আকাশ নয়, শিশুর চোখের সামনে বিজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এত দুর্লভ গাছ, এত সুন্দর চিন্তা আর কি হবে? আর পুব পাশেও তো বড় বড় বিলবোর্ড দিয়ে অন্ধকার, ছায়া ফেলছে, সূর্যের আলো আসার জায়গা নেই, এগুলো দেখারও কেউ নেই।’ অর্থির যত কথা নামে আমার একটি বইয়ে বলধা গার্ডেন সম্পর্কে এ রকম লিখেছিলাম। এবারের বইমেলায় বের হয়েছে বইটি। বইমেলা শেষ হওয়ার পরের মাসেই প্রথম আলোর ‘ঢাকায় থাকি’ বিভাগে ‘সংরক্ষিত এলাকায় বিলবোর্ড’ শিরোনামে একটি প্রতিবেদন আমার দৃষ্টি আকর্ষণ করেছে, যাতে বলধা গার্ডেনের পাশের বিলবোর্ডগুলোর ছবি ও সেগুলো যে উদ্যানটির জন্য ক্ষতিকর, তা উল্লেখ করা হয়েছে। নগরে যেখানে সবুজ উদ্যান আছে গুটিকয়, সেখানে বিলবোর্ড দিয়ে আমরা ঢেকে দিচ্ছি এর নান্দনিক স্থাপনা ও উদ্যানগুলো। আরেকদিকে বিলবোর্ডে ঢাকা পড়ছে খোলা আকাশ। জানালা দিয়ে নীল আকাশ দেখা থেকে বঞ্চিত হচ্ছে ঘর অথবা বিদ্যালয়বন্দী আমাদের শিশুরা। ধরা যাক, ব্যস্ত ফার্মগেটের পাশে তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কথা। এখানে একটি মাঠ আছে, ভবনে আছে বারান্দা। ওই বিদ্যালয়ের শিশুরা যে বারান্দা কিংবা মাঠে দাঁড়িয়ে দৃষ্টি প্রসারিত করে নীল আকাশ দেখবে, তার আর সুযোগ নেই। কেননা, তাদের দৃষ্টি ঢাকা পড়ছে কয়েকটি বিলবোর্ডের পৃষ্ঠদেশে। কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের দিকে বিজ্ঞাপন হয়ে এগুলো দাঁড়িয়ে আছে। শিশুদের খোলা আকাশ দেখানোর জন্য আমরা কি নগরের আকাশকে বিজ্ঞাপনমুক্ত করতে পারি না?শামীমা জাফরিনলেখক ও শিক্ষক, সেগুনবাগিচা।