আকাশে আজ জ্বলবে তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আকাশে সূর্য ছিল চরম বেরসিক। আকাশে শারদীয় মেঘের আনাগোনা থাকলেও বেরসিক সূর্যের দাপটে তা উপভোগ্য ছিল না মোটেও। তার মধ্যেও নিজের সেরাটুকু বিলিয়ে দিতে কার্পণ্য করেনি ১০০ খুদে ফুটবলার। এয়ারটেল রাইজিং স্টারস কর্মসূচির সেরা ১২-তে যাওয়াই যে ধ্যানজ্ঞান তাদের। গতকাল এই ১০০ জন অনেক কিছুই শিখল ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের তিন কোচের কাছ থেকে। প্রয়োগও দেখাল খুদে ম্যাচে। আজ বাকি ১০০ জনের পালা। তারপরই ঘোষণা আসবে—কোন ১২ জন খুদে ফুটবল তার কার হাতে উঠছে ওল্ড ট্রাফোর্ডে যাওয়ার টিকিট! এয়ারটেল ও ম্যানচেস্টার ইউনাইটেডের খুদে তারকা বাছাইয়ের এই যৌথ আয়োজনে সহযোগী প্রথম আলো।বলা বাহুল্য সবার বুকই ঢিপঢিপ করছে। নীলফামারীর বিকাশ চন্দ্রের বিশ্বাস, ‘সব ওপরওয়ালার হাতে! খুব ভয় ভয় করছে। কী যে আছে কপালে!’ বিকাশের কপালে কী আছে জানা নেই, তবে গতকাল বারবার কপালের ঘাম মুছতে দেখা গেল তিন ভিনদেশি কোচকে। আক্ষরিক অর্থেই সেরা ১২ বাছাই করতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে তাঁদের। আগের দিনই ঠিক করে রাখা ছিল গতকাল ১০০ জনকে তাঁরা নানা কিছু শেখাবেন। পাশাপাশি তারা কী শিখল, সেটিও খেয়াল করবেন ছোট ছোট ম্যাচে তাদের আহরিত জ্ঞানের প্রয়োগ দেখে। সেই প্রক্রিয়া শুরু হলো সকাল আটটা থেকে। প্রথমে চার পাঁচজনের একটা করে দল ভাগ করে দিলেন তিন কোচ। তারপর তাদের একজনের কাছে দেওয়া হলো একটা জার্সি। সঙ্গী হিসেবে রইল আরও দু-তিনজন; সবাইকে কাটিয়ে বাকি একজনকে উদ্ধার করতে হবে জার্সিটি। কেউ কাউকে সুযোগ দিল না বিন্দুমাত্র। সাতসকালেই ঘেমেনেয়ে একাকার। তার পরও পুরো অনুশীলন-অধ্যায়টা দারুণ উপভোগ করল সবাই। শুরুতেই তিন কোচের একজন কেভিন ও’কনেল পরামর্শ দিয়েছিলেন, ‘আজকের এই সময় এবং খেলা উপভোগ করো।’তারপর চার ঘণ্টা চলল কোচদের কাছ থেকে নানা কিছু শেখা—ড্রিবলিং, পাসিং, ডিফেন্ডিং। সব শেষে ছোট ম্যাচ। সাইডলাইনে দাঁড়িয়ে গম্ভীর মুখে তা খেয়াল করলেন তিন কোচ; মাঝে নোটবই খুলে টুকে রাখলেন অতিগোপনীয় বিষয়!এই অতিগোপনীয় বিষয়টা আন্দাজ করতে পারছিল না কেউই। ‘আসলে কী দেখে যে আমাদের বাছাই করবেন, তা বুঝতে পারছি না! তবে তাঁদের কাছ থেকে নতুন অনেক কিছু শিখেছি। এটা কাজে দেবে। তা ছাড়া আমাদের কোন দিকটা কোচের ভালো লেগেছে, সেটা জানতে ইচ্ছে করছে।’ বলছিল রাঙামাটির শুভ চাকমা। এর আগে সে বুটই কখনো পায়ে গলায়নি। এত বড় মাঠেও পা রাখেনি এর আগে। তবে এখন ওর স্বপ্ন আরও বড় মাঠে যাওয়ার। এমন স্বপ্ন দেখছেন আতিকুর রহমান খানও। চল্লিশোর্ধ্ব এই ফুটবল কোচের স্বপ্নটা আরও বড়। কারণ তাঁরই গড়া টাঙ্গাইল ফুটবল একাডেমি থেকেই সেরা ১২-র লড়াইয়ে টিকে আছে নয়জন! এদের এত দূর আসার পেছনে বড় ভূমিকা তাঁর। নিজের হাতে গড়া এই ছেলেদের খোঁজখবর নিতে তাই প্রতিদিনই আসছেন সাভারের বিকেএসপিতে। আতিকুর কেবল আশীর্বাদ করছেন তাঁর শিষ্যদের, ‘আশা তো আছে, আমার দলটা থেকে কেউ না-কেউ সুযোগ পাবে। ওদের জন্য অনেক দোয়া করি। ওরা যদি এখানে ভালো পারফরম্যান্স করে, তাহলে কেউই ঠেকাতে পারবে না।’একই রকম কথা বললেন কেভিন, ‘প্রচণ্ড রোদের নিচে ছেলেরা কঠিন পরিশ্রম করেছে। ওরা অনেক কিছু শিখেছে আজ। সবাই তো সেরা ১২-তে জায়গা পাবে না, তার পরও সামনে এই শিক্ষা ওরা কাজে লাগালে আরও ভালো করবে। ওদের পারফরম্যান্স খেয়াল করছি আমরা, এর মাধ্যমেই যাচাই-বাছাই হবে। বাংলাদেশ থেকে একটা ভালো দল পাব আশা করি।’আজও একই প্রক্রিয়ায় বাকি ১০০ জনের পারফরম্যান্স খেয়াল করবেন তিন কোচ। তারপরই খুদে ফুটবলারদের আকাশে সবচেয়ে উজ্জ্বল হয়ে জ্বলে উঠবে ১২টি তারা!