আওয়ামী লীগের সিদ্ধান্ত অনেক, বাস্তবায়ন নেই
সাংগঠনিক বিষয়ে গত দুই বছরে অনেক সিদ্ধান্ত নেওয়া হলেও তা বাস্তবায়ন করতে পারেনি আওয়ামী লীগ। ঘরোয়া সভা-সমাবেশ আর দিবসভিত্তিক কর্মসূচি পালনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে দলীয় কর্মকাণ্ড।এদিকে সাংগঠনিক তেমন কোনো কার্যক্রম না থাকায়, ক্ষমতাসীন দলটির নেতা-কর্মীরা ব্যক্তিগত চাওয়া-পাওয়া নিয়ে বেশি ব্যস্ত থাকেন বলে জানা গেছে। দলীয় কার্যালয়ের চেয়ে তাঁদের বিভিন্ন সরকারি দপ্তরে ঘোরাফেরা করতে বেশি দেখা যায়।দলীয় সূত্রগুলো জানায়, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিভাগীয় মহাসমাবেশ, জেলা-উপজেলায় কাউন্সিল করা, দলীয় কার্যালয় স্থাপন, কেন্দ্রীয় উপকমিটি গঠনসহ দুই বছরে নানা সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন দলটি। কিন্তু এসব সিদ্ধান্তের বেশির ভাগই বাস্তবায়িত হয়নি।খোঁজ নিয়ে জানা যায়, ২০১০ সালের ৩০ জানুয়ারি ঘটা করে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ঢাকা মহানগরসহ অনেক জেলায় তা শুরুই হয়নি। এখন অঘোষিতভাবেই বন্ধ হয়ে গেছে এ অভিযান। সদস্য সংগ্রহের জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তার অর্ধেকও অর্জন হয়নি বলে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন।বছর খানেক আগে নেওয়া কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক সফর কর্মসূচিও পালিত হয়েছে দায়সারাভাবে। জেলায় জেলায় বর্ধিত সভা করার কথা থাকলেও ঢাকা বিভাগেই তা পালিত হয়নি। অন্যান্য বিভাগেও পুরোপুরি সফল হয়নি বলে জানা গেছে।সদস্য সংগ্রহ অভিযানের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, এটা ঠিক, ঢাকা মহানগরে সদস্য সংগ্রহ অভিযান এখনো শুরু হয়নি। এ ক্ষেত্রে আমাদের কিছুটা সমস্যা ছিল, যা কাটিয়ে উঠতে পারিনি।দলীয় সূত্র জানায়, বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর (২০০৯ সালের ২৪ জুলাই কাউন্সিল হয়) থেকে গত মার্চ পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ১২টি বৈঠক হয়েছে। জরুরি বৈঠক হয়েছে সাত-আটটি। সভাপতিমণ্ডলী ও উপদেষ্টামণ্ডলীরও বেশ কিছু বৈঠক হয়েছে। তৃণমূল নেতাদের ঢাকায় এনে কেন্দ্রীয়ভাবে বর্ধিত সভাও হয়েছে। এসব বৈঠকে নেওয়া সাংগঠনিক সিদ্ধান্ত খুব একটা বাস্তবায়িত হয়নি।২০১০ সালের ১৬ জুলাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনমত গঠনে জেলায় জেলায় সমাবেশ এবং পরে সাতটি বিভাগীয় মহাসমাবেশ করা হবে বলে সিদ্ধান্ত হয়। মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা ছিল। প্রায় আট মাস পেরিয়ে গেছে। এখন পর্যন্ত মহাসমাবেশের তারিখ নির্ধারণ করতে পারেনি দলটি। ১৪ দলের একাধিক মাসিক বৈঠকে শরিক দলের নেতারা এ কর্মসূচির বিষয়টি তুলেছেন। আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তারিখ ঠিক করার কথা জানান।কার্যনির্বাহী সংসদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১৯টি উপকমিটির মধ্যে ১১টি উপকমিটি গঠন করা হয়। বাকি আটটি উপকমিটি এখনো হয়নি।সূত্র জানায়, ২০০৯ সালের ৩ অক্টোবর আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়, দলের নির্বাচনী ইশতেহার এবং ঘোষণাপত্র অনুযায়ী কাজ করবে কেন্দ্রীয় কমিটি। মিডিয়া সেন্টার পুনর্গঠন ও সক্রিয় এবং দলীয় বুলেটিন উত্তরণ নিয়মিত প্রকাশ করা হবে। এ ছাড়া ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা সম্মেলন শেষ করে মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন, নিজস্ব অর্থায়নে জেলা-উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যালয় স্থাপনসহ অনেকগুলো সিদ্ধান্ত হয়। এর মধ্যে দলীয় বুলেটিন সম্প্রতি নিয়মিত প্রকাশ শুরু হয়েছে। কিন্তু অন্যান্য সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি।দলীয় সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। তিনি গণভবনে পর্যায়ক্রমে জেলা ও উপজেলা নেতাদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেন। এরপর গত বছরের ১২ নভেম্বর কক্সবাজার জেলার নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তা শুরুও হয়েছিল। কিন্তু এরপর আর কোনো জেলার নেতার সঙ্গে এমন বৈঠক হয়নি।কেবল দল নয়, নিষ্ক্রিয় মহাজোটকে শক্তিশালী করতে নেওয়া সিদ্ধান্তগুলোরও বাস্তবায়ন নেই। প্রতি মাসের শেষ শনিবার ১৪ দলের বৈঠক করার সিদ্ধান্ত হয়েছিল। মাস তিনেক তা নিয়মমাফিক চলছিল। এখন তা আবার অনিয়মিত হয়ে গেছে। তিন বছর মেয়াদি বর্তমান কেন্দ্রীয় কমিটির অর্ধেক সময় পার হলেও যুগ্ম সাধারণ সম্পাদকের একটি পদ শূন্য রয়েছে। সভাপতিমণ্ডলীর একজন সদস্যের মৃত্যু হওয়ায় ওই পদও খালি আছে।দলটির বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, ক্ষমতার দুই বছরে সাংগঠনিক তেমন কোনো কার্যক্রম না থাকায় নেতা-কর্মীরা ব্যক্তিগত চাওয়া-পাওয়া নিয়েই বেশি ব্যস্ত। দলীয় কার্যালয়ের পরিবর্তে বিভিন্ন সরকারি দপ্তরে তাঁদের ঘোরাফেরা বেশি। ঢাকায় সচিবালয়, নগর ভবন, রাজউক, খাদ্য ভবন, শিক্ষা ভবন, বিদ্যুৎ ভবনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তদবির ও দেনদরবার ছাড়াও অনেকের বিরুদ্ধে সরকারি জমি দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগও উঠেছে বিভিন্ন সময়ে। প্রায় একই চিত্র বিভিন্ন জেলা-উপজেলায়ও। সাংগঠনিকভাবে ও সরকারিভাবে বারবার হুঁশিয়ারি দেওয়া হলেও টেন্ডারবাজ ও চাঁদাবাজ নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে চাওয়া-পাওয়া নিয়ে একশ্রেণীর দলীয় নেতা-কর্মীর বিভিন্ন সময়ে অভ্যন্তরীণ কোন্দল ও সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনাও ঘটেছে।বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় এবং দলীয় প্রধানের ধানমন্ডির কার্যালয় ঘুরে এখন আর আগের মতো নেতা-কর্মীদের পদচারণ দেখা যায় না। অবশ্য নতুন কিছু মুখ পাওয়া যায় ওই সব কার্যালয়ে, যাঁদের দলীয় নেতারাই চেনেন না। কেন্দ্রীয় নেতাদের অনেকেই নিয়মিত দলীয় কার্যালয়ে যান না বলেও অভিযোগ রয়েছে। জেলা ও উপজেলা পর্যায়েও একই অবস্থা। কেবল দিবসভিত্তিক কর্মসূচি ছাড়া দলীয় কার্যালয়ে পা পড়ে না মন্ত্রী-নেতা-সাংসদদেরও।সাংগঠনিক সিদ্ধান্ত কেন বাস্তবায়ন হচ্ছে না, জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবু উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর জেলা ও উপজেলা কাউন্সিল হবে। কিন্তু ওই দুটি নির্বাচন বারবার পিছিয়ে যাওয়ায় তৃণমূলের কাউন্সিল করতে পারিনি। তবে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ (জুলাইয়ের ৫ তারিখ শেষ হবে) হওয়ার পরপরই ইউনিয়ন কাউন্সিল শুরু করে দেব। আগস্ট শোকের মাস বলে এ মাসে কোনো কাউন্সিল হবে না। সেপ্টেম্বরে ইউনিয়ন কাউন্সিল শেষ করব। এরপর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ চলতি বছরের মধ্যেই উপজেলা কাউন্সিল শেষ করব। নতুন বছরে জেলা কাউন্সিল শুরু করার পরিকল্পনা আছে। বিভাগীয় মহাসমাবেশ কেন হলো না, জানতে চাইলে মাহবুব উল আলম হানিফ বলেন, পৌরসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কিছু আচরণবিধি ছিল। সে কারণে মন্ত্রীদের বিভাগীয় সমাবেশে বক্তৃতা করা সম্ভব হয়নি। আইনি বিধিনিষেধের জন্যই বিভাগীয় কর্মসূচি করা যায়নি। তবে সুবিধামতো সময়ে আমরা এ কর্মসূচি পালন করব।