আওয়ামী লীগের আট প্রার্থী, সুবিধাজনক অবস্থায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট নয়জন প্রার্থী। তাঁদের মধ্যে আটজন আওয়ামী লীগের এবং একজন বিএনপির সমর্থক। আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি করায় বিএনপির সমর্থক প্রার্থী সুবিধাজনক অবস্থানে রয়েছেন।বাগেরহাট জেলা যুবদলের সভাপতি ফকির তারিকুল ইসলাম এই ইউনিয়নে একটানা ১৩ বছর নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ২০০৮ সালের ১৩ ডিসেম্বর তিনি পদত্যাগ করলে এই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়। দুর্নীতি, সন্ত্রাস, দখল ও চাঁদাবাজিসহ বহু মামলার আসামি ফকির তারিকুল ইসলাম বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।আসন্ন উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নয়জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আক্তারুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সরদার শুকুর আহম্মেদ, ষাটগম্বুজ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাওলাদার আবদুল হাই, জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ এনামুল হক, কৃষক লীগের ইউনিয়ন সভাপতি পীর মোহম্মদ ফকির, ষাটগম্বুজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের সমর্থক শেখ মকিতুল ইসলাম ও আবুল কালাম আজাদ। বিএনপির সমর্থক একমাত্র প্রার্থী হলেন ষাটগম্বুজ ইউনিয়ন যুবদলের সভাপতি হাওলাদার রফিকুল ইসলাম।বাগেরহাট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং এ নির্বাচনের রিটার্নিং অফিসার মোখলেছুর রহমান জানান, ২৭ অক্টোবর এখানে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মোট নয়জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা শান্তিপূর্ণ প্রচারাভিযান চালাচ্ছেন। এই ইউনিয়নে মোট ভোটারসংখ্যা ১৫ হাজার ৫২১। এর মধ্যে সাত হাজার ৬৭৫ জন পুরুষ এবং সাত হাজার ৮৪৬ জন নারী।জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী সরদার শুকুর আহম্মেদ ২০ অক্টোবর বলেন, নির্বাচনে দল (আওয়ামী লীগ) একক কোনো প্রার্থী না দেওয়ায় একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আক্তারুজ্জামান বলেন, ‘২০০৬ সালের ১৯ এপ্রিল অনুষ্ঠিত এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। কিন্তু মাত্র হাজার খানেক ভোটের ব্যবধানে আমি জেলা যুবদল সভাপতি ফকির তারিকুল ইসলামের কাছে পরাজিত হই। তার পরও বহু হামলা-মামলা উপেক্ষা করে গত চার বছর আমি এলাকায় দলের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছি।’অপর প্রার্থী শেখ এনামুল হক বলেন, ‘দল একক প্রার্থী দিলে সব থেকে ভালো হতো। আমরা সেই চেষ্টাও করেছি। কিন্তু জেলা আওয়ামী লীগের নেতাদের মধ্যেই মতপার্থক্য রয়েছে। তাঁরা বারবার বৈঠক করেও একমত হতে না পারায় দলের এত প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’তবে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাওলাদার আবদুল হাই দাবি করেছেন যে বাগেরহাট জেলা আওয়ামী লীগ নির্বাচনে তাঁকে সমর্থন দিয়েছে।ইউনিয়ন যুবদলের সভাপতি ও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হাওলাদার রফিকুল ইসলাম বলেন, ‘জেলা বিএনপির সমর্থন নিয়ে আমি দলের একক প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই ইউনিয়ন চারদলীয় জোটের ভোটব্যাংক। এখানকার শতকরা ৬০ ভাগ ভোট আমাদের দলীয়। তাই আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী।’জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান বলেন, ‘সদর উপজেলা আওয়ামী লীগসহ জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার সমন্বয়ে একটি মনোনয়ন কমিটি গঠন করে ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব ঠিক করা হয়েছিল। কিন্তু আমরা তা করতে ব্যর্থ হয়েছি।’বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম জানান, ষাটগম্বুজ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনকে সামনে রেখে সব ধরনের নিরাপত্তামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।