আকস্মিক বন্যায় আর্জেন্টিনায় ৪৬ জন নিহত
আর্জেন্টিনার বুয়েনস এইরেস প্রদেশের রাজধানী লা প্লাতা শহরে গতকাল বুধবার আকস্মিক বন্যায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, এতে বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে দেড় হাজার মানুষ। প্রাদেশিক গভর্নর ড্যানিয়েল সিওলি সাংবাদিকদের বলেন, গতকাল রাতে আকস্মিক বন্যায় রাস্তা প্লাবিত হলে গাড়ির ভেতরে আটকা পড়ে এবং পথচারীদের কয়েকজন ডুবে মারা যায়। এ ছাড়া বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায় আরও কয়েকজন। ঝড়ে লা প্লাতা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বুয়েনস এইরেসে কমপক্ষে পাঁচজন মারা যায়।লা প্লাতার বাসিন্দা ব্রুনো জরজিত রয়টার্সকে বলেন, ‘ভেজা শরীরে ছোট শিশুদের নিয়ে অভিভাবকেরা ঘরের ছাদে রাত কাটিয়েছেন। হুইল চেয়ার ব্যবহারকারী অনেকেই কোমর সমান পানিতে রাত কাটিয়েছেন। এটা এক দুর্যোগ।’স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে লা প্লাতার নিম্নাঞ্চল ও আশপাশের এলাকাগুলোতে ১২ থেকে ১৬ ইঞ্চি পানি জমে যায়। আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ সেসব এলাকায় সফরে গেছেন । তিনি উপদ্রুত এলাকায় যথেষ্ট পুলিশ মোতায়েন করার আশ্বাস দেন। স্থানীয় লোকেরা আশঙ্কা করছে, এ সময়ে বাড়িঘরে লুটপাট শুরু হবে।