আকাশের দিকে চেয়ে আছে ওয়াসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে তো পানি নেই, তার ওপর যে পানি পাওয়া যাচ্ছে, তাতে কটু গন্ধ। নগরের কয়েকটি এলাকায় গ্রীষ্ম মৌসুম আসার আগেই পানিসংকট শুরু হয়েছে। পানিসংকট ও দুর্গন্ধ কমাতে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) উদ্যোগও অপ্রতুল।পূর্ব রামপুরার ২২ নম্বর বাড়ির বাসিন্দা কামরুজ্জামান মিলন বলেন, ‘সারা দিন বাইরে থেকে ঘরে এসে পানি খাওয়ার সঙ্গে সঙ্গেই মেজাজ খারাপ হয়ে যায়। পানিতে এত দুর্গন্ধ থাকলে খাওয়া যায় নাকি?’ নগরের রামপুরা-মালিবাগ থেকে শুরু করে পুরান ঢাকার শ্যামবাজার, তাঁতীবাজার, জিন্দাবাহার লেনসহ বেশ কিছু এলাকার পানিতে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। পানিতে দুর্গন্ধের কারণ হিসেবে ওয়াসার কর্তারা দায়ী করেছিলেন প্রকৃতিকে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে নাকি পানিতে ময়লা এত বেশি জমেছে যে সেগুলো পরিশোধিত করতে অনেক বেশি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। সে কারণেই নাকি পানিতে দুর্গন্ধ। ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লিয়াকত আলী বললেন, নগরে ওয়াসা যে পরিমাণ পানি সরবরাহ করে, তার ৮৭ শতাংশই ভূগর্ভস্থ পানি, যা ওয়াসার গভীর নলকূপ আর পাম্প দিয়ে তুলে নগরবাসীর জন্য সরবরাহ করা হয়। আর মাত্র ১৩ শতাংশ পানি সংগ্রহ করা হয় বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদী থেকে। নদীর দূষিত পানি থেকে পানি দেওয়ায় কিছু এলাকায় এ ধরনের সমস্যা হচ্ছে বলে তিনি স্বীকার করেন।সায়েদাবাদের প্লান্টের পাশে আরেকটা প্রি-ট্রিটমেন্ট প্লান্ট বসানোর প্রকল্প ইতিমধ্যে অনুমোদিত হয়েছে বলে জানান লিয়াকত আলী। তিনি বলেন, এই প্লান্টের সাহায্যে নদীর দূষিত পানি জৈব পদ্ধতিতে পরিশোধন করা হবে। এর ফলে পানিতে ভাসমান ময়লা, আবর্জনাকে ব্যাকটেরিয়া দিয়ে আগে ধ্বংস করা হবে। তারপর সেই পানি ওয়াটার প্লান্টে বসিয়ে পরিশোধন করা হবে। এক বছরের মাথায় প্রকল্পটির কাজ শেষ হলে পানিতে আর কোনো দুর্গন্ধ থাকবে না। দক্ষিণ যাত্রাবাড়ীর বাসিন্দা জিয়া ইসলাম বলেন, ‘সায়েদাবাদ প্লান্টের এক মাইলের মধ্যেই আমার এলাকা। অথচ এখানেও মাঝেমধ্যে পানি থাকে না।’ তবে যেসব এলাকায় পানির ঘাটতি দেখা দিতে পারে সে রকম বেশ কিছু এলাকায় নতুন গভীর নলকূপ বসাচ্ছে ঢাকা ওয়াসা। প্রায় দুই মাস ধরে এ রকম একটি গভীর নলকূপ বসানো হচ্ছে ফার্মগেট পার্কের মধ্যে। সেখানকার কর্মচারীরা জানান, কিছুদিনের মধ্যেই গভীর নলকূপটি বসানোর কাজ শেষ হয়ে যাবে।এটি ছাড়াও নগরের বেশ কয়েকটি এলাকায় পানির চাহিদা মেটানোর জন্য ঢাকা ওয়াসা এরই মধ্যে বেশ কিছু পানির পাম্প বসিয়েছে। ওয়াসা সূত্রে জানা গেছে, এই অর্থবছরে তারা মোট ৬০টি পাম্পের কাজ করাবেন। এর মধ্যে নতুন করে বসানো হয়েছে কিছু পাম্প। আর বেশির ভাগ পাম্পেই নতুন যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হচ্ছে। এ ছাড়া সামনের গ্রীষ্ম মৌসুমে পানির চাহিদার কথা মাথায় রেখে ওয়াসার ৩১টি পানির গাড়ি ও ৩৩টি ট্রলি প্রস্তুত রয়েছে বলে ওয়াসার একাধিক কর্মী জানান।ঢাকা ওয়াসা সূত্রে জানা যায়, ওয়াসার ৫৩৯টি পানির পাম্পের মধ্যে ২৭৪টিতে জেনারেটর ছিল। এবার নতুন করে আরও ১৫টি জেনারেটর কেনা হয়েছে। এ ছাড়া লোডশেডিংয়ের সময়ও যাতে পানি সরবরাহ স্বাভাবিক থাকে, সে জন্য পাম্পগুলোতে দুটি ফিডার থেকে বৈদ্যুতিক সংযোগ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে ২০টিতে সংযোগ স্থাপন সম্পন্ন হয়েছে। আরও ৫০টিতে সংযোগ দেওয়ার কাজ চলছে।গ্রীষ্ম মৌসুম আসার আগেই ওয়াসার এই প্রস্তুতি নগরবাসীর জন্য কতটুকু সুফল বয়ে আনবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। তবে মোহাম্মদপুরের গৃহিণী সামিনা আনোয়ারের মতে, প্রতিবছরই তো ওয়াসা অনেক কিছুই করে। তার পরও তো পানির সংকট মেটে না। গ্রীষ্ম এলে ঠিকই মানুষকে হাঁড়ি-পাতিল-কলস হাতে রাস্তায় নামতে হয়।