আওয়ামী লীগের পশ্চাদ্যাত্রা
দেশের মানুষের সঙ্গে রাজনৈতিক নেতাদের সবচেয়ে বড় ওয়াদার দলিল হচ্ছে নির্বাচনী ইশতেহার। ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ যেসব ওয়াদা করেছিল, তাতে দলের ভেতর গণতন্ত্রচর্চার কোনো প্রতিশ্রুতি ছিল না। ইশতেহারের সঙ্গে ২০২১ সালে আওয়ামী লীগ কেমন বাংলাদেশ দেখতে চায়, এই মর্মে একটি রূপকল্প প্রকাশ করা হয়। তাতে অন্য বহু কিছুর সঙ্গে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক রীতিনীতি, গণতন্ত্রচর্চা ও অধিকতর সংস্কারের লক্ষ্যে যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। ২০২১ সালের রূপকল্প এখনই বাস্তবায়িত করা হবে, তেমন কোনো কথা নেই। তবে এই বাস্তবায়নের কোনো ইঙ্গিতও যদি খুঁজতে যান কেউ দলটির ২০০৯ সালের কাউন্সিলে, তাহলে তাঁকে হতাশ হতে হবে।আওয়ামী লীগের কাউন্সিল ২০০৯ সালের সালতামামিতে একটি বড় ঘটনা হলেও তা ইতিবাচক অর্থে নয়। এই কাউন্সিল বা সম্মেলন স্বাভাবিক সম্মেলন ছিল না, অনেকাংশেই ছিল নির্বাচন কমিশনের আইনি বাধ্যবাধকতা রক্ষার সম্মেলন। সম্মেলনের আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দলের শীর্ষস্থানীয় নেতারা দলে যৌথ নেতৃত্বকাঠামো, নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ এবং সভানেত্রীর ক্ষমতা হ্রাসসহ বিভিন্ন সংস্কার কর্মসূচির কথা প্রকাশ্যে বলেছিলেন। ২০০৭ সালের ২৩ জুন ডেইলি স্টার-এর একটি শিরোনাম ছিল এমন: ‘AL reformists for curbing party chief's ‘‘absolute” power.’ দলনেত্রী শেখ হাসিনাও বিভিন্ন বক্তব্যে দলের ভেতর গণতন্ত্রচর্চার লক্ষ্যে সংস্কারের কথা বলেছিলেন ওই সময়। এরও আগে ২০০৫ সালের ১৫ জুলাই তিনি ১৪ দলের পক্ষে যে সংস্কার কর্মসূচি দেন, তার মধ্যে অন্যতম ছিল রাজনৈতিক দলের মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্র নিশ্চিতকরণ।২০০৯ সালের ২৪ জুলাই কাউন্সিলে এই গণতন্ত্রচর্চা নিশ্চিতকরণের কোনো উল্লেখযোগ্য লক্ষণ দেখা যায়নি। সেখানে দলের সভানেত্রী হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। দলে তাঁর জনপ্রিয়তা ও অবদানের নিরিখে সেটি হওয়া খুবই স্বাভাবিক। যেটি অস্বাভাবিক, তা ছিল কাউন্সিলে সংস্কার ভাবনা ও সংস্কারকামী নেতৃত্বের অসহায় আত্মসমর্পণ। কাউন্সিলরদের সবাই বরং দলের কেন্দ্রীয় নেতাদের নির্বাচনের সব ক্ষমতা আগের মতোই অর্পণ করেন শেখ হাসিনার কাছে। এটি তিনটি সম্ভাবনার ইঙ্গিত দেয়। হয় তাঁদের কেউই নিজের স্বাধীন ইচ্ছা ও মতামত প্রয়োগ করে কোনো নেতা নির্বাচন করতে চাননি, না হয় তাঁরা তাঁদের প্রকৃত ইচ্ছা জানানোর সুযোগ পাননি অথবা পুরো দলের একজনও কার্যনির্বাহী সংসদের কোনো পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহ বোধ করেননি। এর একটিও যদি সত্য হয়, তাহলে তা ৬০ বছরের পুরোনো একটি গণতান্ত্রিক দলের জন্য বিপজ্জনক। এই বিপদের প্রথম লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে সভানেত্রী কর্তৃক দলের নেতাদের নির্বাচনের মধ্য দিয়ে। ‘সকলের’ কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়ে কাউন্সিলের পর আওয়ামী লীগ নেত্রী দলের সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ও সাংগঠনিক সম্পাদক পদ থেকে প্রায় দেড় ডজন প্রভাবশালী নেতাকে বাদ দেন। বাদ পড়া ব্যক্তিদের মধ্যে তাঁরাই ছিলেন, যাঁরা এক-এগারো-পরবর্তী সময়ে আওয়ামী লীগের ভেতর সংস্কার এবং দলে নিয়মিত কাউন্সিল ও যৌথ নেতৃত্বকাঠামো প্রতিষ্ঠার কথা বলেছেন। গণহারে তাঁরা বাদ পড়ার পর দলনেত্রী কোনোভাবে অখুশি হতে পারেন—এমন কোনো বক্তব্য প্রদান করার সাহস আর কেউ আওয়ামী লীগে দেখাবেন বলে মনে হয় না। এতে দলের ভেতর বহু মতের চর্চা রুদ্ধ হবে, দলের বিকাশ বাধাগ্রস্ত হবে, দলের নেত্রী উপযুক্ত পরামর্শ থেকে বঞ্চিত হবেন। দলের ভেতর ক্ষমতার অতিকেন্দ্রিকতা সৃষ্টি হবে, এক নেত্রীর ওপর প্রত্যাশা ও নির্ভরতার অতিরিক্ত চাপ সৃষ্টি হবে, সরকার পরিচালনায়ও এর প্রভাব পড়বে।বাদ পড়াদের জায়গায় এমন অনেকে এসেছেন, যা আওয়ামী লীগের মতো দলের জন্য আরও বিস্ময়কর। সেখানে অন্যদের সঙ্গে সভানেত্রীর সাইকোফ্যান আছেন, আত্মীয়রা আছেন, আছেন দেশের বাড়ির লোক। তাঁদের কারও কারও কেন্দ্রীয়ভাবে দলকে নেতৃত্ব দেওয়ার কোনো রকম পূর্ব অভিজ্ঞতা নেই। সাধারণ কাউন্সিলরদের তাঁদের ভালো করে চেনারই কথা নয়, গোপন ব্যালটে নির্বাচন হলে তাঁদের তাই নির্বাচিত হওয়ারও কোনো সম্ভাবনা ছিল না বলা যায়। যেহেতু তাঁরা একজন নেত্রীর ইচ্ছায় নির্বাচিত হয়েছেন, তাই তাঁদের সেই নেত্রীর প্রতি শুধু দায়বদ্ধ থাকার কথা, দলের প্রতি নয়। নেত্রীর কোনো ভুলে তাই গোটা দল ভবিষ্যতে সমস্যায় পড়তে পারে। নতুন নেতৃত্বে বহুসংখ্যক মন্ত্রীর উপস্থিতি সরকার ও দলের গতিশীলতাকে ব্যাহত করবে।কাউন্সিলের আগে জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িয়ে আওয়ামী লীগ দিনবদলের ডাক দিয়েছিল। কাউন্সিলে নেতৃত্ব নির্বাচন বা নেতাদের বক্তব্যে দিনবদলের কোনো লক্ষণ দেখা যায়নি। দলের সভানেত্রী শেখ হাসিনা কাউন্সিলরদের নেতা নির্বাচনের জন্য গোপন ব্যালট বাক্সে ভোটাভুটি করার আন্তরিক নির্দেশ দিয়ে এবং তা বাস্তবায়ন করে সত্যিকার দিনবদলের সূচনা করতে পারতেন। অগণতান্ত্রিক দলগুলোর জন্য আরও একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের সুযোগ ছিল তাঁর। তিনি তা করেননি। হয়তো সে কারণেই পরবর্তীকালে যথেষ্ট সমালোচনার মুখোমুখি না হয়েই বিএনপি তাদের কাউন্সিলে একই অগণতান্ত্রিক রীতি অনুসরণ করতে পেরেছে।স্বাধীনতা-পূর্বকালের মতো রাজনৈতিক দলে নেতারা কাউন্সিলরদের ভোটে নির্বাচিত না হলে এবং মুক্তভাবে কথা বলার সুযোগ না পেলে দলের ভেতর গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্রহীন দল দেশেও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না।