আকামা বদল সৌদি বাজার উন্মুক্ত হওয়ার প্রথম ধাপ: মোশাররফ
আকামা পরিবর্তনের সুযোগ বাংলাদেশের জন্য সৌদি আরবের শ্রমবাজার উন্মুক্ত হওয়ার প্রথম ধাপ বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আজ রোববার দুপুরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, ‘আকামা পরিবর্তনের মাধ্যমে সৌদি আরবের সরকার আমাদের দেশের জন্য বিশাল সুযোগ তৈরি করে দিয়েছে। এখন অবৈধভাবে যাঁরা সৌদি আরবে রয়েছেন, তাঁরা দেশে ফিরে আবার বৈধভাবেই সৌদি আরব যেতে পারবেন।’মন্ত্রী বলেন, ‘আকামা পরিবর্তনের সুযোগ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আমরা সৌদি সরকারের সঙ্গে কূটনৈতিক তত্পরতা চালিয়ে আসছিলাম। অবশেষে তারা সেই সুযোগ দিল।’ মন্ত্রী আরও বলেন, ‘আমরা সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে পর্যাপ্ত জনবল নিয়োগ করে এই সুযোগ কাজে লাগাতে চাই।’ সংবাদ সম্মেলনে ওমানের শ্রমবাজার সম্পর্কেও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, সাধারণ শ্রমিকের পাশাপাশি চিকিত্সক নেওয়ার জন্য কৌশল নির্ধারণ করতে ওমান থেকে শিগগিরই একটি কারিগরি দল বাংলাদেশে আসবে। এ জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের অন্যতম শ্রমবাজার সৌদি আরব। একসময় ওই দেশে বছরে লাখ খানেক কর্মী গেলেও গত চার বছর ধরে কর্মী পাঠানো প্রায় বন্ধ। এ ছাড়া, সৌদি সরকার বাংলাদেশিদের আকামা পরিবর্তনের সুযোগ দিচ্ছিল না। ফলে প্রবাসী বাংলাদেশিরা দুর্ভোগে ছিলেন। দীর্ঘদিনের কূটনৈতিক যোগাযোগের পর অবশেষে সৌদি সরকার সেই সুযোগ দিল। গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিষয়টি জানিয়েছেন। এই সুযোগ দেওয়ায় তাঁরা সৌদি সরকারকে ধন্যবাদও জানিয়েছেন। মন্ত্রী সম্প্রতি ওমান সফর করে আসেন। সেখানে দেশটির উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠককে ফলপ্রসূ দাবি করে মন্ত্রী বলেন, বোয়েসেলের মাধ্যমে ওমানে সরকারি পর্যায়ে শ্রমিক পাঠানো হবে। ওমান ছাড়াও বাহরাইন, জর্ডানসহ বিশ্বের অনেক দেশই বাংলাদেশ থেকে সরকারিভাবে কর্মী নিতে চায় বলে জানান মন্ত্রী। সংবাদ সম্মেলনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামছুন্নাহারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।