। বিশেষ করে গত ১৭ জুন মাহমুদ হাসানের প্রার্থিতা প্রত্যাহারের পরপরই জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকসহ স্থানীয় নেতারা তাঁর সঙ্গে দেখা করে সমর্থন চান। কিন্তু তিনি সমর্থন দেননি। এরপর মাহমুদ হাসানের সঙ্গে যোগাযোগ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এরশাদের সঙ্গে বৈঠক করে সমর্থন চান। ওই বৈঠকের পর গাজীপুরের আওয়ামী লীগের নেতারা প্রচার শুরু করেন যে জাতীয় পার্টি শিগগিরই তাঁদের সঙ্গে নামছে। কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও অবস্থান বদলায়নি। এরই মধ্যে গত শনিবার গাজীপুর জেলা ও পৌর জাতীয় পার্টির নেতারা বৈঠক করেন কাজী মাহমুদের সঙ্গে। ওই বৈঠকে জেলা ও সাবেক পৌরসভার আটটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। গাজীপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রমজান আলী প্রথম আলোকে বলেন, ওই বৈঠকে জাতীয় পার্টির সব নেতা-কর্মী এম এ মান্নানের জন্য কাজ করার পক্ষে মত দেন। তাঁরা বলেন, জাতীয় পার্টি সাড়ে চার বছরে সরকারের কাছ থেকে কিছুই পায়নি। তা ছাড়া চার সিটি করপোরেশনে আওয়ামী লীগের ভরাডুবির পর তাদের সমর্থন দিলে তাঁদের নেতা-কর্মীরা সেটি মেনে নেবেন না। বৈঠকে ১৮ দলের প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত হয়।তবে আজমত উল্লার নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক আ ক ম মোজাম্মেল হক বরাবরের মতোই বলেছেন, ‘জাতীয় পার্টির একাংশ আমাদের সঙ্গে আছে।’ আর এম এ মান্নানের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হাসান উদ্দিন সরকার বরাবরের মতোই বলেছেন, গাজীপুর ও টঙ্গী শাখা জাতীয় পার্টির সব নেতা-কর্মী বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছেন।জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন অবশ্য আশা ছাড়েননি। তিনি বলেন, এখনো সময় আছে। যেকোনো মুহূর্তে জাতীয় পার্টি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিতে পারে।