আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় ১৯ পৌরসভা পেয়েছে জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে প্রার্থী সমর্থন নিয়ে শেষ পর্যন্ত মহাজোটের প্রধান এই দুই শরিক আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সমঝোতা হয়েছে। জাতীয় পার্টির দাবি, আওয়ামী লীগ ১৯টি পৌরসভার মেয়র পদে তাদের প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। তবে আওয়ামী লীগের নেতারা সমঝোতা হয়েছে বলে জানালেও কয়টি পৌরসভায় জাতীয় পার্টিকে সমর্থন দেওয়া হচ্ছে, তা জানাতে রাজি হননি। জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলে মহাজোটে টানাপোড়েন শুরু হয়। শেষ পর্যন্ত দুই দলের নেতারা কয়েক দিনের টানা আলোচনার পর গতকাল সোমবার সমঝোতায় পৌঁছান। এখন ২৬০টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। সমঝোতার কথা স্বীকার করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, মহাজোটকে আরও সুসংহত করা এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার বিকল্প নেই। তবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বড় দল, তাদের সহযোগিতার ওপরই মহাজোট নির্ভর করে। আমাদের আন্তরিকতা ও চেষ্টার কমতি নেই।’একইভাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সমঝোতার কথা উল্লেখ করে প্রথম আলোকে বলেন, মহাজোটের ঐক্য যে অটুট এবং সুদৃঢ় আছে, তা ঐক্যবদ্ধভাবে পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমেই প্রমাণিত হবে। জাতীয় পার্টির সূত্র জানায়, আওয়ামী লীগ ১৯টি পৌরসভার মেয়র পদ ছেড়ে দিয়েছে জাতীয় পার্টিকে। তবে তারা আরও পাঁচটি পৌরসভা চেয়েছে। বৈঠকে আওয়ামী লীগের নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। পৌরসভা পাঁচটি হলো: মাগুরা সদর, নোয়াখালীর চাটখিল, চাঁদপুরের হাজীগঞ্জ, কুমিল্লার চৌদ্দগ্রাম এবং পটুয়াখালীর কলাপাড়া। আজকালের মধ্যেই এ পৌরসভাগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। সূত্র জানায়, দুই দিন ধরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর বনানীর কার্যালয়ে দুই দলের মধ্যে আলোচনা হয়। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে ছিলেন প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। জাতীয় পার্টির পক্ষে ছিলেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম চৌধুরী ও সোলায়মান শেঠ। বৈঠক সূত্র জানায়, আলোচনায় আওয়ামী লীগের নেতারা বিজয়ী হওয়ার মতো জাতীয় পার্টির কোনো প্রার্থী থাকলে তা দেওয়ার নীতিগত অবস্থান তুলে ধরেন। শেষ পর্যন্ত এলাকায় অবস্থান ও তৃণমূলের সমর্থনের ওপর ভিত্তি করে ১৯টি পৌরসভায় জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়। জাতীয় পার্টির ১৯ পৌরসভা: সমঝোতা বৈঠকের পর গতকাল রাতেই ১৯টি পৌরসভায় জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রথম আলোর কাছে যে প্রার্থীদের নাম জানান, তাঁরা হলেন: বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় মিজানুর রহমান, মুলাদীতে শুক্কুর আলী খান, সাতক্ষীরা সদরে আজহার আলী, খুলনার চালনায় আবদুল হানিফ, রানীশংকৈলে মোহাম্মদ তোহা, রংপুরের বদরগঞ্জে আসাদুজ্জামান চৌধুরী, নীলফামারীর জলঢাকায় ইলিয়াশ হোসেন, কুড়িগ্রাম সদরে মজিদুল আলম, উলিপুরে গোলাম মোস্তফা, নাগেশ্বরীতে আবদুর রহমান, গাইবান্ধার সুন্দরগঞ্জে আবদুল মজিদ, বগুড়ার গাবতলীতে গোলাম রব্বানী বেলাল, রূপগঞ্জের তারাবতে মতিউর রহমান, মানিকগঞ্জের সিংগাইরে মো. শাহজাহান মীর, মুন্সিগঞ্জ সদরে মজিবুর রহমান, মাধবদীতে মো. সফিউদ্দিন অথবা তাঁর স্ত্রী, সুনামগঞ্জ সদরে সালেহা বেগম, জকিগঞ্জে আবদুল খালিক, চট্টগ্রামের পটিয়ায় শামসুল আলম মাস্টার।