আকাশজুড়ে খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাঁখারীবাজারের একটি পাইকারি ঘুড়ির দোকানে পরিচয় সাজিদ মোস্তাকের সঙ্গে। কথা শুরু হয় ঘুড়ি ওড়ানোর নানান কায়দা-কানুন নিয়ে। কিন্তু ঘুড়ির নেশায় মজে থাকা সাজিদের কথা বলার সময় কোথায়? শেষে আবার সুন্দর একটা বিকেল চলে যায় ঘুড়ি ওড়ানো ছাড়াই! একসঙ্গে ২০টি ঘুড়ি কিনে দে ছুট। অগত্যা আলাপ জমাতে হয় ঘুড়ি ব্যবসায়ী রতন কুমার ধরের সঙ্গে। আলাপী লোকটি শুরুতেই সাজিদের সমালোচনা করেন, ‘অহনও পাকা অইবার পারে নাই। এর লাইগ্যা ২০-২৫টা ঘুড্ডি একলগে কিন্যা লয়া যায়। পাকা অইলে বড়জোর দুইটা কিনত।’ঘুড়ি ব্যবসায়ী রতন কুমারের কথার সুরেই বোঝা যায়, ঘুড়ির নেশা একসময় তাঁরও রক্তে বইত। গড়গড় করে বলে চলেন ঘুড়ি ওড়ানোর নানা কারিকুরি। কিছুটা দেখা আর কিছুটা বাপ-দাদার মুখে শোনা গল্প শুনিয়ে চলেন একের পর এক। গল্প তো জানবেনই। তাঁর ঘুড়ির ব্যবসা তিন পুরুষের।রতন কুমার জানান, ঢাকায় একসময় নবাব পরিবারের লোকজনের উদ্যোগে ঘুড়ি ওড়ানোর বিরাট আয়োজন করা হতো। সে সময় ঘুড়ি ওড়ানোর জন্য বেছে নেওয়া হতো খোলা মাঠ। পুরান ঢাকার আরমানিটোলা মাঠ, ধূপখোলা মাঠ, রেসকোর্স ময়দান আর পল্টন ময়দানে বসত ঘুড়ি ওড়ানোর আসর। এসব আসরে ঘুড়ি কাটাকুটির প্রতিযোগিতাও চলত বলে জানান রতন কুমার। প্রবীণ এই ঢাকাবাসীর কথার মিল পাওয়া গেল ঢাকার আরেক বাসিন্দা প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সাঈদ আহমদের লেখনীতে। সাঈদ আহমদ তাঁর আত্মজৈবনিক রচনা জীবনের সাত রং-এ লিখেছেন ঘুড়ি ওড়ানোর ঘটনার কথা। তিনি জানান, রেসকোর্সের ময়দানে ১৯৪৮ সালের ঘুড়ি প্রতিযোগিতা তিনি দেখেছেন। সে সময় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় ঘুড়ি ওড়ানেওয়ালা, ঘুড়ির জোগানদাতা আর খাবার পরিবেশনকারী থাকত। আবার হালের চিয়ার লিডারদের মতো চিৎকার করার লোকও মিলত। ফলে উৎসবগুলো থাকত জমজমাট। কারও ঘুড়ি কাটা গেলে সমবেত জনতা চিৎকার দিয়ে জানান দিত।সেসব উৎসব আর আনন্দের খোঁজ আজকাল আর মেলে না। ব্যস্ত শহরবাসী ঘুড়ি ওড়ানোর রীতিনীতিও ভুলে যেতে বসেছে। আবার ঘুড়িকে কেন্দ্র করে থাকা নানা কর্মকাণ্ডও কমে আসতে শুরু করছে। কথার সত্যতা মেলে শাঁখারীবাজারের আরেক ঘুড়ি ব্যবসায়ী দীপক সুরের ভাষায়, ‘আগে পোলাপান চুড় কিনত, শিরিষ কিনত, রং কিনত, হুতা (সুতা) কিনত। গায়-গতরে রং-চং মাইখ্যা মাঞ্জা দিত। আর অহন? রেডিমেড মাঞ্জার হুতা আহে চায়না আর ইন্ডিয়া থেক্যা। মাঞ্জার ঝামেলায় পোলাপানেও যায় না। ঘুড্ডি কিনে রেডিমেড, হুতাও রেডিমেড। আবার ওড়ায়ও উঁচা বিল্ডিংয়ে।’দীপক সুরের উঁচা বিল্ডিংয়ের খোঁজ করতে গিয়ে মিলল ইসলামপুরের একটি ভবনের। সেখানটায় ছয়তলার ছাদে চার-পাঁচটি কিশোর ঘুড়ি ওড়ানোয় ব্যস্ত। ছাদের কোণে বাজছে আধুনিক রক অ্যান্ড রোলের সুর। চারপাশ কাঁপিয়ে ভোকাট্টা বলে চিৎকার দিয়ে উঠল পাশের ছাদের কিশোরেরা।ঢাকায় সমতলে ঘুড়ি ওড়ানোর জায়গা দিন দিন কমছে। গেন্ডারিয়ার ধূপখোলা মাঠের আকাশে ভাসছে কয়েক জোড়া ঘুড়ি। ঘুড়ি দেখে চোখ নিচে রাখতেই মিলল ঘুড়ির নাটাই ধরে রাখা কিশোরদের। তাদের কাছে জানা গেল, দুই দিকে চোখ দেওয়া ঘুড়িকে বলা হয় চোখদার। আবার মালা পরানো ঘুড়িকে বলা হয় মালাদার। এমনি করে রয়েছে নাকদার, পঙ্খিরাজ, ভুয়াদার, গরুর মাথা, শিংদার, দোভাঁজ (দুই রঙের কাগজে বানানো), তিন ভাঁজ, পানদার, রোমালদার আর পাং নামের ঘুড়ি পাওয়া যায়। পাং ঘুড়ি দেখতে বেশ মজার। রং আর ছাপার বৈচিত্র্য তো আছেই, সঙ্গে আবার ঘুড়ির চারপাশে নানান পদের ঝালর লাগানো বলে এই নাম।ঘুড়ির নানান আয়োজনে অনেক আগ থেকেই সুনাম শাঁখারীবাজারের ঘুড়িওয়ালাদের। এখানটায় প্রচলিত ঘুড়ির দোকান রয়েছে বেশ কয়েকটি। বছরের বিশেষ মৌসুমে ঘুড়ির চাহিদা বেশি বলে শাঁখারীবাজারের সড়কেও অনেকে ঘুড়ি নিয়ে বসেন। আবার ফরমায়েশ দিয়ে ঘুড়ি বানানোর ব্যবস্থা আছে মাতাশ্রী নামের একটি দোকানে। দোকানে পা দিলেই এর বনেদিআনা টের পাওয়া যায়। তাঁর দোকানে থরে থরে সাজানো আছে ঘুড়ি আর নাটাই। আর দোকানের দেয়ালে আছে নানান আকার-আকৃতির রংবেরঙের ঘুড়ি। দোকানের মালিক রঞ্জন কুমার ধর জানান, ঘুড়ি উৎসবের বিভিন্ন আসরে নানান আকার-আকৃতির ঘুড়ি বানানোর ফরমায়েশ মেলে। সে সময় পেঁচা, মৌমাছি, ফড়িং, পাখি, বিমান কিংবা মানুষের মুখমণ্ডলের নকশায় ঘুড়ি বানাতে হয়।আসছে পৌষ মাসের শেষদিন পালিত হবে পৌষসংক্রান্তি উৎসব। উৎসবকে সামনে রেখে ঘুড়ির দোকানগুলোতেও লেগেছে ঘুড়ির নাটাই তৈরির ধুম।