আওয়ামী লীগের তৃণমূলে দলাদলি, বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলে-উপদলে বিভক্ত হয়ে পড়ছে তৃণমূল আওয়ামী লীগ। সংগঠন ও এলাকায় প্রভাব-প্রতিপত্তি সৃষ্টি এবং নেতৃত্বের প্রতিযোগিতা বা দ্বন্দ্বই এ বিভক্তির কারণ বলে মনে করেন দলীয় সাংগঠনিক সম্পাদকেরা। এ ছাড়া কোথাও কোথাও সাংসদ ও নেতা-কর্মীদের মধ্যে দূরত্ব সৃষ্টি, মেয়াদোত্তীর্ণ কমিটি থাকা এবং সময়মতো কাউন্সিল না হওয়ায় তৃণমূলে সাংগঠনিক সমস্যা দেখা দিয়েছে। সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত মার্চ মাসে শুরু হওয়া আওয়ামী লীগের জেলা পর্যায়ের বর্ধিত সভা শেষ হওয়ার পথে। এ সভাগুলো থেকে যে বিষয়টি উঠে এসেছে তা হলো—তৃণমূলে অভ্যন্তরীণ দ্বন্দ্বই সংগঠনের প্রধান সমস্যা। ছোটখাটো সমস্যা বর্ধিত সভাতেই নিরসনের চেষ্টা করা হচ্ছে। বিভাগীয় সাংগঠনিক প্রতিবেদনে মাঠপর্যায়ে চিহ্নিত বড় সমস্যাগুলো কেন্দ্রকে জানানো হবে। উপদলীয় কোন্দলের কথা স্বীকার করলেও একে অস্বাভাবিক বলে মনে করেন না আওয়ামী লীগের নেতারা। তবে একে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে বলে মত দেন তাঁরা। দলের অন্যতম সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘তৃণমূল পর্যায়ের দলাদলি একেবারে নিরসন করা যাবে না, এটা সম্ভবও নয়। তবে নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছি।’আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রগুলো জানায়, দলাদলি নিয়ন্ত্রণে রাখতে নেতা-কর্মীদের সাংগঠনিক কাজে ব্যস্ত রাখার কৌশল নেওয়া হচ্ছে। তাই বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। জুন পর্যন্ত জেলায় জেলায় বর্ধিত সভা ও সদস্য সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক সফরও চলবে। জুনের পর জেলা, মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল শুরু করার কথা। এরপর বিভাগীয় মহাসমাবেশ করার পরিকল্পনা আছে। সূত্র জানায়, শীতে উপজেলা পর্যায়ে বর্ধিত সভা শুরু হবে। তবে নভেম্বর-ডিসেম্বরে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হলে তৃণমূল পর্যায়ের কাউন্সিল স্থগিত রাখা হতে পারে। জানতে চাইলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রথম আলোকে বলেন, মেয়াদোত্তীর্ণ জেলা ও থানা কমিটির তালিকা করা হচ্ছে। সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে সারা দেশের চিত্র নেওয়া হচ্ছে। দলীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সাংগঠনিক সম্পাদকদের প্রতিবেদন নিয়ে আলোচনা করে ত্রুটি-বিচ্যুতি, উপদলীয় সমস্যা, দ্বন্দ্ব, ক্ষোভ নিরসনে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র জানায়, চট্টগ্রাম বিভাগের আটটি জেলায় বর্ধিত সভা হয়েছে। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম উত্তর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বর্ধিত সভা এখনো হয়নি। এ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সময় পাওয়া সাপেক্ষে উল্লিখিত জেলাগুলোর বর্ধিতসভার তারিখ নির্ধারণ করা হবে বলে জানা গেছে। যেসব জেলায় বর্ধিত সভা হয়েছে তার সবগুলোতেই সংগঠন বহুধা বিভক্ত। নেতৃত্ব পেতে নতুনদের পক্ষ থেকে দ্রুত কাউন্সিল করার তাগিদ দেওয়া হয়েছে। সূত্র জানায়, কুমিল্লা উত্তর জেলায় সাংগঠনিক সমস্যা সবচেয়ে বেশি। এ জেলায় এক পক্ষে সাংসদ সুবিদ আলী ভূঁইয়া, এ বি এম গোলাম মোস্তফা, আবদুল মজিদ প্রমুখ। অন্য পক্ষে আছেন সাংসদ আলী আশরাফ, জাহাঙ্গীর আলম সরকার, হুমায়ুন মাহমুদ প্রমুখ। কক্সবাজার জেলায় দলীয় সাংসদ আবদুল রহমান বদির সঙ্গে টেকনাফ উপজেলা চেয়ারম্যান শফিক মিয়ার শক্ত দ্বন্দ্ব রয়েছে।রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে ছয়টিতে বর্ধিত সভা হয়েছে। পঞ্চগড় ও নীলফামারী জেলায় এখনো বর্ধিত সভা হয়নি। এ বিভাগে দিনাজপুর জেলায় কোন্দল সবচেয়ে বেশি। ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং সাংসদ ইকবালুর রহিমের নেতৃত্বে দিনাজপুরের নেতা-কর্মীরা কার্যত বিভক্ত।দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘সমস্যা নিরসনের চেষ্টা করছি। আশা করি, এ বিভাগে কোনো সমস্যা থাকবে না।’ সিলেট বিভাগের পাঁচটি জেলাতেই বর্ধিত সভা হয়েছে। তবে সিলেট জেলা, মহানগর ও মৌলভীবাজারে পূর্ণাঙ্গ কমিটি নেই। শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাধ্যমে সংগঠন চলছে। সুনামগঞ্জের ধরমপাশার সাংসদ মোয়াজ্জেম হোসেনের সঙ্গে স্থানীয় নেতাদের বিরোধ রয়েছে। দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি না থাকায় তিনটি জেলায় সাংগঠনিক সমস্যা হচ্ছে। সুনামগঞ্জ জেলায়ও ১৩ বছর ধরে কাউন্সিল হচ্ছে না। কাউন্সিল করার চেষ্টা করছি।’ বরিশাল বিভাগে ঝালকাঠি ছাড়া সব জেলায় বর্ধিত সভা হয়েছে। এসব জেলায় দলীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব প্রকাশ্য রূপ নিয়েছে। দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘নেতা-কর্মীদের মধ্যে আস্থার সংকট দূর করার চেষ্টা করছি।’ রাজশাহী বিভাগের সব জেলায় বর্ধিত সভা হয়েছে।