আকর্ষণ না থাকায় ভোটে জিতবেন না গ্রামের নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সমাজবাদী দলের প্রধান মুলায়ম সিং যাদব বলেছেন, নারী সংরক্ষণ বিল থেকে গ্রামের অসুন্দর নারীরা কোনোভাবেই লাভবান হতে পারবেন না। কারণ, তাঁরা বিত্তবান নারীদের মতো আকর্ষণীয় নন। খবর ‘টাইমস অব ইন্ডিয়া’র।জানা গেছে, উত্তর প্রদেশে মুলায়ম সিংয়ের দল এখন ক্ষমতায়। ওই প্রদেশে বহু দিন ধরে ঝুলে থাকা নারী সংরক্ষণ বিল পাস করানোর জন্য বিরোধী দল জোর দাবি উত্থাপন করেছে। ঠিক এ পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার এক সভায় মুলায়ম সিং নারী সংরক্ষণ বিল প্রসঙ্গে এ মন্তব্য করেন।গ্রামের নারীদের উদ্দেশ করে সমাজবাদী দলের এই নেতা বলেন, ‘শুধু বিত্তবান মেয়ে ও নারীরাই সব সময় সামনে এগিয়ে যান। মনে রাখবেন, আপনারা কোনো সুযোগ-সুবিধাই পাবেন না। আমাদের গ্রামীণ নারীরা তাঁদের মতো অত আকর্ষণীয় নন।’ (‘বড়ে বড়ে ঘরকি লেড়কিয়া অর মহিলাও কেবাল ওপর যা সাকতি হ্যায়...ইয়াদ রাখ না...আপকো মওকা নেহি মিলে গা...হামারি গাঁওকি মহিলা মে আকার্ষণ ইতনা নেহি...,’)মুলায়ম সিং আরও বলেন, তিনি এ বিলটির বিরোধিতা করছেন। কারণ, এই বিল পাস হলে শুধু বিত্তবান নারীরাই সুবিধা ভোগ করবেন। আর গরিবেরা আরও নিগৃহীত হবে।বিরোধী দলের দাবি, যদি নারী সংরক্ষণ বিল পাস হয়, তাহলে নারীরা সামনের দিকে এগিয়ে যাবেন। বিত্তবৈভবের মালিক হবেন। এই বিলে লোকসভা ও বিধানসভায় ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত করার প্রস্তাব রয়েছে।তবে মুলায়ম সিংয়ের এই মন্তব্যের তীব্র নিন্দা প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নির্মলা সিতারমন। তিনি বলেন, নারীরা সুন্দর-অসুন্দর এই মনমানসিকতা থেকে বেরিয়ে আসুন। তিনি আরও বলেন, ‘আমরা কোনো পণ্য নই, বরং যেকোনো কাজে নারীদের অনেক বড় অবদান রয়েছে।’