আওয়ামী লীগের নেতাকে গুলি করে হত্যা
মেহেরপুরের গাংনী উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের নেতা সাইদুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনার প্রতিবাদে আগামী রোববার গাংনীতে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।সাইদুর রহমান উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও জেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন। আজ শুক্রবার সকালে সাইদুরের মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির কাছে গিয়ে সাইদুরকে ডাক দেয়। তিনি দোতলা থেকে নিচে নেমে দরজা খুলে দেন এবং নিজের ঘরে তাদের নিয়ে যান। এরপর গুলির শব্দ শুনে স্বজনেরা সাইদুরের ঘরে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, পুলিশ সাইদুর রহমানের ঘর থেকে সাতটি গুলি পেয়েছে। বাড়ির দারোয়ান নিখোঁজ। ওসি বলেন, সাইদুরের ঘনিষ্ঠ লোকজন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। মুঠোফোনের নম্বরের সূত্র ধরে পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।তিন দিনের কর্মসূচি: দলের নেতা খুন হওয়ার ঘটনায় গাংনী উপজেলা আওয়ামী লীগ আগামী রোববার হরতালসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে তিন দিনের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অপসারণের দাবি করা হয়েছে এবং আজ সারা দিন সড়ক অবরোধ, কাল শনিবার শোকযাত্রাসহ কালো পতাকা উত্তোলন ও রোববার গাংনীতে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মকবুল হোসেন।