আওয়ামী লীগের নেতা শামীম ওসমান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির দুটি মামলায় আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ এ কে এম শামীম ওসমানকে কারাগারে পাঠানো হয়েছে। মামলা দুটিতে সাজাপ্রাপ্ত শামীম ওসমান আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলী আকবর তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন । আদালত একই সঙ্গে শামীম ওসমানের সুচিকিত্সার ব্যবস্থা করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, শামীম ওসমানের আত্মসমর্পণের খবর পেয়ে সকাল থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে ভিড় জমান। এ সময় আদালতপাড়ায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সকাল ১০টায় ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে চড়ে নারায়ণগঞ্জের আদালতে আসেন শামীম ওসমান। বেলা ১১টায় আদালত বসে। আদালতে শামীম ওসমানের আইনজীবীরা জানান, তিনি অসুস্থ। কাঠগড়ায় দাঁড়াতে পারবেন না। আদালত এই আবেদন অগ্রাহ্য করে শামীম ওসমানকে কাঠগড়ায় দাঁড়ানোর নির্দেশ দেন।এ সময় শামীম ওসমানের আইনজীবী আনিসুর রহমান জানান, তিনি (শামীম ওসমান) অসুস্থ। তাঁর সুচিকিত্সার প্রয়োজন। তাই তাঁর জামিনের আবেদন করা হলো। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান আসাদ বলেন, অসুস্থতার জন্য মানবিক দিক বিবেচনা করে তাঁর সুচিকিত্সার ব্যবস্থা করা যেতে পারে। উল্লেখ্য, সম্পদের হিসাব বিবরণী দাখিল না করা, অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির অভিযোগে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের তত্কালীন নারায়ণগঞ্জ অফিসের উপপরিচালক বেনজীর আহমেদ বাদী হয়ে শামীম ওসমানের বিরুদ্ধে দুটি মামলা করেন। দুটি মামলায় আদালত তাঁকে আট ও তিন বছরের সাজা দেন।