আওয়ামী লীগকে বর্বর বললেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগকে বর্বর দল বলে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার রাতে ইউনাইটেড হাসপাতালে আহত সাদেক হোসেন খোকাকে দেখতে গিয়ে খালেদা জিয়া এসব কথা বলেন।রাত নয়টার দিকে খালেদা জিয়া গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান। তিনি সাদেক হোসেনের পাশে কিছুক্ষণ অবস্থান করেন। তিনি সাদেক হোসেন খোকার চিকিত্সার খোঁজখবর নেন। এ সময় সেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা ছিলেন।পরে খালেদা সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ একটি বর্বর দল। জনগণের উচিত, এদের বিচার করা। সাদেক হোসেনসহ বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা-মারধর করে আওয়ামী লীগ ভাবছে যে তারা পার পেয়ে যাবে। তারা মনে করছে, এভাবে আন্দোলন বন্ধ করা যাবে। কিন্তু এতে আন্দোলন আরও জোরদার হবে। আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটানো হবে।সাদেক হোসেন খোকাসহ দলের নেতা-কর্মীদের যেভাবে আক্রমণ করা হয়েছে, তার তীব্র নিন্দা জানান খালেদা জিয়া। তিনি বলেন, সরকার এখন ব্যর্থ হয়েছে। সরকারের কোনো জনসমর্থন নেই, সে জন্য সরকার ভাবছে যে মারপিট করে, পুলিশ হামলা করে, ছাত্রলীগ-যুবলীগ নামিয়ে টিয়ার গ্যাস মেরে এ আন্দোলন দমন করা যায়। কিন্তু তারা এটা করতে পারবে না।