আকাশ মেঘলা, মনও তাই গুমোট তাঁতিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর রোজার শুরু থেকে সরগরম হয়ে ওঠে বগুড়ার শেরপুরের বেনারসি পল্লি। কিন্তু এবার আকাশ মেঘলা থাকায় কাজের সময় অর্থাৎ দিনের বেলায় বেশির ভাগ তাঁত বন্ধ করে রাখতে হচ্ছে। কারণ উজ্জ্বল আলো ছাড়া তাঁতের সূক্ষ্ম কাজ করা যায় না। এ অবস্থায় বেনারসি পল্লির অনেক শ্রমিক বেকার বসে রয়েছেন। তাঁদের বড় দুঃখ, আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকলেও তাঁদের গ্রামে আজও বিদ্যুৎসংযোগ দেওয়া হয়নি।বগুড়ার শেরপুর উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরের এই বেনারসি পল্লির নাম ঘোলাগাড়ী। আঁকাবাঁকা মেঠোপথ ছেড়ে গ্রামে ঢুকতেই ভেসে আসে তাঁতের খটখট আওয়াজ। অবাঙালিদের (বিহারি) বসবাস বেশি বলে গ্রামটির নামের সঙ্গে ‘কলোনি’ শব্দটি যুক্ত হয়ে এর নাম হয়েছে ঘোলাগাড়ী কলোনি। গ্রামটিতে ৫৫টি পরিবারের বাস। বেনারসির বাহারি রং আর নকশা নিয়ে ব্যস্ত অধিকাংশ পরিবার। ঈদের মৌসুমে এ ব্যস্ততা আরও বাড়ে। অথচ এখানে নেই বিদ্যুৎসংযোগ। তাই গোধূলিলগ্নেই একে একে সব তাঁত বন্ধ হয়ে যায়। আর মেঘ জমলে তো ভরদুপুরেই নেমে আসে অন্ধকার। তখন হাত-পা গুটিয়ে বসে থাকা ছাড়া তাঁতিদের আর কোনো উপায় থাকে না।এবার রমজানের শুরু থেকে আকাশে কালো মেঘের আনাগোনা বেড়ে গেছে। তাই সূর্যালোকের অভাবে দিনেও তাঁত বন্ধ রাখতে হচ্ছে। ফলে চাহিদা বেশি থাকা সত্ত্বেও শাড়ির উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। তাঁতমালিক ও শ্রমিকেরা জানান, গ্রামটিতে বিদ্যুৎ সংযোজনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং বিদ্যুৎ অফিসে বছরের পর বছর ধরনা দিয়েও কাজ হয়নি। ঘোলাগাড়ী কলোনির প্রবীণ তাঁতমালিক আবদুল ওয়াহেদ আক্ষেপ করে বলেন, ১৫ বছর আগে গ্রামটিতে প্রথম তাঁত বসানোর পর থেকেই তাঁরা বিদ্যুতের জন্য আবেদন-নিবেদন করে আসছেন। বিদ্যুৎ না থাকায় ইচ্ছা থাকলেও রাতে তাঁত চালু রাখা সম্ভব হয় না। এ অবস্থায় লোকসানের আশঙ্কায় অনেকে তাঁত বিক্রি করে আগের পেশায় ফিরে যাওয়ার চিন্তা করছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৪৭ সালে ভারত ভাগের সময় বিহার থেকে অবাঙালি ৩০টি পরিবার এসে বসতি গড়ে ঘোলাগাড়ী গ্রামে। ১৯৯৫ সালে ঢাকার বেনারসি পল্লিতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আবদুল ওয়াহেদ প্রথম গ্রামে তাঁত বসিয়ে শুরু করেন বেনারসি শাড়ি তৈরি। পরে তিনি গ্রামের কয়েকজন যুবককে হাতে-কলমে প্রশিক্ষণ দেন এ কাজে। সেই যে শুরু, তারপর মাত্র পাঁচ বছরে গ্রামটিতে প্রায় অর্ধশত তাঁত বসেছে।ঘোলাগাড়ী কলোনি তাঁতি শ্রমিক ইউনিয়নের সদস্য আহম্মদ আলী জানান, বিদ্যুতের অভাবে তাঁরা শুধু দিনে তাঁত চালু রাখতে পারেন। রাতে কাজ করতে না পারায় একটি বেনারসি শাড়ি তৈরি করতে তাঁদের গড়ে দুই দিন লেগে যায়। সেই হিসাবে মাসে সর্বোচ্চ ১৫টির বেশি শাড়ি তৈরি সম্ভব হয় না। প্রতিটি শাড়ির জন্য তাঁদের ৫০০ টাকা করে মজুরি দেওয়া হয়। একবেলা কাজ করে বর্তমানে ২০টি তাঁতে কর্মরত ৩০ জন শ্রমিক প্রতি মাসে মাত্র ৫০০ থেকে ৬০০টি শাড়ি তৈরি করতে পারছেন। তাঁতমালিকেরা জানান, স্থানীয় বাজারে তেমন চাহিদা না থাকায় উৎপাদিত বেনারসি ঢাকাতেই বিক্রি করা হয়।বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির শেরপুর অঞ্চলের পরিচালক শফিকুল ইসলাম বেনারসি পল্লিতে বিদ্যুৎ চাহিদার কথা স্বীকার করে বলেন, ‘বিগত বছরগুলোতে কেন সেখানে বিদ্যুৎসংযোগ দেওয়া হয়নি, তা বুঝতে পারছি না। তবে বর্তমানে নতুন করে সংযোগ প্রদানে সরকারি বিধিনিষেধ থাকায় এ মৌসুমেও সেখানে বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেই অগ্রাধিকার ভিত্তিতে তাঁত পল্লিটিতে বিদ্যুৎ পৌঁছানোর উদ্যোগ নেওয়া হবে।’