স্থানীয় আওয়ামী লীগের বাধার মুখে বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান কর্ণফুলী সার কারখানায় (কাফকো) আসতে পারেননি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। গতকাল রোববার সকালে কাফকোতে এসে তাঁর একটি বিরোধ মীমাংসার কথা ছিল। বিরোধ নিষ্পত্তি না হওয়ার কারণে কাফকোর কর্মকর্তাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।অভিযোগ পাওয়া গেছে, গতকাল বিকেলে কাফকোর পরিদর্শন প্রকৌশলী বদরুল আলম তাঁর স্ত্রীকে নিয়ে বাসায় ফেরার সময় সেন্টার নামক স্থানে স্থানীয় লোকজন তাঁকে মারধর করে। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।কারখানা সূত্র জানায়, কাফকোতে নতুন করে আটজন কর্মী নিয়োগ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ-দলীয় সাংসদ আখতারুজ্জমান চৌধুরী বাবুর সমর্থকেরা ওই কারখানা কর্তৃপক্ষের ওপর ক্ষিপ্ত হন। শিল্পমন্ত্রীর অনুরোধের চারজন নিয়োগ পান কাফকোর প্রশাসন বিভাগে। আর সাংসদের অনুরোধের চারজনকে নিয়োগ দেওয়া হয় নিরাপত্তা বিভাগে। এ কারণে সাংসদ-সমর্থক স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা কাফকো প্রশাসনের ওপর ক্ষুব্ধ হন।এ ঘটনার জের ধরে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তিন সপ্তাহ আগে কাফকোর মহাব্যবস্থাপক (প্রশাসন) এম এন ইকবাল ও পরিচালক (অপারেশন) খায়রুল আলম আজাদ স্থানীয় লোকজনের হাতে লাঞ্ছিত হন। সে সময় ওই দুই কর্মকর্তার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়। গতকাল নতুন করে আরও একজন প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ সম্পর্কে স্থানীয় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘এই ধরনের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে লোক পাঠাই। কিন্তু আহত কাউকে পাওয়া যায়নি।’জানা গেছে, প্রথমবারের ঘটনার একটি সম্মানজনক নিষ্পত্তির জন্য মন্ত্রীর গতকাল কাফকোতে আসার কথা ছিল। এ জন্য মন্ত্রী গতকাল সকালে দুবাই থেকে ঢাকায় ফেরেন। ঢাকা থেকে আরেকটি সংযোগ ফ্লাইটে তাঁর চট্টগ্রামে আসার কথা ছিল। বিমানবন্দর থেকে মন্ত্রীর সরাসরি কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলায় অবস্থিত কাফকো পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি ঠিক করে এ-সংক্রান্ত সরকারি সফরসূচি প্রশাসনের পক্ষ থেকে প্রচার করা হয়। জানা গেছে, সকাল থেকে কাফকো কারখানার প্রধান ফটক দখল করে নেন সাংসদের সমর্থনপুষ্ট আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা দলীয় স্লোগানের পাশাপাশি স্থানীয় সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর পক্ষেও স্লোগান দেন। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় কর্ণফুলী থানার বাইরে অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। গতকাল সকালে কাফকো এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অন্তত তিন শতাধিক নেতা-কর্মী কাফকোর প্রধান ফটক ও কাফকো আবাসিক এলাকায় অবস্থান নেন। উপজেলা সভাপতি বাহাউদ্দিন খালেক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী তাঁদের নেতৃত্ব দেন। মূল ফটকে মাইক লাগিয়ে তাঁরা সমাবেশ করে কাফকোর শীর্ষ কর্মকর্তাদের প্রত্যাহার দাবি করেন। তাঁরা কাফকোর পাশের সরকারি সার কারখানায় চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) গ্যাস সরবরাহ বন্ধ রেখে কাফকোতে গ্যাস দেওয়ার প্রতিবাদ করেন। কাফকোর পরিচালক (অপারেশন) খায়রুল আলম আজাদ প্রথম আলোকে বলেন, ‘চারজনের পদ নিয়ে অসন্তোষ আছে জেনে আমরা তা সমাধানের উদ্যোগ নিই। এ জন্য কিছু সময় প্রয়োজন। কিন্তু স্থানীয় নেতারা আমাদের সে সময় দিতে রাজি নন। তিনি বলেন, এসব সমস্যা তো এক ঘণ্টায় সমাধান সম্ভব নয়। আমাদেরও কিছু নিয়ম মেনে কাজ করতে হয়।’ তিনি বলেন, ‘নিয়োগের ক্ষেত্রে আমরা সব সময়ই স্থানীয় লোকজনকে অগ্রাধিকার দিয়ে থাকি।’তবে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন খালেক শাহাজী প্রথম আলোকে বলেন, ‘কাফকোতে অন্তত দুই শ কর্মকর্তা আছেন। তাঁদের মধ্যে আনোয়ারার আছেন মাত্র ২০ জন। চুক্তিভিত্তিক ২৫০ জন কর্মচারী আছেন। তাঁদের চাকরি প্রতিবছর নবায়ন করার সময় বিপুল পরিমাণ ঘুষ দিতে হয়। আগামীতে কাফকোতে নিয়োগের ক্ষেত্রে শতভাগ আনোয়ারার লোক নিয়োগ দিতে হবে। তা না হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’