আকলু মিয়ার জাদু-ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর তাঁর সবজিখেতে ভালো ফলন হয়। হূষ্টপুষ্ট সতেজ সবজি বিক্রিও হয় ভালো। মোটা অঙ্কের টাকা আসে এতে। তবে সবজির ভালো ফলনের জন্য অন্য সব চাষির মতো ক্ষতিকর কীটনাশক ব্যবহার করেন না তিনি। তিনি যে কীটনাশক ব্যবহার করেন, তা পরিবেশবান্ধব এবং মানবদেহের কোনো ক্ষতি করে না। মেহগনির ফল থেকে এই কীটনাশক তৈরি করেন তিনি। ব্যতিক্রমী কীটনাশক ব্যবহার করে সফল এই সবজিচাষির নাম আকলু মিয়া চৌধুরী (৪২)। মৌলভীবাজারের রাজনগর উপজেলার কর্ণিগ্রামে তাঁর বাড়ি। ভেষজ কীটনাশক ব্যবহার করে সবজি চাষে তিনি যে সাফল্য পেয়েছেন, তা সারা দেশের সবজিচাষিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।নেশা থেকে পেশা: আকলু মিয়া চৌধুরীর বাবা যুক্তরাজ্যপ্রবাসী। পরিবার সূত্রে তাঁরও সেখানে থাকার কথা। কিন্তু স্বদেশের মাটির টান ও সবুজের মায়া তিনি উপেক্ষা করতে পারেননি। আকলু চৌধুরী জানান, ছোটবেলা থেকেই এলাকার লোকজনকে তিনি বংশানুক্রমে রকমারি সবজির চাষ করতে দেখে আসছেন। তাই পড়ালেখার পাট চুকিয়ে প্রথমেই মাথায় আসে সবজি চাষের কথা। এ তাঁর হূদয়ের টান। ১৯৯১ সালে নিজের ১৫ শতাংশ জমিতে তিনি দেশি জাতের টমেটো চাষ করেন। ফলনও ভালো হয়। ১৯৯২ সালে উপজেলা ও জেলা কৃষি কার্যালয়ের পরামর্শে এক বিঘা জমিতে চাষ করেন দেশি জাতের টমেটো—রতন, মানিক ও পোষা রবি। সে বছর ২০ হাজার টাকা লাভ হয়।১৯৯৩ সাল থেকে ফুলকপি, বাঁধাকপি, আলু, খেতলাউ, মিষ্টি কুমড়া, ঢ্যাঁড়স, ফরাশ, বেগুন, বরবটি, শিম—এসব সবজির চাষও তিনি শুরু করেন। সবজি চাষের নেশা এবার তাঁর পেশায় পরিণত হয়। ১৯৯৫ সাল থেকে কৃষিবিদ মো. শাহজাদার উৎসাহ ও পরামর্শে তিনি প্রথম টমেটোগাছে বাঁশের খুঁটি বা মাচার প্রচলন ঘটান। এর পর থেকে রাজনগর উপজেলায় বাঁশের খুঁটি বা মাচা দিয়ে অনেকেই টমেটো চাষ করছেন। আকলু চৌধুরী জানান, ১৯৯৬ সাল থেকে উচ্চফলনশীল সব ধরনের সবজি তিনি বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করে লাভবান হচ্ছেন। এর মধ্যে তিনি জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ নিয়েছেন।আকলু চৌধুরী জানান, চলতি বছর প্রায় আট বিঘা জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ করে তাঁর মোট খরচ হয়েছে এক লাখ ৩০ হাজার টাকা। পরিকল্পনামতো কাজ এগোলে সবজি বিক্রি করে প্রায় ১০ লাখ টাকা আয় হবে বলে তাঁর ধারণা। তিনি জানান, কয়েক বছরের সবজি চাষের আয় থেকে একটি কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান অটো রাইস মিল চালুর প্রস্তুতি নিচ্ছেন।ভেষজ কীটনাশকের ব্যবহার: সম্প্রতি এক সকালে কর্ণিগ্রামে গিয়ে আকলু চৌধুরীকে তাঁর সবজিখেতে পাওয়া যায়। পাশাপাশি বেশ কয়েকটি খেত। এসব খেতে মৌসুমি ও বারোমাসি সবজি ফলে আছে। কয়েকজন মজুর নিয়ে আকলু চৌধুরী এসব সবজিখেতের পরিচর্যা করছেন। মেহগনি ফল থেকে তৈরি লালচে তরল কীটনাশক ছিটানো হচ্ছে সবজিখেতে। আকলু মিয়া জানান, এই কীটনাশক ব্যবহার করে তিনি সাত বছর ধরে শতভাগ সফলতা পেয়েছেন। তিনি বলেন, ‘আমাদের আশপাশে অবহেলায় পড়ে থাকা মেহগনি ফল দিয়ে দেশীয় প্রযুক্তিতে এই কীটনাশক তৈরি করা যায়। এর ব্যবহারে যেকোনো চাষি লাভবান হতে পারেন।’ আকলু চৌধুরী মেহগনি ফল দিয়ে কীটনাশক তৈরির কথা প্রথম জানতে পারেন ২০০১ সালে। বাগেরহাটের রামপাল উপজেলার তৎকালীন কৃষি উপসহকারী কর্মকর্তা সৈয়দ আবদুল মতিন তাঁকে এ তথ্য দেন। মতিনের এক সহকর্মীর মাধ্যমে মেহগনির ফলবিষয়ক তথ্য ও কীটনাশক তৈরির নিয়ম জেনে নিজেই এই কীটনাশক তৈরি করেন। তিনি জানান, ২০০২ সালে প্রাথমিকভাবে টমেটোখেতে পরীক্ষামূলকভাবে এই কীটনাশক ব্যবহার করে তিনি পোকামাকড় দমনে সফল হন। কিছু ধানের জমিতে ব্যবহার করেও তিনি সুফল পান। ২০০৩ সাল থেকে সবজি ও ধানের সব জমিতে এই কীটনাশক ব্যবহার করে আসছেন। এতে তাঁর উৎপাদন খরচ অনেক কমে গেছে। তাঁর উৎপাদিত সবজির গুণগত মান অনেক ভালো বলে ক্রেতারাও এসব সবজি কিনতে খুব আগ্রহী। বাজারে তাঁর উৎপাদিত সবজি মণপ্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি দরে বিক্রি হয় বলে তাঁর দাবি। আকলু চৌধুরী জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজনগরের কৃষি কর্মকর্তা আবুল কালাম চৌধুরী ও উপসহকারী কৃষি কর্মকর্তা শ্রাবণী দেব পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে তাঁকে উৎসাহিত করছেন। সাফল্যের স্বীকৃতিস্বরূপ রাজনগর উপজেলার একজন আলোকিত সবজিচাষি হিসেবে তিনি ২০০৭, ২০০৮ ও ২০০৯ সালে উপজেলার শ্রেষ্ঠ সবজিচাষির পুরস্কার পেয়েছেন।তৈরি হয় যেভাবে: এক কেজি মেহগনি ফল কেটে কুচি কুচি করে বা পিষে একটি পাত্রে পাঁচ লিটার পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। চার-পাঁচ দিন পর এই নির্যাস তুলে সুতি কাপড় দিয়ে ভালোভাবে ছেঁকে এর সঙ্গে ২০ গ্রাম সাবান বা ডিটারজেন্ট গোলানো পানি এবং পাঁচ গ্রাম সোহাগা মিশিয়ে ২০-২৫ মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপর তা ঠান্ডা হলে এর সঙ্গে পাঁচ গুণ পরিমাণ পানি মিশিয়ে কীটনাশক হিসেবে ব্যবহার করা যাবে। আকলু চৌধুরী জানান, এর ব্যবহারে ধানের মাজরা পোকা, পাতা মোড়ানো রোগ, ঘাস ফড়িং দমন ও জাব পোকা, পাতা ছিদ্রকারী পোকা দমনে ভালো ফলাফল পাওয়া যায়। এটি সবজিতে পোকামাকড় দমনসহ ছত্রাক ও নানা রোগ দূর করে। কীটনাশক তৈরির পর মেহগনি ফলের বর্জ্য ভালো জৈব সার হিসেবেও কাজ করে। সার হিসেবে ইউরিয়া সারের চেয়েও এটি অধিক কার্যকর বলে তিনি জানান।জনসেবা: আকলু চৌধুরী চান বিনা পয়সার এই ফলটিকে কাজে লাগিয়ে সবজি উৎপাদনে অন্য কৃষকেরাও উপকৃত হোক। এ জন্য এই কীটনাশক ব্যবহারে তিনি অন্যদেরও উৎসাহিত করেন। সবজিখেতে কোনো সমস্যা দেখা দিলে পরামর্শ নিতে দূর থেকে অনেকেই তাঁর কাছে আসেন। কর্ণিগ্রামের বাসিন্দা মোনায়েম খান একসময় মৌলভীবাজার শহরের প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন। তিনি জানান, আকলু চৌধুরীর সবজি চাষে উৎসাহিত হয়ে ঠিকাদারি ছেড়ে তিনি প্রায় ১৬ বিঘা জমিতে নানা জাতের সবজি চাষ করছেন। আকলু চৌধুরীর উদ্যোগে এলাকার বেকার যুবকদের নিয়ে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় কৃষক মাঠ স্কুল। এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে রাজনগরের কৃষি সম্প্র্রসারণ বিভাগ। একই বছর ৭ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত ওই স্কুলে আধুনিক ও বিজ্ঞানসম্মত কৃষি পদ্ধতির শিক্ষা ও প্রযুক্তির ওপর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও জৈবিক পদ্ধতিতে ফেরোমন ফাঁদ ও বিষ ফাঁদ ব্যবহার করে কীটনাশকমুক্ত শাকসবজি উৎপাদনে এলাকার চাষিদের উৎসাহিত করতে কর্ণিগ্রামে একটি ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট (আইপিএম) ক্লাব গঠন করা হয়েছে। এর সভাপতি আকলু চৌধুরী। কৃষি বিভাগের কথা: রাজনগর উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী প্রকল্প সংরক্ষণ কর্মকর্তা অনিবাশচন্দ্র দাশ প্রথম আলোকে বলেন, আকলু মিয়া চৌধুরী একজন আদর্শ সফল কৃষক। তাঁর সবজিখেতের পুরোটাতেই তিনি মেহগনির ফল থেকে তৈরি করা ভেষজ কীটনাশক ব্যবহার করেন। মেহগনির কীটনাশক ব্যবহার বিজ্ঞানসম্মত। তিনি বলেন, ‘কৃষি বিভাগ থেকে ভেষজ কীটনাশকের ব্যবহার বাড়াতে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি। নিমের বীজ থেকেও ভেষজ কীটনাশক তৈরি করা যায়।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক মতিউর রহমান বলেন, সবজি বা ফসলের খেতে রাসায়নিক কীটনাশক ও ভেষজ কীটনাশক ব্যবহারের পার্থক্য রাত আর দিন। রাসায়নিক কীটনাশক ব্যবহারে পরিবেশের ওপর যেমন বিরূপ প্রভাব পড়ে, তেমনি মানবদেহের ক্ষতি হওয়ারও আশঙ্কা থাকে। কিন্তু মেহগনি ফলের মতো উপাদান থেকে তৈরি কীটনাশক ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।