খোলা আকাশের নিচে চলছে পাঠদান। ষষ্ঠ শ্রেণীর দুই শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের আঙিনা ঘেঁষে গাছতলায় বসে নিচ্ছে সেই পাঠ। এটা কোনো আকস্মিক ঘটনা নয়। গোয়াইনঘাটের জাফলং আমীর মিয়া উচ্চবিদ্যালয়ে আসা নতুন শিক্ষার্থীরা প্রথম দিন থেকেই এ রকম অবস্থার সঙ্গে পরিচিত।লেখাপড়ার দিক থেকে উপজেলার মধ্যে বিদ্যালয়টির একটা ভালো শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে খ্যাতি থাকলেও অবকাঠামোগতভাবে এটি বরাবরই বঞ্চিত। তাই ভালো ফলাফলের সুবাদে প্রতি বছরই বাড়ছে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা। কিন্তু সে অনুপাতে বাড়েনি শ্রেণীকক্ষ, আসবাবপত্র, শিক্ষা-উপকরণসহ শিক্ষকের সংখ্যা। এ অবস্থায় বিদ্যালয়ের কর্তৃপক্ষ খোলা আকাশের নিচে পাঠদান করতে বাধ্য হচ্ছে।বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় লোকজনের সঙ্গে আলাপকালে জানা গেছে, ১৯৬৩ সালে স্থাপিত বিদ্যালয়টি ১৯৭২ সালে জুনিয়র বিদ্যালয়ের স্বীকৃতি পায়। ১৯৮৫ সালে এখানকার শিক্ষার্থীরা প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ২৩ জন। এর মধ্যে ছাত্র ৪৪২ ও ছাত্রী ৫৮১ জন। এ বছর ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে ৩৩৫ জন শিক্ষার্থী।সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের মোট চারটি ভবনের মধ্যে একটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, বাকি ভবন তিনটিতে অফিসসহ শ্রেণীকক্ষ। তাই এতে কোনোভাবেই জায়গার সংকুলান হচ্ছে না।ষষ্ঠ শ্রেণীর ছাত্র সাকের আহমদ জানায়, এটা ভালো স্কুল। তাই তার বাবা-মা তাকে এখানে ভর্তি করিয়েছেন। কিন্তু শ্রেণীকক্ষ নেই বলে তাদের মাটিতে বসে লেখাপড়া করতে হচ্ছে। দশম শ্রেণীর ছাত্রী রেশমা আক্তার বলে, ‘এ স্কুলের স্যাররা ভালো। তাই আমরা মাটিতে বসে ক্লাস করলেও মন খারাপ করি না।’অভিভাবক রহিম মিয়া জানান, এত বড় একটা স্কুল। অথচ কেউ সাহায্য করে না। কোথাও থেকে সাহায্য পেলেই বিদ্যালয়টির প্রয়োজনীয় শ্রেণীকক্ষ তৈরি করা যায়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহমেদ আতাউল গণি বলেন, ‘বিদ্যালয়টির সমস্যার কথা জানি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী বলেন, ‘অগ্রাধিকারের ভিত্তিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা অবকাঠামোগত উন্নয়ন করে যাচ্ছি। আমীর আলী উচ্চবিদ্যালয়ও বরাদ্দ পাবে।’