আওয়ামী লীগে যুদ্ধাপরাধী রয়েছে—এমন মন্তব্য হাস্যকর: পররাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগের মধ্যে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী আছে—এমন মন্তব্য একেবারেই অবান্তর ও হাস্যকর বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।আজ সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার আগে সাংবাদিকদের এ কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার সময় পুরো সংগ্রাম সুসংগঠিত করেছে। আর আওয়ামী লীগের নেতৃত্বেই পুরো জাতি সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে, দেশকে স্বাধীন করেছে দেশের পুরো মানুষকে নিয়ে। তাই আওয়ামী লীগের মধ্যে স্বাধীনতাবিরোধী বা যুদ্ধাপরাধী থাকার প্রশ্নই আসে না।’ যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ সম্পর্কিত ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এখন বিচারসম্পর্কিত সব সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল।বর্ধিত সভায় পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও চাঁদপুরের অন্য তিন সাংসদ মহীউদ্দীন খান আলমগীর, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম ও এম রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।