হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচন আওয়ামী লীগের জন্য অগ্নিপরীক্ষা বলে মনে করছেন দলীয় নীতিনির্ধারকেরা। আসন দুটি ধরে রাখতে তাই আটঘাট বেঁধে নেমেছেন ক্ষমতাসীন দলটির নেতারা।পৌর নির্বাচনের ডামাডোল শেষ হতে না হতেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর নেতৃত্বে সাংগঠনিক সম্পাদকেরা উভয় নির্বাচনী এলাকায় গণসংযোগে নেমে পড়েছেন।দলীয় সূত্রগুলো জানায়, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হেরে যান। সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনেও ভালো করতে না পারায় দলটির জনপ্রিয়তা কমে যাওয়ার কথা উঠেছে জোরেশোরে। এ পরিস্থিতিতে ২৭ জানুয়ারি দুটি আসনে উপনির্বাচন নিয়ে প্রচণ্ড চাপে রয়েছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা।জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা আসন ধরে রাখার জন্য পরিশ্রম করছি। তবে নির্বাচন কমিশনের কঠোর বিধিবিধানের মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে। প্রধানমন্ত্রীও আমাদের আইনকানুন লঙ্ঘন না করার কঠোর নির্দেশ দিয়েছেন।’হবিগঞ্জ-১ আসনে জেলা কমিটির সভাপতি মুশফিক হোসেন চৌধুরী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে র আ মুক্তাদির চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। দলের প্রবীণ নেতা দেওয়ান ফরিদ গাজী ও জেলা সভাপতি লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুতে যথাক্রমে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার আসন দুটি শূন্য হয়। ২০০৮ সালের নির্বাচনে দুটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। এখন বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ কিছু কারণে সরকারের জনপ্রিয়তা কমেছে। বিরোধী দলের এ দাবি সরকার অস্বীকার করলেও, আসন্ন উপনির্বাচনে জনপ্রিয়তার পরীক্ষা হবে বলে মনে করছেন দলীয় নেতারা। কারণ এ নির্বাচন হবে দলীয় প্রতীকে।গত কয়েক দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বড় একটি অংশ উভয় নির্বাচনী এলাকায় গেছে। কাজী জাফরউল্যাহর নেতৃত্বে দলীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, মিজবাহউদ্দিন সিরাজ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও খালিদ মাহমুদ চৌধুরী দুই ভাগে বিভক্ত হয়ে এখন দুই নির্বাচনী এলাকায় অবস্থান করছেন। নির্বাচন পর্যন্ত তাঁরা থাকবেন। আজ রোববার আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম দুই নির্বাচনী এলাকায় দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগে যাচ্ছেন। নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে মন্ত্রীরা কেউ নির্বাচনী প্রচারে যেতে পারছেন না।মহাজোটের সম্পর্ক অটুট থাকলেও দুটি আসনের এই উপনির্বাচনে অনেকটা কৌশলী ভূমিকা নিয়েছে শরিক দলগুলো। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী প্রত্যাহার করা হলেও হবিগঞ্জ-১ আসনে প্রত্যাহার হয়নি। কাল সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে হবিগঞ্জে যাওয়ার কথা রয়েছে।দলীয় সূত্র জানায়, উপনির্বাচনে উভয় আসনেই আওয়ামী লীগের প্রার্থিতা নিয়ে দলে কিছুটা মতভেদ ছিল। গতকাল তা নিরসন হয়েছে বলে দলীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রথম আলোকে জানান। হবিগঞ্জের বাহুবল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাদী গাজী গতকাল থেকে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থনে মাঠে নেমেছেন। প্রয়াত দেওয়ান ফরিদ গাজীর ছেলে মিল্লাত গাজীও দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন। ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত লুৎফুল হাই সাচ্চুর অনুসারীরা দলীয় প্রার্থী মুক্তাদির চৌধুরীর পক্ষে মাঠে নেমেছেন বলে জানা গেছে।