আওয়ামী লীগের কোন্দলে ছাত্রলীগ নেতা খুন
যশোর সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিপন হোসেন ওরফে দাদা রিপনকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় সদর উপজেলার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। রিপনের মৃত্যুর খবরে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। শহর প্রায় জনশূন্য হয়ে পড়ে। এর আগে শনিবার রাতে ২০-২২টি বোমা বিস্ফোরণ ও মুহুর্মুহু গুলিবর্ষণের ঘটনায় জেলা ছাত্রলীগের সম্মেলন পণ্ড হয়ে যায়।আওয়ামী লীগের সাংসদ খালেদুর রহমান টিটো এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সমর্থকদের মধ্যে কোন্দলের জের ধরে গতকালে হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। রিপন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদারের সমর্থক হিসেবে পরিচিত। এর আগে শহরের রেলগেট এলাকার বটতলায় আওয়ামী লীগের এই পক্ষের নেতা রবিউল আজিজ ওরফে তপুকে (৫০) সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ১১টার দিকে শাহীন চাকলাদারের সমর্থক জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আজাহার হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের নেতা জনিকে শহরের রেলগেট এলাকায় মারধর করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। শাহীন চাকলাদার গতরাতে প্রথম আলোকে বলেন, সাংসদ খালেদুর রহমানের লোকজনই রিপনকে হত্যা করেছে—এটা পরিষ্কার। এর আগে দুপুরে রবিউলকে হত্যার উদ্দেশ্যে সাংসদ খালেদুর রহমানের ছেলে মাশুক হাসান ওরফে জয়ের বন্ধু শিকদার ও বাবুল ছুরিকাঘাত করেছে। সাংসদের সন্ত্রাসী বাহিনী আজাহারকেও লাঞ্ছিত করেছে। তিনি আরও অভিযোগ করেন, মূলত জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিতেই সাংসদ তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন।অভিযোগের জবাবে যশোর-৩ (সদর) আসনের সাংসদ খালেদুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘এটা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, বিচ্ছিন্ন ঘটনা। পরিস্থিতির সুযোগ নিয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে। হত্যাকারী যারাই হোক তাদের গ্রেপ্তার করা হবে।’যশোরের পুলিশ সুপার দিদার আহমেদ বলেন, শহরে পুলিশি টহল জোরদার ছিল। হত্যাকাণ্ড ঘটে শহরের বাইরে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।রিপন হত্যাকাণ্ড: পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় সদর উপজেলার এড়ান্দা গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রিপন শহরের দিকে আসছিলেন। তাঁর সঙ্গে ছিলেন বন্ধু সেলিম ও অজ্ঞাতনামা একজন। পথে জামতলা এলাকায় দুর্বৃত্তরা রিপনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। রিপনের মৃত্যুর খবর শহরে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে দড়াটানা মোড়, গাড়িখানা সড়ক, চৌরাস্তা মোড়সহ শহরের বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। শহর অনেকটা জনশূন্য হয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ক্ষুব্ধ নেতা-কর্মীরা যশোর জেনারেল হাসপাতাল থেকে মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে বন্ধ দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।নিহত রিপনের চাচা রবিউল ইসলাম হাসপাতালে প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যার আগে শহরে আসার কথা বলে জামাকাপড় পরে রিপন বাড়ি থেকে বের হয়। ১০ মিনিট পর খবর পাই, কারা যেন রিপনকে কুপিয়েছে। হাসপাতালে এসে দেখি তাঁর নিথর দেহ।’আওয়ামী লীগের নেতা ছুরিকাহত: গতকাল দুপুর দেড়টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার সমর্থক শহর আওয়ামী লীগের সদস্য রবিউল আজিজ ওরফে তপুকে (৫০) সন্ত্রাসীরা শহরের রেলগেট এলাকার বটতলায় ছুরিকাঘাতে জখম করে। গুরুতর অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর দুইটার দিকে শাহীন চাকলাদার ও তাঁর সমর্থক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা রবিউলকে দেখতে হাসপাতালে যান। রবিউলের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাত্ক্ষণিকভাবে হাসপাতাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। সাংসদের ছেলে জয় বলেন, ‘শিকদার ও বাবুল আওয়ামী লীগের কর্মী। তাদের আমি চিনি। কিন্তু তারা আমার বন্ধু নয়। তারা কাউকে ছুরি মেরেছে কি না তাও আমি জানি না।’যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ জানান, রবিউলকে শহরের রেলগেট এলাকার সন্ত্রাসী শিকদার ও বাবুল চাকু দিয়ে আঘাত করেছে। তাদের আটকের চেষ্টা চলছে। গত শনিবার গুলি ও বোমা বিস্ফোরণকারীদেরও আটকের চেষ্টা চলছে।৫০০ জনের বিরুদ্ধে মামলা: যশোর জেলা ছাত্রলীগের সম্মেলন চলাকালে শনিবার রাতে পুলিশের ওপর হামলার ঘটনায় যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে শনিবার রাতে একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা পাঁচ শ জনকে আসামি করা হয়েছে। তবে গতকাল রাত ১০টা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।সাংসদের সমর্থক ছাত্রলীগের সংবাদ সম্মেলন: জেলা ছাত্রলীগের পণ্ড হয়ে যাওয়া সম্মেলনে সাংসদ খালেদুর রহমান সমর্থক প্যানেলের মহিউদ্দিন আহম্মাদ এবং এস এম হালিম বিশ্বাস পরিষদ গতকাল দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। লিখিত বক্তব্যে মহিউদ্দিন আহম্মাদ বলেন, ‘ছাত্রনির্ভর ছাত্রলীগ প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন। ভুয়া সনদপত্র দেখিয়ে বয়স কমানো চাকলাদার সমর্থক সভাপতি পদপ্রার্থী লুত্ফুল কবিরের প্রার্থিতা বাতিল করতে হবে।’প্রসঙ্গত, যশোর শহরে শনিবার রাতে ২০-২২টি বোমা বিস্ফোরণ ও মুহুর্মুহু গুলিবর্ষণের ঘটনার পর জেলা ছাত্রলীগের সম্মেলন পণ্ড হয়ে যায়। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আবদুর রাকিবসহ সাত-আটজন আহত হন।[যশোরে কমিটি নিয়ে দ্বন্দ্বসাংসদ খালেদুর রহমান টিটোর লোকজনই রিপনকে হত্যা করেছেচেয়ারম্যান শাহীন চাকলাদারএটা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, বিচ্ছিন্ন ঘটনাসাংসদ খালেদুর রহমানরবিউলকে সাংসদের ছেলে জয়ের বন্ধু শিকদার ও বাবুল ছুরি মেরেছে শাহীন চাকলাদারতাঁরা আ.লীগ কর্মী। তাঁদের চিনি, কিন্তু আমার বন্ধু নয়সাংসদের ছেলে জয়শহরে টহল জোরদার ছিল। হত্যাকাণ্ড ঘটে শহরের বাইরেএসপি দিদার আহমেদ]