আকাশের নিচে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর বড় গোলা উচ্চবিদ্যালয়, চান্দের পুকুর বালিকা উচ্চবিদ্যালয়, কুর্শা আদর্শ উচ্চবিদ্যালয় ও লক্ষ্মীপুর বিড়াবাড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে খোলা আকাশের নিচে। গত ১৩ এপ্রিল রাতে ঝড়ে বিদ্যালয় চারটির ১৬টি টিনের ঘর সম্পূর্ণ বিধ্বস্ত, ছয়টি আধা পাকা ঘরের টিন উড়ে যাওয়াসহ দেয়ালে ফাটল দেখা দেয়। এরপর থেকে শিক্ষার্থীদের খোলা আকাশের নিচেই কষ্ট করে ক্লাস করতে হচ্ছে।উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে কুর্শা ইউনিয়নের পাটনিপাড়া গ্রামে ১৯৯৫ সালে ঘনিরামপুর বড়গোলা উচ্চবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমান এর শিক্ষার্থী সংখ্যা ৪৩০। শিক্ষক কর্মচারী ১৫ জন। বিদ্যালয়টির চারটি শেণীকক্ষের টিন উড়ে গেছে এবং আরও একটি টিনের ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। অন্য তিনটি কক্ষের দেওয়ালেও ফাটল দেখা দিয়েছে।১৫ এপ্রিল সরেজমিনে দেখা যায়, দুই কক্ষের টিনের ঘরটি দুমড়েমুচড়ে মাটিতে পড়ে আছে। আধা পাকা চারটি কক্ষের টিন উড়ে গেছে। দেওয়ালগুলোয় বড় বড় ফাটল। ছাত্র-ছাত্রীর তুলনায় বেঞ্চ না থাকায় তারা বসে আছে ঠাসাঠাসি করে। দশম শ্রেণীর ছাত্রী ময়না খাতুন বলে, আমাদের স্কুলে না আছে বেঞ্চ, না আছে শ্রেণীকক্ষ। রোদে খোলা আকাশের নিচে ক্লাস করতে খুব কষ্ট হয়।প্রধান শিক্ষক অলিয়ার রহমান বলেন, ‘ঝরে বিধ্বস্ত এই ভবন মেরামত বা পুনরায় নির্মাণ করার সামর্থ্য বিদ্যালয়ের নেই। তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাস চালিয়ে যাচ্ছি। বিষয়টি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করছি।’ একই অবস্থা হাড়িয়ার কুঠি ইউনিয়নে চান্দের পুকুর বালিকা উচ্চবিদ্যালয়েরও। ঝড়ে এর ১০টি কক্ষের মধ্যে ছয়টিই ভেঙে পড়ায় শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করছে।প্রধান শিক্ষক ছাদেক আলী সরকার বলেন, বিদ্যালয়টির এই করুণ অবস্থায় ছেলে-মেয়েদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। অর্থের অভাবে ভেঙে পড়া কক্ষগুলো মেরামত করা যাচ্ছে না। খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের ক্লাস করাটা খুবই খারাপ লাগছে।হাড়িয়ার কুঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেকেন্দার আলী বলেন, ১৯৯৫ সালে স্থাপিত চান্দের পুকুর বালিকা উচ্চবিদ্যালয়টি। প্রতিষ্ঠানটির চার কক্ষের মধ্যে দুইটি টিনের ঘর সম্পূর্ণ দুমড়েমুচড়ে মাটিতে পড়ে গেছে। সেই সঙ্গে ভেঙে পড়েছে দরজা-জানালা।বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমিনুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের নিয়ে খুব কষ্টে আছি। ঘরগুলো সংস্কার করার মত অর্থ আমাদের না থাকায় খোলা আকাশের নিচে ক্লাস নিতে হচ্ছে। ফলে ঝড়-বৃষ্টি এলেই স্কুল ছুটি দিয়ে দিতে হয়।প্রধান শিক্ষক আবদুস সালেক সরকার জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত না হওয়ায় এমনিতেই শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তার ওপড় শ্রেণীকক্ষগুলো ভেঙে পড়ায় তাঁরা হতাশ হয়ে পড়েছেন।১৯৯৫ সালে স্থাপিত কুর্শা আদর্শ উচ্চ বিদ্যালয়টিরও ছয় কক্ষের আধাপাকা টিনের ঘর ধসে পড়েছে। প্রধান শিক্ষক শিশিন চন্দ্র বলেন, ‘দেখেন না ভাই স্কুলটার কী দশা। ঝড়ে ছয়টি কক্ষ ভেঙে গেছে। শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা এসে শিক্ষার্থীদের দুর্দশা দেখে গেছেন। ইউএনও সাহেবের কাছে আবেদনও করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সহায়তা পাওয়ায় যায়নি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, ঝড়ে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আবেদন করতে বলা হয়েছে। দেখা যাক কী করা যায়।