আকিকায় মাংস ও রক্তদান
জোবাইদা আর লাবিবার আকীকা দেওয়া হয়েছে গত ২২ নভেম্বর। আকিকা উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল মাংসদান ও রক্তদান কর্মসূচির। গরিব ও অসহায় মানুষের মধ্যে জবাই করা ছাগলের মাংস বিতরণ, পরিবারের সদস্যরা ও আমন্ত্রিত অতিথিদের নিকট থেকে রক্ত সংগ্রহ করে দেওয়া হয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটকে। ইউনিটের সদস্যরা উপস্থিত থেকে এই রক্ত সংগ্রহ করেন।জোবাইদা করিম (৭) ঝিনাইদহ সদর উপজেলার খেদাপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে, আর মনিরুল ইসলামের মেয়ে লাবিবা ইসলাম (৪)। রেজাউল করিম ও মনিরুল ইসলাম দুই ভাই। রেজাউল কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মনিরুল ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তাঁদের দুই মেয়ের আকিকা দেওয়ার আয়োজন করেন একসঙ্গে। দুই ভাই আগে থেকেই আকিকা অনুষ্ঠানে দুই ধরনের আয়োজনের পরিকল্পনা করেন। রেজাউল করিম জানান, ধর্মীয় আনুষ্ঠানিকতা হিসেবে মাংস বিতরণ করেন গরিব লোকেদের মধ্যে, আর সামাজিক দায়বদ্ধতা থেকে আয়োজন করেন রক্তদান কর্মসূচির। এতে পরিবারের সদস্যরা ও আকিকা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয়। আগে থেকেই অতিথিদের দাওয়াত দেওয়ার সময় রক্ত চাওয়া হয়েছিল। যাঁরা রক্ত দিতে রাজি হয়েছেন, তাঁদের নামের তালিকা করা হয়। এভাবে তাঁরা ৪৮ জন অতিথি দাওয়াত করে তাঁদের কাছ থেকে ৩০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। এ ছাড়া তাঁদের পরিবারের পাঁচজন সদস্য রক্ত দিয়েছেন। রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের সদস্যরা উপস্থিত থেকে এই রক্ত সংগ্রহ করেন। পরে অতিথিদেরও খাবারের ব্যবস্থা করা হয়।আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে নাসরিন নাহার জানান, এ জাতীয় অনুষ্ঠানে রক্ত দিতে পেরে তিনি আনন্দিত। পাড়াগাঁয়ে এই আয়োজন অন্যদের অনুপ্রাণিত করবে। রক্ত দেওয়ার ইচ্ছা নিয়ে তিনি দাওয়াত খেতে এসেছেন। রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের কর্মকর্তা গোপাল বিশ্বাস জানান, এখানে কম রক্ত পাবেন জেনেও এসেছেন।