আওয়ামী লীগে যেন জঙ্গি, দেশদ্রোহী, সন্ত্রাসীরা আশ্রয় না পায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের মধ্যে যাতে জঙ্গি, দেশদ্রোহী বা সন্ত্রাসীরা আশ্রয় না পায় সেদিকে নজর রাখতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘যারা জঙ্গিবাদ, সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদেরকে আওয়ামী লীগের সদস্য করা যাবে না।’ আজ শনিবার সকালে চাঁদপুর সার্কিট হাউস মিলনায়তনে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব অর্জনকে অর্থবহ করতে সংগঠনের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোকে আরও শক্তিশালী করার জন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন তিনি। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে দীপু মনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করা ছিল সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। ইতিমধ্যে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া হবে আন্তর্জাতিক মানসম্পন্ন এবং তা পরিচালিত হবে স্বচ্ছ প্রক্রিয়া ও আইনের মাধ্যমে। পরে মন্ত্রী বেলা ১১টার দিকে চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।