আওয়ামী লীগের মধ্যে যুদ্ধাপরাধী রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আওয়ামী লীগের মধ্যে থাকা এসব যুদ্ধাপরাধীর তালিকা তৈরি করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে দলটি। আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান। জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা শহরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসাশিক্ষকসহ শতাধিক ওলামা জাতীয়তাবাদী ওলামা দলে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘দেশ এখন ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। স্বাধীনতার পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ দেশে দুর্ভিক্ষ এনেছিল। তখন মানুষ দুবেলা দুমুঠো খাবার পর্যন্ত পায়নি। অতীতে আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয়েছিল। এ সরকারও ব্যর্থ হয়েছে।’ বিএনপির নেতা অভিযোগ করেন, সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে। অথচ সরকার সেদিকে চোখ দিচ্ছে না। তিনি বলেন, আজকাল দাড়ি-টুপি থাকলে তাদের রাজাকার বলে চিহ্নিত করা হচ্ছে।মির্জা ফখরুল বলেন, সরকারের ১৫ মাসে বিরোধী দল একবারও হরতাল-অবরোধ করেনি। বিএনপি চেয়েছিল সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। কিন্তু সরকার বিরোধী দলের প্রতি প্রতিহিংসার রাজনীতি করছে। তিনি দেশের মানুষকে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।