সময়টা এখন এমনই, কেউ চাকরি খুঁজে বেড়ান আবার চাকরিই খুঁজে বেড়ায় অনেককে। এই বদলে যাওয়া সময়ের সঙ্গে মিলিয়ে বদলে নিতে পারেন নিজেকেও। এতে কাজের সুযোগ চলে আসবে হাতের মুঠোয়। এ রকমই একটি ক্ষেত্র হলো এভিয়েশন খাত। যেখানে কাজ করার সুযোগ অনেক কিন্তু দক্ষ লোকের খুবই অভাব। বলাই বাহুল্য, শুধু স্বল্পমেয়াদি কোর্স করেই কাজ করা যেতে পারে সরকারি ও বেসরকারি বিভিন্ন বিমান পরিবহন সংস্থায়। যাঁরা এই খাতে ক্যারিয়ার বা কর্মজীবন গড়তে চান, তাঁদের জন্য রয়েছে এভিয়েশন ম্যানেজমেন্ট, ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড টিকিটিং এবং এয়ার হোস্টেস বা কেবিন ক্রু বিষয়ের ওপর বেসিক ও প্রফেশনাল ডিপ্লোমা কোর্স।এভিয়েশন ম্যানেজমেন্ট: বিমান ব্যবস্থাপনায় বিশেষায়িত কোর্স হলো এভিয়েশন ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা। যেখানে বিমান সংস্থার ব্যবস্থাপনার বিভিন্ন দিক, যেমন—এয়ারলাইনস কার্গো ব্যবস্থাপনা, বিপণন ও বিক্রয়, এয়ারপোর্ট অপারেশন, বোর্ডিং কন্ট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা, কাস্টমার রিলেশন বা গ্রাহক সম্পর্ক, এয়ারক্রাফট লিজিং, এয়ারলাইনস ফাইন্যান্স, এয়ারলাইনস পলিসি ও আইনকানুন শেখানো হয়।এয়ার হোস্টেস বা কেবিন ক্রু: এটি হলো ট্যুরিজম বা পর্যটন ও বিমান সংস্থার কাস্টমার রিলেশন বা গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনাসংক্রান্ত কোর্স। যেখানে যাত্রীসেবা ব্যবস্থাপনার বিভিন্ন দিক, যেমন—প্যাসেঞ্জার সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ, হসপিটালিটি ম্যানেজমেন্ট, এয়ারক্রাফট সিকিউরিটি অ্যান্ড সেফটি, কাস্টমার রিলেশন বা গ্রাহক সম্পর্কবিষয়ক ধারণা দেওয়া হয়।ট্রাভেল ট্যুরিজম টিকিটিং: টিকিট বিক্রয়, কাস্টমার রিলেশন, ট্যুর অপারেশন, ট্যুর গাইড, ট্রাভেল এজেন্সি অপারেশন, রিজার্ভেশন সিস্টেমসহ মার্কেটিং ম্যানেজমেন্ট বিষয়ে ধারণা দেওয়া হয়।কোর্সের মেয়াদ আর খরচাপাতি: এভিয়েশন ব্যবস্থাপনা, ট্রাভেল ট্যুরিজম টিকিটিং এবং এয়ার হোস্টেস বা কেবিন ক্রু—এসব বিষয়ে তিন মাস মেয়াদি কোর্সে খরচ পড়বে মাত্র সাত হাজার টাকা। আর ১৮ মাস মেয়াদি কোর্সের মোট খরচ পড়বে এক লাখ ৫০ হাজার টাকা।কোথায় প্রশিক্ষণ নেবেন: দেশে একাধিক বেসরকারি প্রতিষ্ঠান থেকে এ ধরনের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা যাবে। এর মধ্যে কলেজ অব এভিয়েশন টেকনোলজির ঠিকানা হলো: সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা। আবেদন করার শেষ সময় ২৫ এপ্রিল। এ ছাড়া টিএসি এভিয়েশন নামে সদ্য যাত্রা শুরু করা আরেকটি প্রতিষ্ঠান থেকেও একই ধরনের কোর্স করা যাবে। ইউনাইটেড এয়ারের এই সহযোগী প্রতিষ্ঠানে আগামী মে মাসে এভিয়েশন ম্যানেজমেন্ট, কেবিন ক্রু ও ট্রাভেল ট্যুরিজম টিকিটিং প্রভৃতি কোর্সে প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে। এই প্রতিষ্ঠান ঢাকা ও সিলেটে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে। যোগাযোগ: টিএসি অ্যাভিয়েশন, উত্তরা টাওয়ার, ১ জসীমউদ্দীন রোড, সেক্টর-৩, উত্তরা, ঢাকা।ভর্তির যোগ্যতা: প্রফেশনাল বা পেশাগত এসব কোর্সে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীকে ন্যূনতম এসএসসি অথবা ‘ও’ লেভেল পাস হতে হবে। যেকোনো বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা কোর্সটি করতে পারবেন। তবে এভিয়েশন ম্যানেজমেন্ট কোর্সটি স্নাতক ডিগ্রিধারীদের জন্য প্রযোজ্য।কর্মক্ষেত্র: এসব প্রশিক্ষণ নিলে সরকারি ও বেসরকারি উভয় ধরনের বিমান সংস্থাতেই চাকরির সুযোগ রয়েছে। সেই সঙ্গে বিভিন্ন বিদেশি বিমান সংস্থায়ও ক্যারিয়ার গড়ার সুযোগ আছে।কর্মক্ষেত্রে সম্ভাবনার কথা জানতে চাইলে কলেজ অব এভিয়েশনের পরিচালক জেসমিন মাহমুদ বলেন, ‘আমাদের দেশের প্রেক্ষাপটে এভিয়েশন সেক্টরে দিন দিন চাকরির বাজার প্রসারিত হচ্ছে। এ মুহূর্তে এভিয়েশন সেক্টরে বিপুল দক্ষ লোকের অভাব রয়েছে। যার ফলে ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে জনবল সেভাবে পাওয়া যাচ্ছে না। এ কারণে চাইলেই ক্যারিয়ার গড়ে তোলা যেতে পারে এই খাতে।’