আকাশ থেকে নেমে এলেন দেশের প্রথম নারী ছত্রীসেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হাজার মিটার উঁচু থেকে প্যারাসুট হাতে এক এক করে উড়ে আসছেন ১০ জন। মিনিট চারেকের মধ্যেই সবাই শূন্য থেকে নেমে এলেন মাটিতে। কিন্তু দর্শকদের দৃষ্টি শুধু একজনের দিকে। তিনি মাটি ছুঁতেই হাততালিতে ফেটে পড়লেন সবাই। যাঁর জন্য এত আনন্দ, তিনি ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশের প্রথম নারী ছত্রীসেনা। গতকাল মঙ্গলবার সকালে সিলেটের জালালাবাদ সেনানিবাসের পানিছড়া প্রশিক্ষণ মাঠে তিনি সফলভাবে অবতরণ করেন। মাটিতে পা রেখে জান্নাতুল বললেন, ‘এ নিয়ে সাতবার জাম্প দিলাম। আজ শেষ হয়ে গেল।’ গতকাল বেলা ১১টা ১৫ মিনিটে জান্নাতুল ফেরদৌসসহ ১০ জনকে নিয়ে বিমান উড্ডয়ন করে। ১১টা ২০ মিনিটে শুরু হয় লাফ দেওয়া। জান্নাতুলের হাতে জাতীয় পতাকা। শূন্যে থেকেই তিনি পতাকা মেলে ধরেন। মাটিতে নামার পর সহকর্মীরা তাঁর সামনে আরেকবার জাতীয় পতাকা মেলে ধরে অভিবাদন জানান। অনুভূতি জানতে চাইলে জান্নাতুল বলেন, ‘প্রশিক্ষণের শুরুতে কিছুটা ভয় ছিল। এখন প্রশিক্ষণ শেষে সব সাধারণ মনে হচ্ছে। আমার সফলতায় অন্যরাও (নারী) এগিয়ে আসবেন।’এ প্রশিক্ষণ ছিল জালালাবাদ সেনানিবাসের স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের (এসআইঅ্যান্ডটি) বিশেষ যুদ্ধ শাখার অধীনে পরিচালিত বুনিয়াদি ছত্রী প্রশিক্ষণ কোর্স। জান্নাতুলসহ এতে ২০ জন অংশ নেন। এর মধ্যে নৌবাহিনীর কমান্ডো ১৫ জন, বাকি পাঁচজন সেনাবাহিনীর সদস্য।কোর্সের প্রধান প্রশিক্ষক লে. কর্নেল এ কে এম সাইফুল ইসলাম বলেন, ১৯৯০ সালে সেনাবাহিনীতে এ কোর্স চালু হয়েছে। তবে এই প্রথম সেনাবাহিনীর কোনো নারী প্যারাসুট নিয়ে লাফ দিলেন। জান্নাতুল ৭ জানুয়ারি প্রথম পরীক্ষামূলকভাবে লাফ দেন।জান্নাতুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামে। বাবা আমিনুল হক সরকার সরকারি চাকরি ছেড়ে ব্যবসা করেন, মা নাসিমা সরকার গৃহিণী। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে জান্নাতুল চতুর্থ।