ঢাকার কেরানীগঞ্জে গত মঙ্গলবার নিজের জমি থেকে বালু তুলতে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে কৃষক আলমাস নিহত হওয়ার ঘটনায় করা মামলার পলাতক আসামি মো. সেলিম মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে হোটেল রাজমণি ঈশা খাঁ থেকে সেলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান প্রথম আলো ডটকমকে বলেন, গোপন খবরের ভিত্তিতে আজ বেলা ১১টার দিকে হোটেল রাজমণি ঈশা খাঁর একটি কক্ষে অভিযান চালান র্যাবের গোয়েন্দারা। সেখান থেকে সেলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে র্যাব-১০-এর কার্যালয়ে নেওয়া হয়। জিয়াউল আহসান বলেন, গ্রেপ্তারের পর থেকে সেলিমকে ছেড়ে দিতে বিভিন্নজন ফোন করে নানা তদবির ও ফন্দি-ফিকির করছেন। সেলিম মিয়াকে গ্রেপ্তারের ঘটনায় আজ দুপুরে র্যাব-১০-এর কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এলাকাবাসী ও কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ গত মঙ্গলবার জানায়, নিহত কৃষকের নাম আলমাস আলী (৭০)। ওই দিন ভোরে কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের পুরাতন সোনাকান্দায় ধলেশ্বরী নদীর ধারে আলমাসের জমি থেকে খননযন্ত্র দিয়ে বালু তুলছিলেন স্থানীয় আওয়ামী লীগের কর্মী মো. সেলিম মিয়া, তাঁর ভাই রুহিতপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ আলী, মো. ইমরানসহ ২০-২৫ জন ব্যক্তি। খবর পেয়ে ২৫-৩০ জন লোকসহ আলমাস সেখানে গিয়ে তাঁদের বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে সেলিমের সমর্থকদের গুলিতে আলমাস নিহত হন।