টাকার অভাবে নিজে লেখাপড়া শেষ করতে পারেননি, কিন্তু তাই বলে থেমে যাননি। শিক্ষার আলো ছড়িয়ে চলেছেন নিরক্ষর মানুষের মাঝে। দীর্ঘ ১৩ বছর ধরে নিজ বাড়িতে ‘প্রজন্ম নাইট স্কুল’ স্থাপন করে অ আ ক খ শেখাচ্ছেন। শিক্ষার আলোর ফেরিওয়ালা এই যুবকের নাম আকবর আলী। প্রথম দিকে অনেকেই তাঁর এই কাজকে ‘পাগলামি’ বলতেন। এখন সবাই তাঁর প্রশংসা করেন, তাঁকে শ্রদ্ধা করেন।টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের আকবর আলীর স্কুলের সুনাম ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। তাই এখন শুধু নিজ গ্রামে নয়, আশপাশের গ্রামে গিয়েও নিরক্ষরদের অক্ষরজ্ঞান দিচ্ছেন আকবর।টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে তাঁতসমৃদ্ধ বল্লা গ্রাম। এ গ্রামে ঢুকলেই তাঁতের খটখট শব্দ সবার ব্যস্ততার কথা জানিয়ে দেয়। আর্থিকভাবে সমৃদ্ধ হলেও গ্রামের বেশির ভাগ মানুষ লেখাপড়া জানেন না। তা ছাড়া অসংখ্য তাঁতশ্রমিক কাজ করতে আসেন বাইরে থেকে। তাঁদেরও প্রায় সবাই নিরক্ষর। এসব মানুষের অনেকেই আকবরের নাইট স্কুলে পড়ে লিখতে ও পড়তে পারছেন।১৩ বছরে প্রায় ছয় হাজার লোককে অক্ষরজ্ঞানসম্পন্ন করে তুলেছেন আকবর। সাইকেলে গ্রামের হাটবাজারে ঘুরে নিরক্ষর লোক পেলেই তাঁকে নাইট স্কুলে নিয়ে আসেন তিনি। শিক্ষার আলো বিতরণের এই কাজটি আকবর করে চলেছেন বিনা পয়সায়।যেভাবে শুরু: বল্লা দক্ষিণপাড়ার মৃত আবদুল হালিমের আট ছেলে, এক মেয়ের মধ্যে আকবর আলীর অবস্থান সপ্তম। তাঁতশ্রমিক পিতার টানাটানির সংসারে লেখাপড়ার খরচ জোগাতে আকবরকে স্কুলে পড়ার সময় থেকেই কাজ করতে হতো।আকবর জানালেন, অষ্টম শ্রেণীতে পড়ার সময় একদিন সকালে বাড়ির কাছে একটি দোকানের সামনে বসে আছেন। তখন একটি শিশু এক টাকা নিয়ে এসে একটি পাউরুটি কিনে খুশিতে লাফাতে লাফাতে বাড়ি চলে যায়। কিছুক্ষণ পরই শিশুটিকে তার বাবা কান ধরে দোকানের কাছে নিয়ে আসেন। দোকানিকে বলেন, ‘ওকে বিড়ি আনতে পাঠিয়েছিলাম আর ও পাউরুটি কিনে নিয়ে গেছে।’ পরে পাউরুটি ফেরত দিয়ে বিড়ি নিয়ে লোকটি বাড়ির দিকে রওনা হন। শিশুটিও কাঁদতে কাঁদতে বাবার পিছু পিছু চলে যায়। আকবর বলেন, ‘এ ঘটনা দেখার পর আমার মনে তীব্র প্রতিক্রিয়া হয়। আমার মনে হয়, লেখাপড়া জানে না বলেই আজ এই অবস্থা। ছেলের হাতের পাউরুটি ফেরত দিয়ে বিড়ি কিনে খাচ্ছেন। লোকটা যদি লেখাপড়া জানতেন, তবে হয়তো ছেলের হাতের পাউরুটি ফেরত দিয়ে নিজে বিড়ি কিনতেন না। সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করি, গ্রামের লোকদের লেখাপড়া শেখাতে হবে।’এই প্রতিজ্ঞার পথ ধরে ১৯৯৪ সালে এসএসসি পরীক্ষা দিয়েই আকবর আলী শুরু করেন নিরক্ষরতার বিরুদ্ধে সংগ্রাম। প্রথমে এলাকার নিরক্ষর মানুষদের কোনো এক বাড়িতে জড়ো করে নাম লেখা, চিঠি পড়া ইত্যাদি শেখাতেন। কয়েক বছর এভাবে কাজ করার পর অনেকেই লিখতে ও পড়তে শেখেন। আকবর তাঁদের কাছের মানুষ হয়ে ওঠেন। দিন দিন বাড়তে থাকে শিক্ষার্থী। ’৯৮ সালে নিজ বাড়ির একটি কক্ষে চালু করেন প্রজন্ম নাইট স্কুল।নাইট স্কুলে একদিন: এপ্রিলের শুরুর দিকে এক সন্ধ্যায় আকবর আলীর নাইট স্কুলে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ নেই। মোমবাতি জ্বালিয়ে লেখাপড়া শিখছেন বিভিন্ন বয়সের ১৮ জন শিক্ষার্থী। ঘরের বেড়া জুড়ে টাঙানো রয়েছে শিক্ষার নানা উপকরণ। আকবর আলীর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা উচ্চারণ করছেন অ, আ, ই, ঈ...।আলাপকালে আকবর জানান, প্রতিদিন সন্ধ্যায় তিনটি শিফটে ক্লাস নেওয়া হয়। প্রথম শিফটে যাঁরা অক্ষর চেনেন না, তাঁদের অক্ষর পরিচিতি ও নাম লেখা শেখানো হয়। দ্বিতীয় শিফটে যাঁরা অক্ষর চেনেন এবং কোনোমতে নাম লিখতে পারেন, তাঁদের নাম ঠিকানা, মাস, বারের নাম ইত্যাদি শেখানো হয়। আর তৃতীয় শিফটে শিক্ষার্থীদের চিঠি লেখা, পত্রিকা পড়া, যোগ-বিয়োগসহ প্রাথমিক হিসাব যাতে করা যায়, তা শেখানো হয়।শিক্ষার্থী সুজন মিয়া জানান, তাঁর বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়। বছর খানেক আগে এই এলাকায় তাঁতশ্রমিক হিসেবে এসেছেন। লেখাপড়া জানেন না শুনে আকবর তাঁকে এই স্কুলে এনে পড়াচ্ছেন। অন্য শ্রমিক লালমনিরহাটের আইয়ুব আলী বলেন, ‘আকবর স্যারের কারণেই আজ লিখতে-পড়তে পারছি।’ মাসুদ মিয়া নামের এক শিক্ষার্থী জানালেন, এই স্কুলে তাঁরা বিনা মূল্যে বই খাতাও পান। বল্লা ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশ হারুন-অর-রশিদ বলেন, ‘গ্রামপুলিশের চাকরি নেওয়ার পর বুঝলাম, লিখতে-পড়তে জানা দরকার। তখন প্রজন্ম নাইট স্কুলে ভর্তি হয়ে তিন-চার মাসেই লিখতে ও পড়তে শিখেছি।’আকবর জানালেন, সারা দিন টিউশনি এবং তাঁতের সুতা কাটার কাজ করে যা আয় হয়, তা দিয়ে কোনোমতে স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে চলেন আকবর। উদ্বৃত্ত অর্থ দিয়ে পরিচালনা করেন এই স্কুল।আকবর সম্পর্কে তাঁরা: আকবর আলীর স্ত্রী খাদিজা আক্তার মলি বলেন, ‘প্রথম প্রথম ওর এই কাজ ভালো লাগত না। কিন্তু পরে যখন দেখলাম, ওর পরিশ্রমে অনেক মানুষ লিখতে-পড়তে পারছেন, তখন আমি নিজেও উৎসাহিত। আমার স্বামীর এই প্রচেষ্টা নিয়ে গর্ব করি।’ পাশের গ্রাম টেঙ্গুরিয়ার নিরক্ষর নারীদের জন্য ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সেখানে গিয়ে খাদিজা আক্তার ক্লাস করান বলে জানালেন।বল্লা দারুল ইসলাম মোহাম্মদিয়ার (আলিম মাদ্রাসা) অধ্যক্ষ মো. লুৎফর রহমান বলেন, ‘আকবর আলী এলাকার নিরক্ষরতা দূর করার কাজ করছেন। তাঁর উদ্যোগ ও প্রচেষ্টায় অনেকেই লিখতে-পড়তে শিখেছেন। আমরা সব সময় তাঁকে উৎসাহিত করি।’‘আমরা তথাকথিত বিশিষ্ট ব্যক্তিরা যা করতে পারিনি, আকবর তা করে আমাদের দেখিয়েছে। সে আমাদের মাঝে আশার সঞ্চার করেছে। শত প্রতিকূলতার মধ্যে এলাকাকে নিরক্ষরমুক্ত করার কাজ করে যাচ্ছে। আমরা ওকে নিয়ে গর্ব বোধ করি।’ বললেন বল্লা করোনেশন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আশরাফি।আকবরের মা আলফাতুন বেগম বলেন, এসএসসি পাস করার পর আকবর করটিয়া সরকারি সা’দত কলেজে স্নাতক শ্রেণীতে ভর্তি হয়েছিল, কিন্তু টাকার অভাবে লেখাপড়া করতে পারেনি। স্কুলটির খরচ জোগাতে আকবর একসময় চায়ের দোকান পর্যন্ত চালিয়েছে।আলো ছড়িয়ে পড়ছে: আকবর আলীর প্রজন্ম নাইট স্কুলের সুনাম এখন শুধু বল্লা গ্রামে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকাসহ অন্যান্য উপজেলায়। ইতিমধ্যে বল্লার পার্শ্ববর্তী টেংগুরিয়া গ্রামে আকবর আলী নিরক্ষর নারীদের জন্য একটি শিক্ষাকেন্দ্র চালু করেছেন। এ ছাড়া ভাঙ্গাবাড়ি ও ডাবাইল গ্রামে চলছে কার্যক্রম। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কিছু যুবক বল্লা প্রজন্ম নাইট স্কুল দেখে উৎসাহিত হয়েছেন। তাঁরা আকবরের পরামর্শ ও তত্ত্বাবধানে নিজ এলাকায় এ ধরনের স্কুল চালু করেছেন।অনেক সীমাবদ্ধতার মধ্যে আকবরকে এই স্কুল চালাতে হচ্ছে। তবে সাধারণ মানুষের খুব উৎসাহ পান তিনি। আকবরের স্বপ্ন, একদিন এলাকার প্রত্যেকটি মানুষকে নিরক্ষরতার হাত থেকে মুক্ত করবেন।