আওয়ামী লীগের প্রার্থী নুরনবী, ‘সব’ প্রস্তুতি আছে বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন নুরনবী চৌধুরী।দলটির সংসদীয় বোর্ডের এ সিদ্ধান্তের কথা গতকাল বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।মনোনয়ন নিশ্চিত হওয়ার পর নুরনবী চৌধুরী প্রথম আলোর কাছে দাবি করেন, স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তার বিচারে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে।জানতে চাইলে গত রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ওরফে হানিফ প্রথম আলোকে বলেন, জসিমউদ্দিন আর আওয়ামী লীগের প্রার্থী থাকছেন না।২৯ ডিসেম্বরের নির্বাচনে জসিমউদ্দিন আহমদ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ভোলা-৩ আসন থেকে বিজয়ী হয়েছিলেন। অবসর গ্রহণ-সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতের রায়ে তাঁর প্রার্থিতা বাতিল হওয়ায় আসনটি শূন্য হয়।আওয়ামী লীগের সংসদীয় বোর্ড প্রাথমিকভাবে জসিমউদ্দিন ও নুরনবী চৌধুরীকে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশ দেয়। স্থানীয় আওয়ামী লীগ জসিমউদ্দিনের বিরোধিতা করায় শেষ পর্যন্ত নুরনবী চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়া হয় বলে জানা গেছে।জসিমউদ্দিন গতকাল সকালে এ প্রতিবেদককে বলেছেন, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন। দুপুরে ভোলা প্রেসক্লাবে আওয়ামী লীগের দুই প্রার্থীর যৌথ সংবাদ সম্মেলনেও তিনি একই কথা বলেন। তবে বিকেলে নুরনবী চৌধুরীর মনোনয়ন নিশ্চিত হওয়ার পর প্রতিক্রিয়া জানতে চেষ্টা করেও জসিমউদ্দিনকে পাওয়া যায়নি।প্রসঙ্গত, ৮ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।এদিকে আওয়ামী লীগের প্রার্থীকে মোকাবিলা করতে যুবদল ও ছাত্রদলের ক্যাডাররা প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।গতকাল ভোলা বিএনপির কার্যালয়ে জেলার এক কর্মিসভায় সরকারদলীয় লোকদের মোকাবিলায় যুবদল ও ছাত্রদলকে প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহম্মেদ। পরে তিনি প্রথম আলোকে বলেন, নুরনবী ঢাকা সিটি করপোরেশনে দীর্ঘদিন ধরে টেন্ডারবাজি করছেন। তাঁর বিশাল একটি ক্যাডার বাহিনী আছে। তাই আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হলে বিএনপির নেতা-কর্মীরা যাতে মোকাবিলা করতে পারে, সে জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।স্থানীয় বিএনপির নেতাদের আশঙ্কা, নুরনবী ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়ায় নির্বাচনী এলাকায় বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বাড়তে পারে, এ আলামত দেখা দিয়েছে। তাঁরা সম্ভাব্য সংঘর্ষ এড়াতে নির্বাচনী এলাকায় তাঁদের প্রার্থীর পক্ষে বড় ধরনের সভা-সমাবেশের পরিবর্তে পথসভা করারও সিদ্ধান্ত নিয়েছেন।ভোলা জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র গোলাম নবী ওরফে আলমগীর প্রথম আলোকে বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন চাই। তবে সরকারদলীয় প্রার্থী ক্যাডার নিয়ে হামলা চালালে এর মোকাবিলায় বিএনপি সব ধরনের শক্তি কাজে লাগাবে।’সামনে থাকবে যুবদল ও ছাত্রদল: বিএনপির সহযোগী সংগঠন দুটির স্থানীয় কয়েকজন নেতা প্রথম আলোর কাছে স্বীকার করেন, আওয়ামী লীগের প্রার্থীকে মোকাবিলায় যুবদল ও ছাত্রদল একাধিক বৈঠক করে কর্মপন্থা ঠিক করেছে। যুবদল একটি ছকও তৈরি করেছে বলে জানা গেছে।যুবদলের ভোলা জেলা সভাপতি ইয়ারুল আলম প্রথম আলোকে বলেন, উপনির্বাচনে বিএনপির নির্দেশ অনুযায়ী যুবদল কাজ করবে। নির্বাচনে সরকারদলীয় ক্যাডারদের রুখতে যুবদল পৃথক পরিকল্পনা নিয়েছে।পরিকল্পনা বাস্তবায়নে অস্ত্রের ব্যবহার হবে কি না—এ প্রশ্নের জবাবে ইয়ারুল আলম বলেন, ‘আমরা নিজেরা আগ বাড়িয়ে কিছু করব না। তবে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন ভোটারদের ভয়ভীতি দেখালে বা বিএনপিকে এলাকাছাড়া করতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের অবৈধ কর্মকাণ্ডকে বিনা বাক্যে মেনে নেওয়া হবে না।’জানতে চাইলে ছাত্রদলের সভাপতি আবদুল কাদের বলেন, ‘আমরা ভোটারদের পাশে থাকব, যাতে তাঁরা আওয়ামী লীগের ক্যাডারদের কারণে অসহায় বোধ না করেন। আওয়ামী লীগের ক্যাডারদের মোকাবিলায় ছাত্রদল প্রস্তুত আছে।’এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী নুরনবী চৌধুরী অভিযোগ করেন, তাঁকে মোকাবিলার নামে বিএনপি মূলত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে এলাকায় কোনো অভিযোগ বা দুর্নাম খুঁজে পায়নি তারা। তাই তারা বাইরে থেকে ধার করে অভিযোগ হাজির করছে।’মনোনয়নপত্র বাছাই: গতকাল সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাই করেন। এতে আওয়ামী লীগের দুই প্রার্থী ও বিএনপির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাছাইয়ে ফরিদ ফরাজী নামের একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।