আওয়ামী লীগে জয়ের যোগদানের মধ্য দিয়ে দলটির অপরাজনীতি দূর হবে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটি মনে করে, এর মধ্য দিয়ে আওয়ামী লীগে যে অপরাজনীতি চলছে তা দূর হবে। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের ফলাফল সাংবাদিকদের জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।নজরুল ইসলাম আরও বলেন, বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনাটিকে আড়াল করার জন্যই আওয়ামী লীগ বিএনপির ওপর দোষ চাপাচ্ছে।উল্লেখ্য, গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সারা দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে বিএনপি তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি অঞ্চলের নেতৃত্বে থাকবেন দলের স্থায়ী কমিটির একজন করে সদস্য।দলকে আরও সংগঠিত করতেই সারা দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। অন্য কোনো দায়িত্ব পালন অথবা অসুস্থতার কারণে কেউ নির্ধারিত অঞ্চলের নেতৃত্ব দিতে না পারলে দলের সহসভাপতি অথবা জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবকে দায়িত্ব দেওয়া হবে।বৈঠকে বিএনপির চলমান মাসব্যাপী কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। আগামী ৬ এপ্রিলের মধ্যে রাজধানীর পল্টন ময়দানে মহাসমাবেশ আয়োজনের মধ্য দিয়ে ওই কর্মসূচি শেষ করার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে।সূত্র জানায়, বৈঠকে ঢাকার বাইরের প্রতিটি বিভাগীয় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। এসব সমাবেশে দলের চেয়ারপারসন উপস্থিত থাকবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সূত্র আরও জানায়, বৈঠকে সদস্য সংগ্রহ অভিযান নিয়েও আলোচনা হয়। সদস্যদের বিষয়ে তথ্যভান্ডার (ডেটাবেস) তৈরির সিদ্ধান্ত হয়েছে। দলের যেসব জেলা কমিটি এখনো হয়নি বা কমিটি নিয়ে কোন্দল রয়েছে, এমন সমস্যার দ্রুত অবসানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের নেতৃত্বে যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।