কুষ্টিয়ার চাঞ্চল্যকর একে-৪৭ রাইফেল উদ্ধারের মামলায় আওয়ামী লীগের এক নেত্রীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।আজ সোমবার বিকেল তিনটায় কুষ্টিয়ার বিশেষ ট্রাইব্যুনাল আদালতের দায়িত্ব পাওয়া এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর হোসেন মৃধা এ মামলার রায় ঘোষণা করেন।সাজা পাওয়া আসামিরা হলেন কুষ্টিয়া শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা খান আঁখি (৩৫), কালিশংকরপুর এলাকার আবদুর রাজ্জাক (২৯), হাউজিং এস্টেট সি ব্লকের রানি খাতুন (২৬), দৌলতপুর উপজেলার ডাংমড়কা গ্রামের আক্কাস আলী মোল্লা (৪০)। এ মামলার বেকসুর খালাস হওয়া আসামি হলেন মাইক্রোবাসের চালক সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের শাহিন আলী (২৭)।জানা গেছে, কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল গত বছরের ২ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে শহরতলির বারখাদা ত্রিমোহনীতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসের ভেতরে থাকা যাত্রীদের দেহ তল্লাশি করার সময় ৮২টি গুলিসহ একটি একে-৪৭ রাইফেল, একটি শর্টগান, পাঁচটি মোবাইল ফোনসেট উদ্ধার করে। অবৈধ অস্ত্র বহনের অভিযোগে পুলিশ শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা খান আঁখি, চরমপন্থী নারীসদস্য রানি খাতুন, আবদুর রাজ্জাক ও মাইক্রোবাসের চালক শাহীনকে গ্রেপ্তার করে।পরে আঁখির স্বীকারোক্তিতে দৌলতপুর উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র রাখার অভিযোগে আক্কাস আলী মোল্লাকেও গ্রেপ্তার করে পুলিশ। সে সময় পুলিশ দাবি করে গ্রেপ্তার হওয়া সবাই চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের সদস্য।পরের দিন ৩ নভেম্বর কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নওশাদ আলী বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় অস্ত্র আইনে পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন গোয়েন্দা শাখা পুলিশের তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।