জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানটি আকারে ছোট। সরকারের নিরীক্ষা প্রতিবেদন বলছে, প্রতিষ্ঠানটিতে দুর্নীতি অনেক বড়। প্রথম আলোর অনুসন্ধানেও অনিয়ম পাওয়া গেছে।মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের ফাপাদের (ফরেন এইড প্রজেক্টস অডিট ডিরেক্টরেট) নিরীক্ষা প্রতিবেদন বলছে, ২০১১-১২ অর্থবছরে পুষ্টি প্রতিষ্ঠানে ২৫ কোটি ৭৭ লাখ টাকার অনিয়ম হয়েছে। চেকের পরিবর্তে নগদ অর্থ, লাগামহীন ফটোকপি, বরাদ্দের বাইরে খরচ, ভুয়া প্রশিক্ষণ, মিথ্যা তথ্য দিয়ে টাকা নিয়ে কিছু ব্যক্তি নিজেদের পকেটে ঢুকিয়েছেন।প্রতিষ্ঠানটি জাতীয় পুষ্টি কার্যক্রম (এনএনএস) বাস্তবায়ন করছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র বলছে, ২০১১-১২ অর্থবছরে এনএনএসের জন্য বরাদ্দ ছিল ৬৫ কোটি টাকা। ২০১২ সালের জানুয়ারিতে কাজ শুরু করে জুনের মধ্যে ৪০ কোটি ৩০ লাখ টাকা খরচ করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ২৫ কোটি ৭৭ লাখ টাকার অনিয়ম হয়েছে। খরচ করা ৬২ শতাংশ অর্থেই অনিয়ম পেয়েছে ফাপাদ। সূত্র বলছে, এনএনএসের লাইন ডিরেক্টর মো. এখলাসুর রহমান জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানেরও পরিচালক। তিনজন কর্মসূচি ব্যবস্থাপক (পিএম) তাঁকে সহায়তা করেন। তাঁদের অধীনে কাজ করেন ১০ জন উপকর্মসূচি ব্যবস্থাপক (ডিপিএম)। এঁরা সবাই চিকিৎসক। এঁরা এই প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন ২০১১ সালের শেষের দিকে। এঁদের পাঁচজন ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এঁদের ওপর পরিচালকের নিয়ন্ত্রণ নেই। এঁদের দুজন একই সঙ্গে অন্য কর্মসূচির ডিপিএম। সরকারি নিয়মনীতি লঙ্ঘন করে পুষ্টি প্রতিষ্ঠানে পাঁচজন সাবেক কর্মকর্তা-কর্মচারী নিয়মিত কাজ করছেন। অন্যদিকে নিয়মিতদের কাজে লাগানো হচ্ছে না। এসব সাবেক ও দু-তিনজন বর্তমান মিলে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই প্রতিষ্ঠানে তাঁরাই অবাধে অনিয়ম করে চলেছেন। নগদ চুরি: ২০১২ সালের জানুয়ারি থেকে জুন—এ ছয় মাসে নগদ ১৩ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার ৯০ টাকা চিকিৎসক ও সিভিল সার্জনদের দিয়েছেন কর্মসূচির কর্মকর্তারা। কাউকে চেক দেননি। নিরীক্ষার সময় দেখা গেছে, নগদ অর্থ দেওয়ার সময় কোনো দাবি নিষ্পত্তির রসিদও (অ্যাডজাস্টমেন্ট ভাউচার) ব্যবহার করা হয়নি। নগদ টাকা দেওয়াকে যৌক্তিক মনে করেনি নিরীক্ষক দল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এটি আর্থিক শৃঙ্খলা লঙ্ঘন। সরকারের টাকা চেকের মাধ্যমেই দিতে হবে এবং অর্থ প্রাপ্তির স্বীকৃতিও থাকতে হবে।এ ব্যাপারে পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক বলেন, কিছু টাকা কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়েছে। কিছু নগদ দেওয়া হয়েছে। জনবল কম থাকায় চেক দেওয়া সম্ভব হয়নি।লাগামহীন প্রশিক্ষণ: পুষ্টিবিষয়ক প্রশিক্ষণের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে এ কর্মসূচি থেকে। প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, তিন দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে দেড় ঘণ্টায়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ব্যাগ, খাতা বা প্যাড ও সম্মানী দেওয়া হয়নি। অথচ এ খাতে খরচ দেখানো হয়েছে। এ নিয়ে প্রথম আলোতে গত বছর সেপ্টেম্বরে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। ফাপাদের নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন প্রশিক্ষণের জন্য ১০ কোটি ৯১ লাখ ৮৮ হাজার টাকা খরচ হয়েছে ছয় মাসে। প্রশিক্ষণের জন্য কোনো অফিস আদেশ ছিল না। প্রশিক্ষণদাতা ও গ্রহীতার নামের তালিকাও নিরীক্ষক দল পায়নি। এসব প্রশিক্ষণের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে নিরীক্ষক দল। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, প্রশিক্ষণসূচি, প্রশিক্ষণ সহায়িকা, অফিস আদেশ, প্রশিক্ষণার্থীদের হাজিরার হিসাব ছাড়া এ বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়েছে। এ ব্যাপারে এখলাসুর রহমান বলেন, কেন্দ্রীয়ভাবে ঢাকায় ও সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত প্রশিক্ষণে তিনি উপস্থিত ছিলেন। বাকি প্রশিক্ষণের যথার্থতা সম্পর্কে তিনি জানেন না।কল্পিত রসিদ: বরাদ্দ না থাকলেও ‘বিবিধ’ খাতে প্রতিষ্ঠানটি খরচ করেছে দুই লাখ ৭০ হাজার ২৯৩ টাকা। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে জিনিসপত্র গ্রহণ করা হলেও রসিদগুলো কম্পিউটারে তৈরি এবং তাতে একই হাতের লেখা। রসিদগুলোতে যেসব ফোন নম্বর দেওয়া হয়েছে, সেগুলো ভুয়া। এসব তথ্য দেওয়ার পর প্রতিবেদনে বলা হচ্ছে, খরচের সত্যতা নিয়ে নিরীক্ষক দল নিশ্চিত হতে পারেনি।এই অনিয়মের পক্ষেও সাফাই গেয়েছেন পরিচালক। তিনি বলেছেন, পরবর্তী অর্থবছরে এ বরাদ্দ অনুমোদন করা হয়েছে। কম্পিউটারের রসিদ গ্রহণযোগ্য বলে তিনি মনে করেন। এসব ছাড়াও ভবন সারাই ও রং করা, কিছু নির্মাণকাজ ও বাগানের জন্য খরচ করেছেন পরিচালক। তিনটি কাজকেই বিধিবহির্ভূত বলেছে ফাপাদের নিরীক্ষা দল। আগাম প্রস্তুতি: প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, অনিয়ম আরও আছে। আগামী বছর নিরীক্ষার ঝামেলা এড়াতে এখন থেকেই ‘ঘুষের’ প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। অভিযোগ পাওয়া গেছে, কর্মকর্তাদের বিভিন্ন খাতের খরচের ৫ থেকে ৬ শতাংশ টাকা কেটে রাখছেন পরিচালক। ওই প্রতিষ্ঠানের চার ব্যক্তি এ অভিযোগ করেছেন। পরিচালক টাকা কেটে রাখার কথা প্রথমে অস্বীকার করেন। পরে বলেন, একজন কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানাবেন। ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১০০ ভাগ স্বচ্ছ (ক্লিন) কাজ করলেও অডিটের সময় ঝামেলা করেই। আবার টাকা ছাড় করানোর সময়ও মন্ত্রণালয়ে ঘুষ দিতে হয়। তাই তাঁরা ৪ শতাংশ অর্থ কেটে রাখছেন।কার কাজ কে করে: প্রকল্পের খরচের জন্য ব্যাংক থেকে টাকা তোলার সময় কর্মকর্তারা কানিজ সোহেলা জাবিনের (জেবা বলেই পরিচিত) কাছে রাখা চেকে সই করেন। তিনি ব্যাংক থেকে টাকা তুলে ৬ শতাংশ রেখে বাকি টাকা সংশ্লিষ্ট কর্মকর্তার হাতে তুলে দেন। জাবিন প্রথম আলোকে বলেন, তিনি কোনো টাকা রাখেন না।জাবিন প্রতিষ্ঠানের পরিসংখ্যান সহকারী। ওই পদেরই বেতনভাতা নেন। তবে কাজ করেন পরিচালকের ব্যক্তিগত সহকারীর। এ ব্যাপারে পরিচালক বলেন, আগের পরিচালকই জাবিনকে এ পদে এনেছিলেন। অন্যদিকে আসল ব্যক্তিগত সহকারী ফজলুল হক অফিসে আসেন-যান, কাজ নেই তাঁর।জাবিন এক পদের লোক হয়ে অন্য পদে কাজ করছেন। তবে চার বছর আগে সরকারি চাকরি থেকে অবসর নিলেও আবদুল আউয়াল হিসাবরক্ষণের কাজ করেন এখনো।একাধিক কর্মকর্তা বলেছেন, প্রতিষ্ঠানের দুর্নীতির মূল ব্যক্তি আবদুল আউয়াল। আউয়ালকে কাজে লাগিয়েছেন কর্মসূচি ব্যবস্থাপক আশরাফ হোসেন সরকার। ২০১১-১২ অর্থবছরে মূল হিসাবরক্ষণ কর্মকর্তা রাজ্জাককে কাজই করতে দেননি আশরাফ আর আউয়াল। আশরাফ প্রথম আলোকে বলেন, ‘পুরোনো ও অভিজ্ঞ মানুষ আউয়াল। তাই তাঁর কাছ থেকে আমরা কিছু সহায়তা নিই।’ কাজ করার কথা স্বীকার করে আউয়াল বলেন, ইউনিসেফের কিছু কাজে প্রতিষ্ঠানকে তিনি সহায়তা করেন।আউয়াল ছাড়া আরও চারজন সাবেককে কাজে লাগান আশরাফ। এঁরা হলেন শাহাবুদ্দিন আহমেদ (প্রধান সহকারী), আবদুস সালাম (কনিষ্ঠ বায়োকেমিস্ট), আবুল কালাম (কারিগর) ও মো. জাফর (বাড়ি পরিদর্শক)। আশরাফ বলেন, ‘এঁদের দরকার আছে বলেই আমরা কাজে লাগাচ্ছি।’তেলের ব্যবসা: প্রতিষ্ঠানে অন্তত সাতটি গাড়ি সিএনজিতে রূপান্তর করা হয়েছে। কিন্তু চালকেরা নিয়মিত তেলের রসিদ করে চলেছেন। আশরাফ বলেন, গ্যাসে গাড়ি চালাতে চালকেরা অনেক ঝামেলা করেন। তাই তেলে চলছে। এসব গাড়ি যাতায়াতের হিসাবও রাখা হয় না।