আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার
বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আজ বৃহস্পতিবার বিকেলে ‘বিজয় শোভাযাত্রা’র আয়োজন করে। শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে বিকেল চারটায় শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৩২ নম্বর বাড়িতে গিয়ে শেষ হয়। প্রায় দেড় ঘণ্টা এ শোভাযাত্রায় মুক্তিযুদ্ধকালীন খণ্ড খণ্ড ঘটনাপ্রবাহ ফুটিয়ে তোলে আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ। খোলা ট্রাক, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, রিকশা-ভ্যান সবই ছিল শোভাযাত্রায়। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পায়ে হেঁটে পাড়ি দিয়েছে অনেকে। অংশগ্রহণকারীদের হাতে শোভা পাচ্ছিল জাতীয় পতাকা, বিভিন্ন স্লোগান-সংবলিত ব্যানার-ফেস্টুন। কারও হাতে বাঁশি, কেউ বাদ্যের তালে তালে নেচে-গেয়ে বিজয় উদযাপন করে।শোভাযাত্রায় মুক্তিযোদ্ধার সাজে সেজে এসেছেন অনেকেই। ‘রাজাকার’র সাজে সাজিয়ে প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছে শোভাযাত্রায়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সাকা চৌধুরীর বিচার চেয়ে এবং তাঁকে গ্রেপ্তার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দেয়। শোভাযাত্রার শুরুর আগে একটি ট্রাককে অস্থায়ী মঞ্চ বানিয়ে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ফটকের সামনে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সাজেদা চৌধুরী বলেন, বিজয়ের দিনে এক রাজাকার ধরা পড়েছে। সরকার এক বছরের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার করে জনগণকে দেওয়া ওয়াদা রক্ষা করবে।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, সাকা চৌধুরী দম্ভ করে বলেছিল তাঁকে গ্রেপ্তার করার সাহস হবে না সরকারের। বাঙালিদের রক্তে যাদের হাত সিক্ত, তাদের গ্রেপ্তারে শেখ হাসিনা কেন কোনো বাঙালিই ভীত নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আজ আমাদের আনন্দ করার দিন। বাঙালি আজ আনন্দ করবে।’ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত যুদ্ধাপরাধীদের বিচারকাজ আগামী জানুয়ারি থেকে শুরু করার আহ্বান জানান। তিনি সাকা চৌধুরীর গ্রেপ্তারের প্রসঙ্গে বলেন, কোনো খুঁটির জোরই কাজ হবে না। কেউ আইনের ঊর্ধ্বে নন—সাকাকে গ্রেপ্তারের মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে। শোভাযাত্রার উদ্বোধন করেন সৈয়দা সাজেদা চৌধুরী। শোভাযাত্রায় জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আফজাল হোসেন, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাংসদ, সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা-কর্মী, সহযোগী সংগঠন আলাদা আলাদা ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা যাওয়ার সময় প্রেসক্লাব থেকে রমনা, শাহবাগ ও মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় যানজটের সৃষ্টি হয়।